Author: Jvadmin

  • অর্থনীতি ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত ২০২৬-২৭ বাজেট সরকারের বড় সুযোগ: সিপিডি

    অর্থনীতি ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত ২০২৬-২৭ বাজেট সরকারের বড় সুযোগ: সিপিডি

    জেভি২৪ ডেস্ক 

    ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে নতুন সরকারের জন্য অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রথম বড় সুযোগ হিসেবে দেখছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি মনে করে, টেকসই কাঠামোগত সংস্কারের মাধ্যমে এই বাজেট বাস্তবায়ন করা গেলে সংকটে থাকা অর্থনীতি পুনরায় ঘুরে দাঁড়াতে পারবে।

    শুক্রবার (১২ জুন) রাজধানীর লেকশোর হোটেলে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭: সিপিডির পর্যালোচনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।

    সংবাদ সম্মেলনে ফাহমিদা খাতুন বলেন, “নতুন সরকারের এই প্রথম বাজেটটি এমন এক সময় পেশ করা হয়েছে, যখন দেশ উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল বিনিয়োগ, কর্মসংস্থানহীনতা এবং ব্যাংকিং খাতের নাজুক অবস্থার মতো বহুমাত্রিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। এই ক্রিটিক্যাল সময়ে বাজেটকে মানবিক ও অন্তর্ভুক্তিমূলক করার যে দর্শন নেওয়া হয়েছে, তা ইতিবাচক।”

    সিপিডির মতে, প্রস্তাবিত বাজেটের লক্ষ্যগুলোর সঙ্গে বিএনপির নির্বাচনী ইশতেহারের অনেক মিল রয়েছে। বিশেষ করে বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়গুলো ইশতেহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে বাজেটের সাফল্য এর বিশাল আকারের ওপর নয়, বরং বাস্তবায়নের দক্ষতার ওপর নির্ভর করবে বলে সতর্ক করেছে সংস্থাটি।

    ফাহমিদা খাতুন আরও উল্লেখ করেন, বাজেটের লক্ষ্য অর্জনে শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। উচ্চাভিলাষী লক্ষ্য থাকলেও যদি বাস্তবায়ন দুর্বল হয়, তবে সাধারণ মানুষ এর সুফল পাবে না।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার যে বাজেট উপস্থাপন করেছেন, তাতে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার বিশাল ঘাটতি রয়েছে। এই ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থা ও বৈদেশিক ঋণের ওপর সরকারের নির্ভরশীলতা বাড়তে পারে, যা অর্থনীতির জন্য বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।

    সিপিডির পর্যালোচনায় আরও উঠে আসে যে, আগামী অর্থবছরের জন্য মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা এবং প্রবৃদ্ধি ৬.৫ শতাংশে উন্নীত করার যে লক্ষ্য ধরা হয়েছে, তা অর্জন করা বর্তমান প্রেক্ষাপটে বেশ চ্যালেঞ্জিং হবে। তবে সরকার যদি কাঠামোগত সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করতে পারে, তবে তা দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে।

    সংবাদ সম্মেলনে সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও জ্যেষ্ঠ গবেষণা সহকারী তামিম আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ভারতের নতুন হাইকমিশনার ঢাকায় পৌঁছেছেন

    ভারতের নতুন হাইকমিশনার ঢাকায় পৌঁছেছেন

    জেভি২৪ ডেস্ক 

    ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশে পৌঁছেছেন।

    শুক্রবার (১২ জুন) সকালে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেন তিনি।

    স্ত্রী মৃণাল ত্রিবেদীকে সঙ্গে নিয়ে ঢাকায় আসার কথা রয়েছে তার।

    দীনেশ ত্রিবেদী বিদায়ি হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন। প্রণয় ভার্মা এরই মধ্যে ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন।

    গত এপ্রিলে ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে (৭৫) বাংলাদেশে দেশটির নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

    গত ৫৫ বছরে দুই দেশের সম্পর্কের ইতিহাসে এই প্রথম কোনো রাজনীতিবিদকে ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠাচ্ছে দিল্লি।

    দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং বাংলা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে গভীর ধারণার কারণে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে পাঠিয়েছে ভারত সরকার।

  • সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে রদবদল

    সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে রদবদল

    জেভি২৪ ডেস্ক 

    সরকারি আবাসন পরিদপ্তর, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর, রাজশাহী ওয়াসা ও ঢাকা ওয়াসাসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে পরিবর্তন এনেছে সরকার।

    এ বিষয়ে বৃহস্পতিবার (১১ জুন) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন জারি করে।

    একই সঙ্গে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দীনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে। তিনি ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি দুই বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন।

    অবসরে যাওয়ার সুবিধার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ফারুক আহম্মেদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

    ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুল হককে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

    অন্যদিকে বাংলাদেশ পাটকল করপোরেশনের পরিচালক (যুগ্ম সচিব) এরশাদ হোসেন খানকে ঢাকা ওয়াসার নতুন উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য তার চাকরি স্থানীয় সরকার বিভাগের ন্যস্ত করা হয়েছে।

    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জহিরুল ইসলাম খানকে সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার চাকরিও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।

    এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ডি এম আতিকুর রহমানকে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) করা হয়েছে। এ জন্য তার চাকরি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।

    এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব ডি এম আতিকুর রহমানকে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) করা হয়েছে। এ জন্য তার চাকরি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ন্যস্ত করা হয়েছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৭ জুনের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে, অন্যথায় তিনি সেদিন থেকেই তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

    রাজশাহী কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক শাহানা আখতার জাহানকে রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

    তার চাকরি স্থানীয় সরকার বিভাগের ন্যস্ত করা হয়েছে। তাকেও ১৭ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় তিনি তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

    অন্যদিকে, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (যুগ্ম সচিব) এস এম তুহিনুর আলমকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

    তাকে আগামী ১৬ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে তিনিও স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য হবেন।

  • এনসিপির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটিতে জায়গা পেলেন ৬ নেতা

    এনসিপির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটিতে জায়গা পেলেন ৬ নেতা

    জেভি২৪ ডেস্ক 

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদে (পলিটিকাল কাউন্সিল-পিসি) নতুন করে যুক্ত হলেন ছয়জন নেতা। এনিয়ে এই কমিটির সদস্য সংখ্যা ১৮ জনে গিয়ে ঠেকল। পিসি কমিটিকে দলটির কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

    নতুন পিসি সদস্য হয়েছেন যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন সিএফ, যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত এবং যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

    বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে উক্ত ছয় কেন্দ্রীয় সদস্য রাজনৈতিক পর্ষদে যুক্ত হলেন।

    সম্প্রতি দুই সংসদ সদস্য যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ ও যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে পিসিতে অন্তর্ভুক্ত করা হয়। তাদের আগে যে ১০ জন পিসি সদস্য ছিলেন তারা হলেন আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরান্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণান্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

  • ৩ লাল কার্ডের উত্তেজনাকর ম্যাচে জয় দিয়ে মেক্সিকোর বিশ্বকাপ শুরু

    ৩ লাল কার্ডের উত্তেজনাকর ম্যাচে জয় দিয়ে মেক্সিকোর বিশ্বকাপ শুরু

    স্পোর্টস ডেস্ক 

    ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে স্বাগতিক মেক্সিকো। নিজেদের ফুটবল ইতিহাসে এই প্রথম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ জিতে অভিযান শুরু করল দলটি। তবে এই ঐতিহাসিক জয় ও গোলের পাশাপাশি পুরো ম্যাচে ছড়িয়েছিল তুমুল উত্তেজনা; যেখানে দুই দলের খেলোয়াড়দের আচরণের কারণে রেফারিকে মোট তিনটি লাল কার্ড ব্যবহার করতে হয়েছে।

    ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেক্সিকো প্রথমার্ধেই বেশ কয়েকটি গোল করার মতো সুযোগ তৈরি করে। খেলার তৃতীয় মিনিটে রাউল হিমিনেজের একটি জোরালো শট দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রোনেন উইলিয়ামস ঠেকিয়ে দেন। তবে গোল পেতে মেক্সিকোকে বেশি সময় অপেক্ষা করতে হয়নি; ৯ম মিনিটে হুলিয়ান কিনিয়োনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। ১৯তম মিনিটে কিনিয়োনেস এবং প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্রায়ান গুটিয়েরেজ ব্যবধান দ্বিগুণ করার সুযোগ মিস করলে ১-০ গোলের ব্যবধানে প্রথমার্ধ শেষ হয়।

    দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের দৃশ্যপটে নাটকীয় বদল আসে এবং ৫০তম মিনিটে পেনাল্টি বক্সের মাথায় ফাউল করে আসরের প্রথম লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। দশ জনের প্রতিপক্ষের বিপক্ষে খেলতে থাকা মেক্সিকো ৬৬তম মিনিটে মাঠে নামায় গিলবার্তো মোরাকে, যিনি মেক্সিকোর বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ড গড়েন। এর ঠিক এক মিনিট পরেই অর্থাৎ ৬৭তম মিনিটে রাউল হিমিনেজ গোল করে ব্যবধান ২-০ করেন।

    ম্যাচের শেষ দিকে খেলোয়াড়দের মধ্যে ফাউল করার প্রবণতা ও উত্তেজনা আরও বৃদ্ধি পায়। ৮৪তম মিনিটে মেক্সিকোর খেলোয়াড়কে আক্রমণ করতে গিয়ে ফাউল করে দক্ষিণ আফ্রিকার আরেক মিডফিল্ডার থেম্বা জেওয়ানে সরাসরি লাল কার্ড দেখেন। তবে মেক্সিকোও সম্পূর্ণ ম্যাচটি ১১ জন নিয়ে শেষ করতে পারেনি; ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ে ফাউল করে মেক্সিকোর ডিফেন্ডার সেজার মন্তেস লাল কার্ড দেখলে শেষ পর্যন্ত তিন লাল কার্ডের নাটকীয় এই ম্যাচের সমাপ্তি ঘটে।
  • অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

    অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

    স্পোর্টস ডেস্ক 

    মিরপুরে লেখা হলো বাংলাদেশের ক্রিকেটের আরেকটি স্মরণীয় অধ্যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে পাওয়া ১৯২ রানের লক্ষ্য পেরিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। এই জয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ।

    প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয় মানেই সিরিজ নিশ্চিত। সেই সুযোগ হাতছাড়া করেনি মেহেদী হাসান মিরাজের দল। বৃষ্টি, ভেজা আউটফিল্ড, ডিএলএসের নতুন লক্ষ্য, মাঝপথে উইকেট হারানোর চাপ সব সামলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ।

    মিরপুরে অস্ট্রেলিয়ার ইনিংস শুরু হয়েছিল ধ্বংসস্তূপ দিয়ে। স্কোরবোর্ডে কোনো রান ওঠার আগেই ৩ উইকেট নেই। সেই জায়গা থেকে মার্নাস লাবুশেন ও জেভিয়ার বার্টলেট অস্ট্রেলিয়াকে লড়াইয়ের পুঁজি এনে দিলেও শেষ হাসি বাংলাদেশেরই। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে নির্ধারিত ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে যায় ৩৫ ওভারেই। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

    এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের জন্য এটি বড় এক অর্জন। ঘরের মাঠে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বোলিং, ব্যাটিং ও ম্যাচ শেষ করার দক্ষতা তিন জায়গাতেই নিজেদের সামর্থ্য দেখিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

    টস জিতে আগে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। প্রথম ওভারেই ম্যাথু শর্টকে বোল্ড করেন তাসকিন আহমেদ। পরের ওভারে মোস্তাফিজুর রহমান ফেরান কুপার কনোলিকে। একই ওভারে ম্যাট রেনশকেও আউট করেন বাঁহাতি পেসার। কোনো রান তোলার আগেই ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

    ৭.৩ ওভারে অ্যালেক্স ক্যারিও ফেরেন মোস্তাফিজের বলে। তখন অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ২৫। শুরুতেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায় বাংলাদেশের হাতে। পরে অধিনায়ক জশ ইংলিস কিছুটা প্রতিরোধ গড়েন। ৩৮ বলে ৪ চার ও ১ ছক্কায় করেন ৩৪ রান। তাঁকে ফিরিয়ে দেন তানভীর ইসলাম।

    এরপর ক্যামেরন গ্রিনকে নিয়ে ইনিংস গুছানোর চেষ্টা করেন লাবুশেন। গ্রিন ৫০ বলে ২৫ করে তানভীরের বলে ফিরলেও অস্ট্রেলিয়ার আসল লড়াই শুরু হয় সপ্তম উইকেটে। লাবুশেনের সঙ্গে জুটি বাঁধেন বার্টলেট। দুজন মিলে ১০০ রানের জুটি গড়ে অস্ট্রেলিয়াকে বিপর্যয় থেকে টেনে তোলেন।

    লাবুশেন ৮৫ বলে ৩ চারে অপরাজিত থাকেন ৫৫ রানে। বার্টলেট খেলেন পাল্টা আক্রমণের ইনিংস। ৪৮ বলে ৪ চার ও ২ ছক্কায় করেন ৫২ রান। শেষ দিকে তাসকিন বার্টলেট ও অ্যাডাম জাম্পাকে পরপর দুই বলে ফিরিয়ে অস্ট্রেলিয়ার রান আটকে দেন। বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার ইনিংস থামে ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রানে।

    বাংলাদেশের হয়ে মোস্তাফিজুর রহমান ৭ ওভারে ২ মেডেনসহ ২৭ রানে নেন ৩ উইকেট। তাসকিন আহমেদ ৮ ওভারে ৩৩ রানে নেন ৩ উইকেট। তানভীর ইসলাম নেন ২ উইকেট।

    বৃষ্টি বিরতির পর বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২। রান তাড়ায় শুরুটা বাংলাদেশেরও ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় বলেই তানজিদ হাসান ফিরে যান কোনো রান না করে। তবে এরপর সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় উইকেটে ৮৬ রানের ভিত গড়ে দেন।

    সৌম্য ৪৭ বলে ৫ চার ও ২ ছক্কায় করেন ৪২ রান। শান্তর ব্যাট থেকেও আসে ৫৩ বলে ৪২ রান। দুজনের জুটিতে চাপ কমে যায় বাংলাদেশের। তবে ৮৬ থেকে ১২২ রানের মধ্যে সৌম্য, শান্ত ও লিটন দাস ফিরে গেলে ম্যাচে কিছুটা উত্তেজনা ফেরে। লিটন ১৮ বলে ২১ রান করেন।

    মোসাদ্দেক হোসেন ১৪ বলে ১৫ রানের ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলেন। তবে শেষ কাজটা করেন তাওহিদ হৃদয় ও অধিনায়ক মিরাজ। হৃদয় এক প্রান্ত ধরে রাখেন, মিরাজ অন্য প্রান্তে দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচ শেষ করে আসেন। ষষ্ঠ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ৫১ রানের জুটিতে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

    হৃদয় ৫৫ বলে ৪০ রানে অপরাজিত থাকেন। মিরাজ ২২ বলে ২২ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের ইনিংস শেষ হয় ৩৫ ওভারে ৫ উইকেটে ১৯৫ রানে। অস্ট্রেলিয়ার হয়ে বার্টলেট, ম্যাট রেনশ, রাইলি মেরেডিথ, অ্যাডাম জাম্পা ও ক্যামেরন গ্রিন একটি করে উইকেট নেন।

    ম্যাচসেরা হন মোস্তাফিজুর রহমান। নতুন বলে তাঁর দুই ওভারই অস্ট্রেলিয়াকে ম্যাচের শুরুতে ছিটকে দেয়। তাসকিনের সঙ্গে তাঁর পেস আক্রমণই তৈরি করে দেয় বাংলাদেশের জয়ের ভিত্তি। ব্যাট হাতে সেই কাজ শেষ করেন সৌম্য, শান্ত, হৃদয় ও মিরাজ।

  • বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখবেন যেভাবে

    বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখবেন যেভাবে

    জেভি২৪ ডেস্ক 

    দীর্ঘ অপেক্ষার পর আজ পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। ২০২৬ বিশ্বকাপের প্রথম উদ্বোধনী অনুষ্ঠান হবে মেক্সিকো সিটিতে, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগে। বাংলাদেশি দর্শকদের জন্য ম্যাচটি যেমন রাতজাগা আয়োজন, তেমনি উদ্বোধনী অনুষ্ঠানও দেখা যাবে রাতেই।

    মেক্সিকো সিটি স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে। এরপর রাত ১টায় শুরু হবে বিশ্বকাপের প্রথম ম্যাচ, যেখানে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

    বাংলাদেশ থেকে টেলিভিশনে বিশ্বকাপের ম্যাচ দেখা যাবে সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে। যারা মোবাইল, ল্যাপটপ বা স্মার্ট টিভিতে দেখতে চান, তাদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে থাকছে টফি ও বায়োস্কোপ।

    অর্থাৎ টিভি দর্শকরা নির্ধারিত চ্যানেলে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ দেখতে পারবেন। আর মোবাইল বা ল্যাপটপে দেখতে চাইলে টফি বা বায়োস্কোপ অ্যাপ অথবা ওয়েবসাইট ব্যবহার করতে হবে। স্মার্ট টিভিতে অ্যাপ সাপোর্ট থাকলে সেখান থেকেও দেখা যেতে পারে।

    এবারের বিশ্বকাপে একটি নয়, তিনটি উদ্বোধনী অনুষ্ঠান থাকছে। তিন আয়োজক দেশ মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র নিজেদের প্রথম ম্যাচের আগে আলাদা অনুষ্ঠান আয়োজন করবে। প্রথম অনুষ্ঠানটি হচ্ছে মেক্সিকোতে। পরে কানাডা ও যুক্তরাষ্ট্রেও নিজেদের উদ্বোধনী আয়োজন হবে।

    মেক্সিকোর অনুষ্ঠানে দেশটির সংস্কৃতি, লোকজ ঐতিহ্য ও সংগীতকে গুরুত্ব দেওয়া হবে। অনুষ্ঠানে শাকিরা, বার্না বয়, জে বালভিনসহ একাধিক আন্তর্জাতিক শিল্পীর পারফর্ম করার কথা রয়েছে। উদ্বোধনী আয়োজন শেষে মাঠে নামবে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।

    বাংলাদেশি দর্শকদের জন্য তাই আজ রাতের সূচি পরিষ্কার রাত ১১টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠান, রাত ১টায় প্রথম ম্যাচ। টিভিতে সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টস; আর অনলাইনে টফি ও বায়োস্কোপেই দেখা যাবে বিশ্বকাপের শুরুর আয়োজন।

  • নীলফামারী জামায়াতে ইসলামী উদ্যোগে প্রচার ও মিডিয়া বিভাগের জনশক্তি নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নীলফামারী জামায়াতে ইসলামী উদ্যোগে প্রচার ও মিডিয়া বিভাগের জনশক্তি নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নীলফামারী প্রতিনিধি 

    বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার উদ্যোগে প্রচার ও মিডিয়া বিভাগের জনশক্তিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    সংগঠনের প্রচার কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও কার্যকর করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে।

    বৃহস্পতিবার দুপুরে নীলফামারী জেলা জামায়াত অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য এ সভায় নীলফামারী জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি, অধ্যাপক ছাদের হোসেনের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি,
    অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

    আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, মিডিয়া বিভাগের দায়িত্বশীল আবদুল কাদিম, সদর উপজেলা আমির সাঈদ আবু হানিফা শাহ, সহকারী সেক্রেটারি আহমাদ রায়হান।

    সভায় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিট পর্যায়ের প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীল জনশক্তিরা অংশগ্রহণ করবেন।
    এসময় অসুস্থ দুজন সাংবাদিক ওমর ফারুক ও রায়হান আলীর তুলে ধরেন তারা

    এতে বর্তমান সময়ে গণমাধ্যমের চ্যালেঞ্জ, সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকর ব্যবহার, সংগঠনের ইতিবাচক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরা, তথ্যপ্রযুক্তিনির্ভর প্রচারণা কার্যক্রম সম্প্রসারণ এবং দক্ষ মিডিয়া কর্মী তৈরির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

    এছাড়াও সভায় অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং প্রচার ও মিডিয়া বিভাগের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

    জেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, এ মতবিনিময় সভার মাধ্যমে প্রচার ও মিডিয়া বিভাগের জনশক্তিদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং সংগঠনের আদর্শিক ও সামাজিক কর্মকাণ্ড জনগণের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

  • অপারেশন মাঝপথে রেখে পালালেন ডাক্তার; ভ্রাম্যমাণ আদালতের লাখটাকা জরিমানা ও ক্লিনিক বন্ধ ঘোষনা

    অপারেশন মাঝপথে রেখে পালালেন ডাক্তার; ভ্রাম্যমাণ আদালতের লাখটাকা জরিমানা ও ক্লিনিক বন্ধ ঘোষনা

    চুয়াডাঙ্গা প্রতিনিধি

    অস্ত্রোপচার টেবিলে রোগী রেখে ডাক্তার পালিয়ে যাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা বাজারে। এ ঘটনাকে কেন্দ্র করে বেসরকারি অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগ ও ভ্রাম্যমাণ আদালত যৌথ অভিযান পরিচালনা করেন।

    অভিযানে অ্যাপোলো ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন অনিয়ম তথ্য উঠে আসে। অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।

    বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ২ টার দিকে ভ্রাম্যমাণ আদালত ও স্বাস্থ্য বিভাগের যৌথ টিম ক্লিনিকটিতে অভিযান চালায়। এ সময় চিকিৎসা সেবার মান, জনবল, অবকাঠামো, পরিচ্ছন্নতা ও প্রয়োজনীয় অনুমোদন সংক্রান্ত বিষয় পর্যালোচনা করে একাধিক অসঙ্গতির প্রমাণ পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, গত ৫ জুন মুসলিমা খাতুন নামে এক নারীর জরায়ুর টিউমার অপসারণের জন্য ক্লিনিকটিতে অস্ত্রোপচার শুরু হয়। অভিযোগ রয়েছে, নির্ধারিত অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ছাড়াই অপারেশন শুরু করা হয়। আরও বিস্ময়করভাবে অস্ত্রোপচার চলাকালীন একপর্যায়ে সংশ্লিষ্ট ডাক্তার অপারেশন অসমাপ্ত রেখেই ক্লিনিক ত্যাগ করেন। এতে রোগীর জীবন ঝুকির মুখে পড়ে। পরে তাকে দ্রুত চুয়াডাঙ্গায় স্থানান্তর করা হলে সেখানে অস্ত্রোপচার সম্পন্ন হয়।

    ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও জনমনে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। রোগীর স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

    এরই প্রেক্ষিতে বুধবার বিষয়টি প্রশাসনের নজরে এলে বৃহস্পতিবার অভিযান পরিচালনা করা হয়।

    দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিভিন্ন অসঙ্গতি শনাক্ত হওয়ায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে এবং আপাতত ক্লিনিকটি বন্ধ রাখা হয়েছে। কাগজপত্র, চিকিৎসক ও জনবলের বৈধতা, সরঞ্জাম এবং সেবার মান যাচাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

    স্থানীয় সচেতন মহলের প্রশ্ন, পর্যাপ্ত চিকিৎসক ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়া কীভাবে এমন ঝুকিপূর্ণ অস্ত্রোপচার পরিচালিত হচ্ছিল? তাদের দাবি, মানুষের জীবন নিয়ে কোনো ধরনের অবহেলা বরদাশত করা যায় না। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর নজরদারি ও নিয়মিত তদারকির ওপর জোর দিয়েছেন তারা।

  • গাইবান্ধায় সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ সভা

    গাইবান্ধায় সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ সভা

    গাইবান্ধা প্রতিনিধি

    গাইবান্ধা জেলার সামাজিক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় জেলার সাম্প্রতিক পরিস্থিতি, বিশেষ করে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে রামমন্দির নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা নিয়ে আলোচনা করা হয়।

    জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন সুন্দরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজেদুর রহমান, গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য আব্দুল করিম সরকার, সাদুল্লাপুর-পলাশবাড়ী-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম, গোবিন্দগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. ময়নুল হাসান সাদিক।

    সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হিন্দু ও মুসলিম ধর্মীয় নেতারা।

    ঘণ্টাব্যাপী আলোচনা সভায় পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে রামমন্দির নির্মাণকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় রূপ না নেয় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

    সভায় অংশগ্রহণকারী হিন্দু ও মুসলিম ধর্মীয় নেতারা সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান এবং সকল পক্ষকে সংযম প্রদর্শনের অনুরোধ করেন। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পক্ষ থেকে সংশ্লিষ্ট বিতর্কিত সম্পদের উৎস ও অর্থায়নের বিষয়টি সরকারি পর্যায়ে তদন্তের দাবি জানানো হয়।

    বক্তারা বলেন, গাইবান্ধা সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ। জেলার শান্তি-শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব এবং ধর্মীয় নেতাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

    সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে। কোনো পক্ষ যেন আইন নিজের হাতে তুলে নিতে না পারে এবং সামাজিক সম্প্রীতি বিনষ্ট না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।