Author: Jvadmin

  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নগরকান্দায় দুস্থদের মাঝে খাবার বিতরণ

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে নগরকান্দায় দুস্থদের মাঝে খাবার বিতরণ

     

    ফরিদপুর প্রতিনিধি

    বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (৪ জুন) নগরকান্দা পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়াউর রহমানের কর্মময় জীবন, মহান স্বাধীনতা যুদ্ধকালীন অবদান এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।

    পরে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

    এ সময় নগরকান্দা পৌর যুবদলের নেতৃবৃন্দসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • কবরের আযাব ও ফিতনা থেকে বাঁচাবে ছোট্ট যে আমল

    কবরের আযাব ও ফিতনা থেকে বাঁচাবে ছোট্ট যে আমল

    ধর্ম ডেস্ক 

    দুনিয়ার ক্ষণস্থায়ী সফর শেষে প্রত্যেককে মৃত্যুর মধ্যদিয়ে অনন্তকালের আবাসস্থলে প্রবেশ করতে হবে। চিরসত্য মৃত্যুকে ঘিরে তাই জল্পনা-কল্পনার শেষ নেই। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদের পেয়ে বসবেই (পাকরাও করবেই), যদিও তোমরা সুউচ্চ-সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করো। (সুরা নিসা, আয়াত: ৭৮)

    এ ক্ষেত্রে মৃত্যুর পর আখিরাতের প্রথম ধাপই হলো কবর। আর এই কবরেই দুই ফেরেশতা মুনকার ও নাকিরের প্রশ্নের জবাবের ওপর নির্ভর করে মুমিন ও নেককার বান্দারা আযাব থেকে মুক্ত থাকবেন। অন্যদিকে গুনাহের ভাগীদারদের জন্য কবরের আযাব নির্ধারিত হবে।

    আয়েশা (রা.) থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিৎনা এবং কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করতেন এবং তিনি বলতেন, তোমরা নিজ নিজ কবরে আযাবের সম্মুখীন হবে। (সুনান আন নাসায়ী, হাদিস: ২০৬৯)

    এজন্য পরকালে সফল হতে বিভিন্ন সময়ে বর্ণিত হাদিসে যেমন নবীজি (সা.) নানা আদেশ-নিষেধের কথা জানিয়েছেন, তেমনি বাতলে দিয়েছেন উত্তম আমলের মাধ্যমে আখিরাতে সফল হওয়ার রাস্তা। এর মধ্যে একটি হাদিসে ছোট্ট একটি আমলের কথা এসেছে, যেটি আখিরাতের প্রথম ধাপ কবরের আযাবের প্রতিরোধক হিসেবে কাজ করে।

    ইবন আব্বাস (রা.) থেকে বর্ণিত হাদিসটি হলো, একবার এক সাহাবী একটি কবরের ওপর নিজের তাঁবু স্থাপন করেন। তখন তিনি ধারণা করতে পারেননি যে, সেটি একটি কবর। একপর্যায়ে হঠাৎ তিনি অনুভব করেন, কবরে একজন লোক সুরা মূলক তিলাওয়াত করছেন। অবশেষে তিনি তা পাঠ করে শেষ করেন। পরে তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন- ইয়া রাসুলাল্লাহ্ (সা.), আমি এক স্থানে আমার তাঁবু ফেলি। আমার ধারণা ছিল না যে, এটি একটি কবর। পরে হঠাৎ অনুভব করি একজন লোক সুরা মুলক তিলাওয়াত করে খতম করলেন।

    জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি হলো প্রতিরোধক। এটি হলো মুক্তিদায়ক। এ কবরের আযাব থেকে মুক্তি দেয়। এ কবরের আযাব থেকে মুক্তি দেয়। (সুনান আত তিরমিজি, হাদিস: ২৮৯০)

    আবু হুরায়রাহ (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে, ৩০ আয়াত বিশিষ্ট কুরআনের একটি সুরা রয়েছে। যদি কোনো ব্যক্তি এই সুরা পাঠ করে তাহলে সুরাটি তার জন্য সুপারিশ করবে এবং তাকে মাফ করে দেয়া হবে। সুরাটি হলো ‘তাবারাকল্লাযী বিইয়াদিহিল মুলক (সুরা মুলক)। (সুনান আত তিরমিজি, হাদিস: ২৮৯১; সুনান আবু দাউদ, হাদিস: ১৪০০)

  • গুচ্ছের ফল প্রকাশে দীর্ঘসূত্রতা: ইবিতে বৈছাআ’র ২৪ ঘণ্টার আলটিমেটাম 

    গুচ্ছের ফল প্রকাশে দীর্ঘসূত্রতা: ইবিতে বৈছাআ’র ২৪ ঘণ্টার আলটিমেটাম 

     

    ইবি প্রতিনিধি 

    গুচ্ছভুক্ত ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সংক্রান্ত চলমান কার্যক্রম নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাবজেক্ট চয়েজের ফলাফল প্রকাশ করে দ্রুত প্রাথমিক ভর্তি কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলটিমেটাম দিয়েছে সংগঠনটি।

    বৃহস্পতিবার (৪ জুন) সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পংকজ রায় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এমন হেয়ালি ও দায়িত্বহীন আচরণ কোনোভাবেই কাম্য নয়।

    বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৩ মে সাবজেক্ট চয়েজের সময়সীমা শেষ হলেও আজ ৪ জুন পর্যন্ত কর্তৃপক্ষ ফলাফল প্রকাশ করেনি। অথচ আগামী ৮ জুন থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। ফলাফল প্রকাশে এই দীর্ঘসূত্রতা এবং ভর্তি প্রক্রিয়ার অব্যবস্থাপনার কারণে হাজার হাজার শিক্ষার্থী চরম অনিশ্চয়তা ও মানসিক ভোগান্তির শিকার হচ্ছেন।

    এতে আরও বলা হয়, সাবজেক্ট চয়েজের ফলাফল প্রকাশ না হওয়ায় প্রাথমিক ভর্তি সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে চূড়ান্ত ভর্তির জন্য পর্যাপ্ত সময় না পাওয়া, মাইগ্রেশন তালিকা নিয়ে জটিলতা এবং ভর্তি-সংক্রান্ত আর্থিক ও যাতায়াতজনিত সমস্যার মতো নানা চাপ শিক্ষার্থীদের ওপর সৃষ্টি হচ্ছে। কর্তৃপক্ষের এই উদাসীনতা শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে ঠেলে দিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

    এ পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখার পক্ষ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাবজেক্ট চয়েজের ফলাফল প্রকাশ, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে প্রতিটি ধাপের জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করা এবং ফলাফল ও মাইগ্রেশন তালিকাসহ ভর্তি কার্যক্রমের সব ধাপ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার দাবি জানানো হয়।

    নেতৃবৃন্দ বলেন, অনতিবিলম্বে এই জটিলতা নিরসন করে ভর্তি প্রক্রিয়াকে গতিশীল করা না হলে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি ভর্তি প্রক্রিয়া ব্যাহত হওয়ার সকল দায় সংশ্লিষ্ট ভর্তি পরীক্ষা কমিটিকে বহন করতে হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

  • চুয়াডাঙ্গায় পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শশুর গ্রেফতার

    চুয়াডাঙ্গায় পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শশুর গ্রেফতার

    চুয়াডাঙ্গা প্রতিনিধি 

    চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শশুর ওমর আলীকে (৫৯) গ্রেফতার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৪ টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওমর আলী দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের নুহু নবী শেখের ছেলে।

    পুলিশ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, গত ২০ মে সকাল সাড়ে ৬ টার দিকে পুত্রবধূ শিশু সন্তানকে নিয়ে আনার জন্য শশুর ওমর আলী ঘরে যায়। এ সময় ওমর আলী জোরপূর্বক মুখ চেপে ধরে পুত্রবধূকে ধর্ষণ করে। পরিবারের কাছে ধর্ষণের বিচার চেয়ে বিচার না পেয়ে অবশেষে ভুক্তভোগী গৃহবধূ গত ২১ মে তার বাবার বাড়ি রংপুরে চলে যায়। এরপর ২২ মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় ভুক্তভোগী পুত্রবধূ। দীর্ঘ ১৫ দিন পর বুধবার (৩ জুন) দিবাগত রাতে ধর্ষিতা নিজে বাদি হয়ে শশুর ওমর আলীর নাম উল্লেখ করে দামুড়হুদা থানার একটি মামলা দায়ের করে। পুলিশ বৃহস্পতিবার ভোরের দিকে ওমর আলীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।

    দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করেছে।

  • চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, অস্ত্রসহ তরুণ আটক

    চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা, অস্ত্রসহ তরুণ আটক

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশির সময় একটি দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ এক তরুণকে আটক করা হয়েছে।

    বৃহস্পতিবার (৪ জুন) ভোরে উপজেলার ইটাখোলা-আকানগর সড়কে এ ঘটনা ঘটে।

    আটককৃত তরুণ হলেন সিদ্দিকুর রহমান (২২)। তিনি জেলার নবীনগর উপজেলার বরাইল এলাকার আতিকুর রহমানের ছেলে।

    পুলিশ সূত্রে জানা যায়, ইটাখোলা-আকানগর সড়কে পুলিশের নিয়মিত চেকপোস্ট চলাকালে একটি মোটরসাইকেলে তিনজন যুবক আসতে দেখে পুলিশ তাদের থামার সংকেত দেয়। তবে চেকপোস্ট দেখে মোটরসাইকেলটি ঘুরিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে তারা। এসময় পুলিশ ধাওয়া করলে মোটরসাইকেল ফেলে তিনজনই পালানোর চেষ্টা করে। পরে একজনকে আটক করা হলেও অপর দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়।
    আটক সিদ্দিকুর রহমানের দেহ তল্লাশি করে তার কোমর থেকে একটি দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

    বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন জানান, পালিয়ে যাওয়া দুই তরুণের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • মহিলা পরিষদের তথ্যে মে মাসে ৫৯ মেয়েশিশু ধর্ষণের শিকার

    মহিলা পরিষদের তথ্যে মে মাসে ৫৯ মেয়েশিশু ধর্ষণের শিকার

    জেভি২৪ ডেস্ক

    চলতি বছরের মে মাসে ৫৯ মেয়েশিশুসহ ৭২ জন ধর্ষণের শিকার হয়েছেন। পাশাপাশি বিভিন্ন কারণে ১২ মেয়েশিশু ও ৩৪ জন নারীসহ মোট ৪৬ জন হত্যার শিকার হয়েছেন বলে দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

    বৃহস্পতিবার (০৪ জুন) সংস্থাটির কেন্দ্রীয় লিগ্যাল উপপরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ১৫টি জাতীয় পত্রিকায় প্রকাশিত খবরের ভিত্তিতে এ তথ্য সংকলিত করা হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুসারে, মে মাসে নির্যাতনের শিকারদের মধ্যে ১১৪ জন নারী ও ১৪৫ মেয়েশিশু। তাদের মধ্যে ৫৯ মেয়েশিশু ও ১৩ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। ভুক্তভোগীদের মধ্যে ৮ মেয়েশিশুসহ ১৫ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের পরে হত্যার শিকার হয়েছে ৩ মেয়েশিশুসহ ৪ জন। ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে ৩ মেয়েশিশু। এ ছাড়া ২২ মেয়েশিশুসহ ২৬ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

    এতে আরও বলা হয়, ১৭ মেয়েশিশুসহ ২২ জন যৌন সহিংসতার শিকার হয়েছে। এর মধ্যে ১৩ মেয়েশিশুসহ ১৫ জন যৌন নিপীড়নের শিকার এবং ২ মেয়েশিশু উত্ত্যক্তের শিকার হয়েছে। উত্ত্যক্তের শিকার হওয়ার কারণে আত্মহত্যা করেছে ২ মেয়েশিশু। সাইবার সহিংসতার শিকার হয়েছে ৩ জন। বিভিন্ন কারণে ১২ মেয়েশিশু ও ৩৪ জন নারীসহ মোট ৪৬ জন হত্যার শিকার হয়েছেন। ২ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে। ৬ মেয়েশিশু ও ১৬ জন নারীসহ ২২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ১৬ মেয়েশিশুসহ ২৬ জন অপহরণের শিকার হয়েছে।

    এ ছাড়া সংবাদ বিজ্ঞপ্তিতে আত্মহত্যা, অ্যাসিডদগ্ধ, যৌতুকের কারণে নির্যাতন ও হত্যা, পারিবারিক সহিংসতা, গৃহকর্মী নির্যাতন ও শারীরিক নির্যাতনের শিকার নারী ও মেয়েশিশুর খবর প্রকাশ হওয়ার তথ্য তুলে ধরা হয়েছে।

  • কবরস্থানের জমি নিজের নামে রেজিস্ট্রি, দুই গ্রামের মানুষের ক্ষোভ

    কবরস্থানের জমি নিজের নামে রেজিস্ট্রি, দুই গ্রামের মানুষের ক্ষোভ

     

    ফরিদপুর প্রতিনিধি

    ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের পাঁচকাইচাইল গ্রামে দুই গ্রামের মানুষের ব্যবহৃত একটি কবরস্থানের জমি নিয়ে তীব্র বিরোধ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্যবহৃত কবরস্থানের জমি গোপনে নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন সারোয়ার মাতুব্বর নামে এক ব্যক্তি।

    স্থানীয় সূত্রে জানা যায়, মাঝিকান্দা ও পাঁচকাইচাইল গ্রামের মানুষের জন্য প্রায় ২৮ বছর আগে নির্ধারিত এই কবরস্থানটি দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন দুই গ্রামের বাসিন্দারা। কবরস্থানটিতে ইতোমধ্যে প্রায় ২০০ থেকে ২৫০ জন মৃত ব্যক্তির দাফন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তবে সম্প্রতি সারোয়ার মাতুব্বর ওই জমির মালিকানা নিজের নামে নিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

    এলাকাবাসীর অভিযোগ, শুধু জমির মালিকানা দাবি করেই থেমে থাকেননি তিনি। কবরস্থানের একটি অংশে বাথরুম নির্মাণ করা হয়েছে এবং সেখানে নিয়মিত ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

    স্থানীয়রা বলেন, “মৃত মানুষের শেষ আশ্রয়স্থল কবরস্থান। সেই জায়গা নিয়ে এমন বিরোধ এবং দখলের চেষ্টা সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। আমরা এর সুষ্ঠু সমাধান চাই।”

    এলাকাবাসীর দাবি, বিষয়টি নিয়ে একাধিকবার সালিশি বৈঠক অনুষ্ঠিত হলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি।

    অভিযুক্ত সারোয়ার মাতুব্বর বলেন, “আমি জমির প্রকৃত মালিকের কাছ থেকে অনেক আগেই মৌখিকভাবে জমিটি ক্রয় করেছি। তবে প্রায় এক মাস আগে জমিটি রেজিস্ট্রেশন করে নিজের নামে দলিল করেছি। এখন গ্রামবাসী আমার জমি ফেরত চাইছে।”

    তবে কবরস্থান হিসেবে দীর্ঘদিন ব্যবহৃত জমি কেন তিনি এত বছর পর নিজের নামে রেজিস্ট্রেশন করলেন এ বিষয়ে জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

    বুধবার (৪ জুন) কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খান এবং নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদের উদ্যোগে বিষয়টির সমাধান এবং জমি উদ্ধারের চেষ্টা শুরু হয়েছে বলে জানা গেছে।

    কাইচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা খান বলেন, “গ্রামের মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমরা বিষয়টির সমাধানে কাজ করছি। কবরস্থানের জমি উদ্ধার এবং গ্রহণযোগ্য একটি সমাধানে পৌঁছানোর জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।”

    নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ বলেন, “কবরস্থানের জমি নিয়ে বিরোধের কারণে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আমি নিজে পুলিশ টিম নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।”

    এদিকে, ঘটনাটি নিয়ে দুই গ্রামের মানুষের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। দ্রুত ও গ্রহণযোগ্য সমাধানের মাধ্যমে কবরস্থানের জমি সংরক্ষণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

  • অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ জন ডিআইজি

    অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ জন ডিআইজি

    জেভি২৪ ডেস্ক 

    ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা। বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

    পদোন্নতিপ্রাপ্তরা হলেন, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, এনএসআই পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অ্যাডমিন) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র দাখিল করবেন।

  • খোকসায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    খোকসায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

    স্টাফ রিপোর্টার

    কুষ্টিয়ার খোকসা উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    আজ বৃহস্পতিবার (৪ জুন) বিকাল ৫ টায় পৌর বিএনপির কার্যলয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

    উপজেলা, পৌর বিএনপি অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ন-আহবায়ক, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান রাজু।

    দোয়া মাহফিল শেষে প্রীতিভোজের আয়োজন করা হয়।

  • ৩ জেলায় প্রশাসক নিয়োগ

    ৩ জেলায় প্রশাসক নিয়োগ

    জেভি২৪ ডেস্ক 

    সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৪ জুন) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।

    প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, সিরাজগঞ্জে মো. সাইফুল ইসলাম, চুয়াডাঙ্গায় মো. শরীফুজ্জামান এবং সাতক্ষীরা জেলা পরিষদে মো. হাবিবুল ইসলাম হাবিব প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন।

    প্রজ্ঞাপন বলা হয়, নতুন জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত কিংবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উল্লিখিত ব্যক্তিরা সংশ্লিষ্ট পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

    নিয়োগ করা প্রশাসকরা আইন অনুযায়ী, জেলা পরিষদের চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ ছাড়া তারা বিধি অনুযায়ী বেতন–ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।