Author: Jvadmin

  • ট্রেন আসার সময় রেললাইনে দাঁড়িয়ে বৃদ্ধ, বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

    ট্রেন আসার সময় রেললাইনে দাঁড়িয়ে বৃদ্ধ, বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

     

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেললাইনে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধকে ট্রেনের নিচে কাটা পড়ার হাত থেকে বাঁচাতে গিয়ে তোফায়েল আহমেদ (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দ্রুতগামী আন্তঃনগর ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় কসবা রেলওয়ে স্টেশনে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

    নিহত তোফায়েল আহমেদ উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

    স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সেদিনও বিকেলে কসবা রেলস্টেশনে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছিলেন তোফায়েল। সন্ধ্যার দিকে স্টেশনের একপাশে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনটি থামে। এ সময় ওই ট্রেন থেকে নেমে এক বৃদ্ধ অসাবধানতাবশত মাঝখানের রেললাইনের ওপর গিয়ে দাঁড়িয়ে পড়েন।

    ঠিক তখনই একই লাইন দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিরতিহীন ‘সুবর্ণ এক্সপ্রেস’ দ্রুতগতিতে স্টেশন অতিক্রম করছিল। ট্রেনটি একটানা হর্ন দিলেও বৃদ্ধ তা শুনতে পাননি। বিষয়টি দেখতে পেয়ে তোফায়েল দ্রুত রেললাইনে নেমে বৃদ্ধকে ধাক্কা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে দেন।

    বৃদ্ধ প্রাণে বেঁচে গেলেও দ্রুতগতির সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি তোফায়েলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে দূরে গিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও তার সহপাঠীরা দ্রুত উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    স্থানীয়রা জানান, তোফায়েল অত্যন্ত মানবিক ও পরোপকারী স্বভাবের ছিলেন। এমনকি ঘটনার দিন সকালেও তিনি এক যাত্রীকে সম্ভাব্য ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা করেছিলেন।

    কসবা রেলওয়ে স্টেশন মাস্টার মো. হানিফ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সুবর্ণ এক্সপ্রেস স্টেশন অতিক্রম করার সময় এক বৃদ্ধকে বাঁচাতে গিয়ে তোফায়েল আহমেদ নামে এক যুবক ট্রেনের ধাক্কায় নিহত হন। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক।”

    আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। নিহতের পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

    একজন অসহায় বৃদ্ধকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করা তোফায়েলের এই আত্মত্যাগ স্থানীয়দের মাঝে গভীর শোকের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্মরণ করছেন অনেকে।

  • মাদক ব্যবসার অভিযোগে নবীনগরে সালিশে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    মাদক ব্যবসার অভিযোগে নবীনগরে সালিশে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    জেভি২৪ ডেস্ক 

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে এক ব্যক্তিকে সালিশ বৈঠকে প্রকাশ্যে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই বাজারে এ ঘটনা ঘটে।

    ঘটনার একটি ভিডিও জার্নাল ভিশন24 সহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

    নির্যাতনের শিকার ব্যক্তি হলেন নারুই গ্রামের বাসিন্দা হবি মিয়া (৪০)। তিনি মৃত রহমত মিয়ার ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদক ব্যবসা দমনের লক্ষ্যে স্থানীয়ভাবে গঠিত একটি মাদকবিরোধী কমিটির উদ্যোগে নারুই বাজারে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে মাদক ব্যবসার অভিযোগ তুলে হবি মিয়াকে উপস্থিত করা হয়। পরে তার মা ও স্ত্রীর সামনেই তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হবি মিয়ার হাত-পা বেঁধে রাখা হয়েছে। স্থানীয় কয়েকজন প্রভাবশালীর নির্দেশে এক ব্যক্তি লাঠি দিয়ে তার পায়ের তালুতে বারবার আঘাত করছেন। এ সময় তিনি যন্ত্রণায় চিৎকার করলেও নির্যাতন অব্যাহত থাকে।

    ভিডিওতে আরও দেখা যায়, ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। কেউ দাঁড়িয়ে, কেউ চেয়ারে বসে নির্যাতনের দৃশ্য দেখছিলেন। অনেককে আবার মোবাইল ফোনে পুরো ঘটনাটি ধারণ করতেও দেখা যায়।

    এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখার পরপরই ঘটনাস্থলে একজন উপপরিদর্শক (এসআই) পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ফিরে আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

  • এবার কন্যাসন্তানের বাবা হলেন শাকিব খান

    এবার কন্যাসন্তানের বাবা হলেন শাকিব খান

    বিনোদন ডেস্ক 

    চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান এবার এক কন্যাসন্তানের পিতা হয়েছেন। অভিনেত্রী শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তার মাধ্যমে তাদের পরিবারে নতুন অতিথির আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন। মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নবজাতকের আগমনের এই শুভ সংবাদটি জানিয়ে তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।

    শুক্রবার বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে উল্লেখ করেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

    সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত ও শুভানুধ্যায়ীদের অভিনন্দনে ভাসছেন এই তারকা দম্পতি। অনেকেই নবজাতকের সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে শুভকামনা জানিয়েছেন।

  • ‘শুধু সরকারি উদ্যোগ নয়, ডেঙ্গু রোধে প্রয়োজন জনসচেতনতা’

    ‘শুধু সরকারি উদ্যোগ নয়, ডেঙ্গু রোধে প্রয়োজন জনসচেতনতা’

    জেভি২৪ ডেস্ক 

    শুধু সরকারি উদ্যোগ নয়, ডেঙ্গু প্রতিরোধে নাগরিক অংশগ্রহণ এবং জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম।

    শুক্রবার (৫ জুন) সকালে ওয়ারীর সিলভারডেল প্রিপারেটরি অ্যান্ড গার্লস হাইস্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

    তিনি বলেছেন, শুধু সরকারি উদ্যোগ নয়, ডেঙ্গু প্রতিরোধে নাগরিক অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব কিংবা যেকোনো পাত্রে জমে থাকা পানি নিয়মিত ফেলে দিলে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব।

    তিনি আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জরিপে নগরীর ৬০ থেকে ৮০ শতাংশ বাসাবাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে। তাই বাসাবাড়িতে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা এবং চারপাশ পরিচ্ছন্ন রাখার বিকল্প নেই। ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানান তিনি।

    এ সময় নগরীর বিভিন্ন স্কুল ও কলেজে খেলার মাঠসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি হকারদের পুনর্বাসনের মাধ্যমে নির্ধারিত স্থানে বসার ব্যবস্থা করা হবে বলেও জানান আব্দুস সালাম।

    তিনি বলেন, ভবিষ্যতে সুযোগ পেলে নগর ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মানোন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নেয়া হবে।

  • নাইক্ষ্যংছড়ি সীমান্তে কোটি টাকার ইয়াবা উদ্ধার

    নাইক্ষ্যংছড়ি সীমান্তে কোটি টাকার ইয়াবা উদ্ধার

    এস.এম. হুমায়ুন কবির, কক্সবাজার

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী পোয়াবন এলাকা থেকে মালিকবিহীন ১ লাখ ৮৪১ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    শুক্রবার (৫ জুন) সকালে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৪৬/৪-এস এর কাছাকাছি পোয়াবন এলাকায় অভিযান পরিচালনা করে।

    বিজিবি সূত্র জানায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ ফেলে পাহাড়ি জঙ্গলের ভেতর পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ব্যাগ দুটি তল্লাশি করে ৯৯ হাজার ৭৮০ পিস খয়েরি রঙের এবং ১ হাজার ৬১ পিস সবুজ রঙেরসহ মোট ১ লাখ ৮৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২ লাখ ৫২ হাজার ৩০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

    নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফয়জুল কবির জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

    তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

  • ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত-৩

    ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ নিহত-৩

     

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়ায় মাছভর্তি একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন এক মা ও তার শিশুপুত্র। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

    শুক্রবার (৫ জুন) সকালে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিয়াল্লিশহর এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, অটোরিকশা চালক মাহবুব (৪৫), যাত্রী জোসনা বেগম (৪০) এবং তার পাঁচ বছর বয়সী ছেলে আশরাফুল। গুরুতর আহত হয়েছেন জোসনা বেগমের স্বামী কাউসার (৫০) ও তাদের চার বছর বয়সী মেয়ে আদিবা। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কসবা উপজেলা থেকে স্ত্রী-সন্তানদের নিয়ে সিএনজি অটোরিকশাযোগে সরাইল-বিশ্বরোডের দিকে যাচ্ছিলেন কাউসার। পথে বিয়াল্লিশহর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি মাছভর্তি পিকআপ ভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর আরোহীরা গুরুতর আহত হন।

    পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুব, জোসনা বেগম ও আশরাফুলকে মৃত ঘোষণা করেন।

    খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক পিকআপ ভ্যানের চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • জুমার দিনে যে ৬ আমল করবেন

    জুমার দিনে যে ৬ আমল করবেন

    জেভি২৪ ডেস্ক 

    জুমার দিন ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দিন। এ দিনকে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন বলা হয়। কুরআন ও হাদিসে জুমার দিনের বিশেষ গুরুত্ব ও ফজিলতের কথা বারবার উল্লেখ করা হয়েছে। এ দিনে কিছু বিশেষ আমল রয়েছে, যেগুলো পালন করলে আল্লাহ তাআলার রহমত, বরকত ও ক্ষমা লাভ করা যায়।

    জুমার দিনের ফজিলত

    হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা পূর্ববর্তী উম্মতদের কাছ থেকে জুমার দিনের মর্যাদা গোপন রেখেছিলেন এবং উম্মতে মুহাম্মদির জন্য এ দিনকে বিশেষ সম্মান ও মর্যাদা দান করেছেন (মুসলিম, হাদিস: ৮৫৬)।

    এছাড়া জুমার দিনেই

    হজরত আদম (আ.) কে সৃষ্টি করা হয়েছে।
    তাঁকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছে।
    তাঁর ইন্তেকাল সংঘটিত হয়েছে।
    এমন একটি সময় রয়েছে যখন দোয়া কবুল করা হয়।
    কিয়ামতও সংঘটিত হবে।
    (ইবনে মাজাহ, হাদিস: ৮৯৫)

    জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল

    ১. জুমার নামাজ আদায়

    জুমার নামাজ আদায় করা এ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পাঁচ ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে পরবর্তী জুমা এবং এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করে দেয়, যদি ব্যক্তি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে।’ (মুসলিম, হাদিস: ২৩৩)

    ২. গোসল ও পরিচ্ছন্নতা

    জুমার দিন গোসল করা, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, উত্তম পোশাক পরিধান করা এবং সুগন্ধি ব্যবহার করা সুন্নত।
    হজরত সালমান ফারসি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন গোসল করল, যথাসম্ভব পবিত্রতা অর্জন করল, সুগন্ধি ব্যবহার করল, তারপর মসজিদে গিয়ে দুজন মুসল্লির মাঝে ফাঁক করে সামনে অগ্রসর হলো না, নির্ধারিত নামাজ আদায় করল এবং ইমাম খুতবা শুরু করলে নীরব থাকল, আল্লাহ তার এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত গুনাহ মাফ করে দেন।’ (বুখারি, হাদিস: ৮৮৩)

    ৩. আগে আগে মসজিদে যাওয়া

    জুমার জন্য যত আগে মসজিদে যাওয়া যায়, তত বেশি সওয়াব লাভ হয়।

    রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি প্রথমে মসজিদে গেল, সে যেন একটি উট কোরবানি করল। এরপর যে গেল, সে যেন একটি গরু কোরবানি করল। এরপর যে গেল, সে যেন একটি ছাগল কোরবানি করল।’ (বুখারি, হাদিস: ৮৪১)

    অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি উত্তমরূপে গোসল করে দ্রুত মসজিদে যায়, খুতবা মনোযোগ দিয়ে শোনে এবং ইমামের নিকটবর্তী স্থানে বসে, তার প্রতি পদক্ষেপের বিনিময়ে এক বছর নফল রোজা ও নামাজের সওয়াব লেখা হয় (আবু দাউদ)।

    ৪. খুতবা মনোযোগ দিয়ে শোনা

    ইমাম খুতবা শুরু করলে সম্পূর্ণ নীরবতা বজায় রাখা এবং মনোযোগ দিয়ে খুতবা শোনা জরুরি। এটি জুমার পূর্ণ সওয়াব লাভের অন্যতম শর্ত।

    ৫. সুরা কাহাফ তিলাওয়াত

    জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো সুরা কাহাফ পাঠ করা।

    রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ তিলাওয়াত করবে, তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময় আলোকিত হয়ে থাকবে।’ (আল-মুস্তাদরাক, ২/৩৯৯; তারগিব, ১৪৭৩) এছাড়া সুরা কাহাফের শেষ দশ আয়াত দাজ্জালের ফিতনা থেকে সুরক্ষার মাধ্যম হিসেবেও বর্ণিত হয়েছে।

    ৬. বেশি বেশি দরুদ ও দোয়া করা

    জুমার দিনে রাসুলুল্লাহ (সা.)-এর ওপর অধিক পরিমাণে দরুদ পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল।

    রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। তাই এ দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো। কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়।’ (আবু দাউদ, হাদিস: ১০৪৭)

    দোয়া কবুলের বিশেষ সময়

    জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কল্যাণকর কিছু চাইলে তা কবুল করা হয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা সেই সময়টি আসরের পর অনুসন্ধান করো।’ (আবু দাউদ, হাদিস: ১০৪৮) তাই আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময় দোয়া, জিকির ও ইস্তিগফারে কাটানো উত্তম।

    জুমার দিনের আরও কিছু সুন্নত আমল

    নখ কাটা।
    শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা।
    মিসওয়াক করা।
    উত্তম পোশাক পরিধান করা।
    সুগন্ধি ব্যবহার করা।
    মসজিদে গিয়ে নফল নামাজ আদায় করা।
    অন্য মুসল্লিদের কষ্ট না দেওয়া।
    খুতবার সময় সম্পূর্ণ নীরব থাকা।

    হাদিসে এসেছে, এসব আমল যথাযথভাবে পালন করলে এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত সংঘটিত সগিরা গুনাহের কাফফারা হয়ে যায় (আবু দাউদ, হাদিস: ৩৪৩)।

  • আজ বিশ্ব পরিবেশ দিবস

    আজ বিশ্ব পরিবেশ দিবস

    জেভি২৪ ডেস্ক 

    বিশ্ব পরিবেশ দিবস আজ (৫ জুন)। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বাড়ানো ও কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ পালিত হচ্ছে।

    এ বছরের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’।

    বিশ্বের ১৫০টিরও বেশি দেশে বর্তমানে দিবসটি উদযাপিত হয়, যা পরিবেশ বিষয়ে জাতিসংঘের সবচেয়ে বড় বৈশ্বিক সচেতনতামূলক কর্মসূচি হিসেবে সর্বজনস্বীকৃত।

    ১৯৭২ সালের ৫ থেকে ১৬ জুন পর্যন্ত সুইডেনের স্টকহোমে জাতিসংঘের মানবিক পরিবেশ সম্মেলন (ইউনাইটেড নেশনস কনফারেন্স অন দ্য হিউম্যান এনভায়রনমেন্ট) এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এর ধারাবাহিকতায় জাতিসংঘ ৫ জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করে এবং ১৯৭৩ সাল থেকে দিনটি আনুষ্ঠানিকভাবে পালিত হয়ে আসছে।

    দিবসটি উপলক্ষে বাংলাদেশ সরকার এবং বিভিন্ন পরিবেশ ও উন্নয়নমূলক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

    বিশ্ব পরিবেশ দিবস হলো পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা সৃষ্টি ও কার্যক্রম জোরদারের জন্য জাতিসংঘের অন্যতম প্রধান উদ্যোগ। বছরের পর বছর ধরে এটি জনসচেতনতা বৃদ্ধির অন্যতম বৃহৎ বৈশ্বিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা বিশ্বের ১০০টিরও বেশি দেশে কোটি কোটি মানুষের অংশগ্রহণে পালিত হয়ে আসছে।

    বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

  • বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগে প্রশাসনের নজরদারি

    বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগে প্রশাসনের নজরদারি

     

    ফরিদপুর প্রতিনিধি

    ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পূর্ব ফুলবাড়ীয়া দোহা বাঁওড়ে গ্যাস ট্যাবলেট ও বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে মাছ নিধনের অভিযোগে প্রশাসন সক্রিয় হয়েছে। অভিযোগের বিষয়টি সামনে আসার পর গত ৩ জুন বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন এবং উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা।

    পরিদর্শনের সময় ইউএনও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে বাঁওড়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। এ সময় তিনি পরিবেশ ও জলজ সম্পদ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

    ইউএনও দবির উদ্দিন বলেন, “পূর্ব ফুলবাড়ীয়া দোহা বাঁওড় প্রায় ১২১ একর আয়তনের একটি গুরুত্বপূর্ণ জলমহল। বর্তমান সরকারের নীতি অনুযায়ী এসব জলমহল মৎস্যজীবী সমিতির সদস্যদের ইজারা দেওয়া হয়। গ্যাস ট্যাবলেট কিংবা যেকোনো ধরনের বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে মাছ শিকার সম্পূর্ণ বেআইনি। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

    তিনি আরও বলেন, “ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হলে ইজারা বাতিলসহ মোবাইল কোর্টের মাধ্যমে জেল-জরিমানার আওতায় আনা হবে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসন কোনো ধরনের ছাড় দেবে না।”

    উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির কার্যক্রমও পরিচালনা করা হবে।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র রাতের আঁধারে বাঁওড়ে গ্যাস ট্যাবলেট ও বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে মাছ শিকার করছে। এতে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে এবং বাঁওড়ের পানি ব্যবহার অনুপযোগী হয়ে উঠছে।

    এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ইউএনও বাঁওড়ের পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পেলে দ্রুত প্রশাসনকে অবহিত করার অনুরোধ করেন।

    প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাঁওড়ের পরিবেশ ও জলজ সম্পদ রক্ষা পাবে এবং দোষীরা আইনের আওতায় আসবে।

  • নাসিরনগরের কিপাতনগরে স্কুল কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত-২৫

    নাসিরনগরের কিপাতনগরে স্কুল কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত-২৫

     

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের কিপাতনগর গ্রামে একটি স্কুলের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত এক মহিলাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, কিপাতনগর গ্রামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে এ বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

    এ ঘটনায় নারী-পুরুষসহ প্রায় ২৫ জন আহত হন। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

    নাসিরনগর থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

    এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।