Author: Jvadmin

  • ঘরে বসেই নিতে পারবেন ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ, নিয়ম জানুন

    ঘরে বসেই নিতে পারবেন ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ, নিয়ম জানুন

    ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় ব্যাংকিং সেবা এখন সাধারণ মানুষের হাতের মুঠোয়। দেশের ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও গতিশীল ও সহজলভ্য করতে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি সম্পূর্ণ অনলাইনভিত্তিক ‘ই-লোন’ বা ই-ঋণ সেবা চালুর নির্দেশনা দিয়েছে। এখন আর ঋণের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানো বা বারবার ব্যাংকে যাওয়ার ঝামেলা নেই; জরুরি প্রয়োজনে স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার করেই পাওয়া যাবে কাঙ্ক্ষিত ঋণ।

    ঘরে বসেই ঋণের আবেদন ও প্রাপ্তি

    কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, গ্রাহকরা এখন ব্যাংকে না গিয়েই মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে ঋণের আবেদন, অনুমোদন এবং অর্থ গ্রহণের পুরো প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে পারবেন। প্রযুক্তিনির্ভর এই আর্থিক সেবাটি মূলত গ্রাহকদের জীবনযাত্রাকে আরও সহজ, দ্রুত ও গ্রাহকবান্ধব করার লক্ষ্যেই চালু করা হচ্ছে।

    ঋণের পরিমাণ ও মেয়াদ

    নতুন এই ব্যবস্থায় একজন গ্রাহক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত ‘ই-লোন’ গ্রহণ করতে পারবেন। স্বল্পমেয়াদী এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ১২ মাস বা এক বছর।

    সুদ ও খরচ সম্পর্কে স্বচ্ছতা

    ই-ঋণের ক্ষেত্রে সুদের হার ব্যাংকগুলো বাজারভিত্তিক নির্ধারণ করবে। তবে যদি কোনো ব্যাংক পুনঃ অর্থায়ন সুবিধা গ্রহণ করে, সেক্ষেত্রে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদের হার হবে ৯ শতাংশ। ঋণের আবেদন করার আগেই সুদ, ফি, চার্জ, বিলম্ব মাশুল বা আগাম ঋণ পরিশোধ ফি সব তথ্য ব্যাংক গ্রাহককে স্পষ্টভাবে জানিয়ে দেবে এবং গ্রাহকের সম্মতি ছাড়া কোনো অতিরিক্ত চার্জ আরোপ করা যাবে না।

    আবেদনের যোগ্যতা ও নিয়ম

    • ডিজিটাল ভেরিফিকেশন: আবেদনের সময় গ্রাহকের জাতীয় পরিচয়পত্র (NID), বায়োমেট্রিক তথ্য এবং প্রয়োজনীয় ডিজিটাল যাচাইকরণ ব্যবস্থা ব্যবহার করবে সংশ্লিষ্ট ব্যাংক।
    • সিআইবি রিপোর্ট: ঋণ অনুমোদনের আগে গ্রাহকের ঋণ তথ্য ব্যুরো (সিআইবি) প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
    • অযোগ্যতা: কোনো খেলাপি ঋণগ্রহীতা এই ই-লোন সুবিধা পাবেন না।
    • ডিজিটাল পেমেন্ট: ঋণ বিতরণ, কিস্তি পরিশোধ ও অন্যান্য সব কার্যক্রম সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে।
    • নিরাপত্তা ব্যবস্থা: ডিজিটাল লেনদেনের সুরক্ষায় কেন্দ্রীয় ব্যাংক বিশেষ গুরুত্ব দিয়েছে। প্রতিটি লেনদেন নিশ্চিত করতে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২এফএ), মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) এবং ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) ব্যবস্থা থাকবে। গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় বিদ্যমান আইন ও নীতিমালা কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে।

    কবে নাগাদ মিলবে এই সেবা?

    বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী, তফসিলি ব্যাংকগুলো তাদের নিজস্ব নীতিমালা প্রণয়ন এবং পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে এই সেবা চালু করবে। প্রতিটি ব্যাংককে তাদের তথ্যপ্রযুক্তি ঝুঁকি ব্যবস্থাপনা ও সাইবার নিরাপত্তা সক্ষমতা নিশ্চিত করেই এই ই-লোন কার্যক্রম শুরু করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

    জরুরি প্রয়োজনে অল্প সময়ে ঋণ পাওয়ার এই নতুন দিগন্ত দেশের সাধারণ মানুষের আর্থিক চাহিদা পূরণে এক বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

  • এনটিআরের জন্মদিনে ড্রাগনের চমক

    এনটিআরের জন্মদিনে ড্রাগনের চমক

    দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর ও নির্মাতা প্রশান্ত নীলের বহুল প্রতীক্ষিত প্যান ইন্ডিয়া সিনেমা আবারও আলোচনায়। এতদিন এনটিআরনীল নামে পরিচিত প্রকল্পটির সম্ভাব্য নাম এখন জানা যাচ্ছে ‘ড্রাগন’।

    সম্প্রতি ভারতের সেন্সর বোর্ডের ওয়েবসাইটে সিনেমাটির গ্লিম্পস সার্টিফিকেশনের তথ্য প্রকাশ হওয়ার পরই বিষয়টি সামনে আসে। সেখানে ‘গ্লিম্পস অব ড্রাগন’ নামে ভিডিওটি তালিকাভুক্ত করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এতে সিনেমাটির নাম নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান হতে যাচ্ছে বলে মনে করছেন ভক্তরা।

    তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে গ্লিম্পসটির দৈর্ঘ্য। প্রতিবেদনে বলা হচ্ছে ভিডিওটির রানটাইম ৪ মিনিট ৩৫ সেকেন্ড যা একটি সাধারণ গ্লিম্পস বা টিজারের তুলনায় অনেক বেশি।

    সাধারণত সিনেমার গ্লিম্পস এক মিনিটের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এমনকি বেশিরভাগ ট্রেইলারও তিন মিনিটের আশপাশে শেষ হয়। তাই এত দীর্ঘ গ্লিম্পস দেখে অবাক হয়েছেন ভক্তরা।

    জানা গেছে ভিডিওটি সেন্সর বোর্ড থেকে ইউ এ ১৬ প্লাস সনদ পেয়েছে। ফলে এতে প্রশান্ত নীলের স্বাক্ষরধর্মী সহিংস অ্যাকশন ভারী মাস এলিভেশন ও তীব্র দৃশ্য থাকতে পারে বলে ধারণা করছেন দর্শকরা।

    ১৯ মে মধ্যরাতে বিশেষ এই গ্লিম্পস প্রকাশ পাওয়ার কথা রয়েছে। এর এক দিন পর ২০ মে জুনিয়র এনটিআরের জন্মদিন।

    বড় বাজেটে সিনেমাটি প্রযোজনা করছে মৈত্রী মুভি মেকারস ও এনটিআর আর্টস। সিনেমায় নায়িকা হিসেবে দেখা যেতে পারে রুক্মিণী বসন্তকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন অনিল কাপুর।

    এর আগে খলনায়কের ভূমিকায় টোভিনো থমাসের নাম শোনা গেলেও পরে তিনি নিজেই জানান শিডিউল জটিলতার কারণে প্রকল্পটি থেকে সরে দাঁড়িয়েছেন। এখন সেই চরিত্রে শাহিদ কাপুরকে নেওয়ার আলোচনা চলছে বলে গুঞ্জন রয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

    সিনেমার সংগীত পরিচালনা করছেন রবি বসরুর। এর আগে তিনি ‘কেজিএফ’ ও ‘সালার’ এর সংগীত পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছিলেন।

    সিনেমাটি নিয়ে আরেকটি বড় গুঞ্জন হলো ‘ড্রাগন’ নাকি দুই পর্বে মুক্তি পেতে পারে। যদিও নির্মাতারা এখনো এ বিষয়ে কিছু নিশ্চিত করেননি তবুও ভক্তদের ধারণা আসন্ন গ্লিম্পসেই সিনেমার গল্প ও ইউনিভার্স নিয়ে বড় কোনো ইঙ্গিত মিলতে পারে। বর্তমানে সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ১১ জুন।

  • অবশেষে নেইমার প্রসঙ্গে নীরবতা ভাঙলেন আনচেলত্তি

    অবশেষে নেইমার প্রসঙ্গে নীরবতা ভাঙলেন আনচেলত্তি

    আর মাত্র একদিন পরই ঘোষণা করা হবে ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড। আর বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার ঠিক আগ মুহূর্তে নেইমারকে নিয়ে নিজের নীরবতা ভাঙলেন ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলত্তি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমারের ফিটনেস ও মাঠের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন, সেলেসাওদের চূড়ান্ত ২৬ সদস্যের দলে বড় চমক হিসেবে থাকতে পারেন নেইমার।

    ফুটবলপ্রেমীদের মধ্যে নেইমারকে নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, আনচেলত্তি স্পষ্ট করে দিয়েছেন যে সেলেসাওদের ভেতরকার পরিবেশ একদম ভিন্ন। তিনি বলেন, ‘আমি খুব ভালো করেই জানি নেইমার শুধু সাধারণ মানুষের কাছেই নয়, দলের খেলোয়াড়দের কাছেও ভীষণ জনপ্রিয়। দলের পরিবেশের ওপর তার কী প্রভাব পড়বে, সেটাও আমাদের বিবেচনায় রাখতে হচ্ছে। নেইমারকে দলে রাখলে ড্রেসিংরুম কোনোভাবে অশান্ত হবে না। সে সবার খুব প্রিয়।’

    নেইমারকে দলে নেওয়ার জন্য কোনো মহল থেকে তার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, ‘নেইমারকে দলে নেওয়ার জন্য আমাকে কেউ চাপ দেয়নি। এই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা আমার আছে। সিদ্ধান্তটি ১০০ ভাগ পেশাদারি হবে। একজন ফুটবলার হিসেবে সে মাঠে কেমন পারফর্ম করছে, কেবল সেটাই আমি বিবেচনায় নেব, অন্য কিছু নয়।’

    এদিকে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল’র একটি প্রতিবেদন ফুটবল বিশ্বে আলোড়ন তৈরি করেছে। সান্তোস ক্লাবের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে তারা জানিয়েছে, ‘সান্তোস ইতোমধ্যেই নিশ্চিত তথ্য পেয়েছে যে, সোমবার আনচেলত্তির ঘোষিত বিশ্বকাপ স্কোয়াডে থাকছে নেইমারের নাম।’

    তাছাড়া তরুণ ফরোয়ার্ড এসতেভাওয়ের ইনজুরির পর আক্রমণভাগে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণে নেইমারের চেয়ে বড় নাম এই মুহূর্তে ব্রাজিলে নেই। আনচেলত্তি যদি এই নেইমারকে মাঠে কাজে লাগাতে পারেন, তবে তা হবে ব্রাজিলের জন্য সবচেয়ে বড় স্বস্তি।

  • কোনো চিফ জাস্টিসের কেয়ারটেকার গভমেন্ট হওয়ার দরকার নাই : আইনমন্ত্রী

    কোনো চিফ জাস্টিসের কেয়ারটেকার গভমেন্ট হওয়ার দরকার নাই : আইনমন্ত্রী

    কোনো চিফ জাস্টিসের কেয়ারটেকার গভমেন্ট হওয়ার দরকার নাই বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন এবং গুমসংক্রান্ত আইন প্রণয়নের লক্ষ্যে অংশীজন সভায় তিনি এ কথা বলেন।

    আইনমন্ত্রী আসাদুজ্জামন বলেন, সদ্য সাবেক প্রধান বিচারপতির তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হওয়া বা অন্যান্য বিচারপতিদের অবসরের পর আইন কমিশনসহ বিভিন্ন পদে নিয়োগের সুযোগ পেতে কর্মক্ষেত্রে নিরপেক্ষতা হারাচ্ছেন। তারা অবসরের পর হিসাব কষা শুরু করেন।

    এ সময় প্রস্তাবিত নতুন আইনে জাতীয় মানবাধিকার কমিশনের ক্ষমতা কোনোভাবেই খর্ব বা সীমাবদ্ধ করা হবে না, বরং প্রতিষ্ঠানটিকে আরও শক্তিশালী ও স্বাধীন করা হচ্ছে বলেও জানান আইনমন্ত্রী। তিনি বলেন, ‘এটি আমরা সঠিক বিবেচনা থেকেই বাদ দিয়েছি। কোনো পাবলিক পলিসি বা আইনের ক্ষেত্রে আন্তর্জাতিক সব ইনস্ট্রুমেন্ট উল্লেখ করার আইনি বাধ্যবাধকতা নেই। এটি আইনের কার্যকারিতা বা ইনফোর্সমেন্টের ক্ষেত্রে কোনো অন্তরায় বা দুর্বলতা তৈরি করবে না।’

    তিনি আরও বলেন, বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বাছাই কমিটিতে থাকতে অস্বীকৃতি জানাচ্ছেন। বিচারিক কাজে অত্যন্ত ব্যস্ত থাকার কারণে তারা অপরাগতা প্রকাশ করছেন।

    উদাহরণ হিসেবে তিনি বলেন, ‘তথ্য কমিশনের বাছাই কমিটির জন্য আমরা দেড় মাস ধরে চিঠি পাঠিয়ে রেখেছি, কিন্তু উনাদের ব্যস্ততার কারণে এখনো কমিটিই গঠন করা সম্ভব হয়নি।’

    মন্ত্রী আরও যোগ করেন, ‘আমরা পার্লামেন্ট বা আইন মন্ত্রণালয়কে একেবারে উপেক্ষা করতে পারি না, কারণ এগুলো একেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তবে আপনারা যদি এর চেয়ে ভালো কোনো বিকল্প ও নিরপেক্ষ মেকানিজম বা পদ্ধতির প্রস্তাব দেন, আমরা অবশ্যই তা বিবেচনা করব।’

    সভায় গুমের অভিযোগ ও তদন্ত প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন একজন প্রতিনিধি। এই উদ্বেগের জবাবে আইনমন্ত্রী আশ্বস্ত করে বলেন, ‘বাহিনী প্রধানের রিপোর্ট যদি কমিশনের কাছে গ্রহণযোগ্য না হয়, তবে কমিশন তার নিজস্ব ক্ষমতাবলে তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে। এছাড়া কোনো বাহিনীর প্রধান যদি তার অধীনস্থ কাউকে বাঁচাতে ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেন, তবে তাকেও জবাবদিহিতার আওতায় আনা হবে, যা সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি ও আইনি পরিণতি ডেকে আনবে।’

    গুমসংক্রান্ত বিষয়ে আইনের খসড়া নিয়ে মোটেই সন্তুষ্ট নন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে গুম বিষয়ক যে অধ্যাদেশটি আনা হয়েছিল, তাতে অপরাধীরাই বেশি সুযোগ পেতো। জাতীয় মানবাধিকার কমিশন এবং গুমসংক্রান্ত আইন খুব শিগগিরই জনগণের সামনে নিয়ে আসার চেষ্টা করা হবে।

    অনুষ্ঠানে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক নেতাদের সাজা দেওয়ার উদ্দেশ্যে এক ধরণের রাজনৈতিক নিপীড়ন চালানো হয়েছিল। সন্ধ্যা বা রাতের বেলা মোমবাতি জ্বালিয়ে তড়িঘড়ি করে ১০ থেকে ২০ জন সাক্ষী নিয়ে এক রাতেই সাজা দেওয়ার নজির তৈরি করা হয়েছিল, যা স্পষ্টতই মানবতাবিরোধী অপরাধের শামিল।

  • নাসিরনগরের গোয়ালনগরে তিন খুনের মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজন রিমান্ডে

    নাসিরনগরের গোয়ালনগরে তিন খুনের মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজন রিমান্ডে


    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ৪নং গোয়ালনগর ইউনিয়নে আলোচিত সংঘর্ষ ও তিন খুনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান দুই আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

    রিমান্ডে নেওয়া দুই আসামি হলেন গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজহারুল হক চৌধুরী এবং গোয়ালনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাসেম মিয়া।

    পুলিশ সূত্রে জানা যায়, গোয়ালনগরে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় উভয় পক্ষ পৃথক মামলা দায়ের করে। তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে শনিবার (১৬ মে) দুই আসামিকে নাসিরনগর থানায় রিমান্ডে নেওয়া হয়।

    এর আগে চেয়ারম্যান মো. আজহারুল হক চৌধুরীকে নাসিরনগর উপজেলা সদর এলাকা থেকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করে পুলিশ। তিনি হত্যা মামলারও প্রধান আসামি বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

    অন্যদিকে, কাসেম মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর এলাকা থেকে আটক করা হয়।

    পুলিশ জানায়, রিমান্ডে এনে দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
    উল্লেখ্য, গোয়ালনগর ইউনিয়নের এ সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

  • হামলার মধ্যেও ৩ নবজাতককে যেভাবে বাঁচালেন ইরানি নার্স

    হামলার মধ্যেও ৩ নবজাতককে যেভাবে বাঁচালেন ইরানি নার্স

    জেভি২৪ ডেস্ক

    যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় কেঁপে উঠছিল তেহরানের খাতাম আল-আনবিয়া হাসপাতাল। চারদিকে ধোঁয়া আর আতঙ্কে ছুটোছুটি করছিল মানুষ। সেই ভয়াবহ মুহূর্তে নিজের জীবনের কথা না ভেবে ৩ নবজাতককে বুকে জড়িয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যান ইরানি নার্স নেদা সালিমি। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া সেই ভিডিও এখন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে।

    গত ১ মার্চ সকাল ১১টা ৪০ মিনিটে হাসপাতালের পাশের একটি সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোমা হামলায় প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের অভিঘাতে হাসপাতালের জানালার কাচ ভেতরে ঢুকে পড়ে, ছাদের অংশ ভেঙে পড়ে ধুলার মেঘ তৈরি হয়। আতঙ্কিত রোগীরা ধোঁয়াভরা করিডোর দিয়ে দৌড়ে পালাতে থাকেন।

    হাসপাতালের পঞ্চম তলার নবজাতক ওয়ার্ডে তখন তিনটি শিশু শুয়ে ছিল। জন্মের মাত্র কয়েক ঘণ্টা পেরিয়েছে তাদের। বিস্ফোরণের মুহূর্তে শিশুদের পাশেই বসে প্রতিবেদন লিখছিলেন নার্স নেদা সালিমি।

    তিনি বলেন, ভাবার সময় ছিল না। মাথায় শুধু একটাই চিন্তা ছিল শিশুগুলোকে নিরাপদ জায়গায় নিতে হবে।

    নিরাপত্তা ক্যামেরার ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের কয়েক সেকেন্ডের মধ্যেই তিন নবজাতককে বুকে তুলে নিয়ে দৌড়ে বেরিয়ে যাচ্ছেন তিনি। চারদিকে তখন ধ্বংসাবশেষ ঝরছে।

    সাত সেকেন্ডের সেই ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওতে ধরা পড়েনি পরের পরিস্থিতি। করিডোরে পৌঁছে দুই নবজাতককে সহকর্মীদের হাতে তুলে দেন তিনি। আরেক শিশুকে বুকে চেপে ধরে হাসপাতালের আশ্রয়কেন্দ্রের দিকে ছুটতে থাকেন।

    নেদা বলেন, আমরা শিশুদের পুরো সময় কোলে রেখেছিলাম, যাতে তারা আঘাত না পায়। আশ্রয়কেন্দ্রে তখন শুধু ভয় আর মানুষের একে অন্যকে সাহায্য করার চেষ্টা।

    তিন শিশুর মধ্যে দুইজন ছেলে ও একজন মেয়ে। হামলার এক ঘণ্টারও কম সময় আগে তাদের জন্ম হয়েছিল। অস্ত্রোপচারের পর মায়েরা তখনো শয্যায়। বিস্ফোরণের পর অনেকে ভেবেছিলেন, তাদের সন্তান হয়তো বেঁচে নেই।

    নেদা বলেন, অবশেষে যখন মায়েদের খুঁজে পেলাম এবং শিশুদের তাদের হাতে ফিরিয়ে দিলাম, সেটাই ছিল সবচেয়ে সুন্দর মুহূর্ত। কয়েক মিনিটের জন্য আমরা ভুলেই গিয়েছিলাম যে বাইরে যুদ্ধ চলছে।

    ৩৬ বছর বয়সী নেদা সালিমি কেরমানশাহর বাসিন্দা। ইরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সেসে নার্সিংয়ে পিএইচডির শেষ সেমিস্টারে পড়ছেন তিনি। প্রায় ১২ বছর ধরে নার্স হিসেবে কাজ করছেন। শিশু ও নবজাতক পরিচর্যায় রয়েছে এক দশকের অভিজ্ঞতা। তিনি এক ছয় বছর বয়সী সন্তানের মা।

    তিনি বলেন, নবজাতকদের সঙ্গে প্রতিদিন কাজ করতে করতে তাদের প্রতি এক ধরনের দায়িত্ববোধ তৈরি হয়। মা হওয়ায় সেই অনুভূতি আরও গভীর হয়েছে।

    নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে কাজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে নেদা বলেন, এক মুহূর্তে হয়তো কোনো শিশুকে বাঁচানো যায় না, আর কিছুক্ষণ পর আরেক মাকে হাসিমুখে বুকের দুধ খাওয়ানোর পরামর্শ দিতে হয়। এখানে শোক আর আশার মধ্যে প্রতিনিয়ত চলাফেরা করতে হয় আমাদের।

    যুদ্ধের ভয়াবহতার মধ্যেও হাসপাতালের কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছিলেন। মার্চের হামলার আগে ২০২৫ সালের জুনের ১২ দিনের যুদ্ধেও নবজাতকদের সরিয়ে নেওয়ার অভিজ্ঞতা হয়েছিল নেদার।

    তিনি বলেন, আশ্রয়কেন্দ্রে বসে আমি আল্লাহর কাছে কয়েক মিনিট সময় চেয়েছিলাম। শুধু এতটুকু, যাতে শিশুদের মায়ের কাছে ফিরিয়ে দিতে পারি। এরপর যদি মৃত্যু আসে, তাতেও আপত্তি ছিল না।

    ভিডিও ভাইরাল হওয়ার পর রাতারাতি আলোচনায় চলে আসেন নেদা। প্রতিবেশীরা বাড়িতে এসে তাকে জড়িয়ে ধরে কেঁদেছেন। হাসপাতালেও ফোনের পর ফোন এসেছে।

    তবে নেদা মনে করেন, এটি কোনো একার সাহসিকতা নয়। সেদিন আমার সব সহকর্মী সাহসিকতার সঙ্গে পাশে দাঁড়িয়েছিলেন।

    এখনও তিনি তিন শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখেন। তার জানা মতে, তিনজনই সুস্থ আছে। নেদা বলেন, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। তিনটি ছোট হৃদস্পন্দন এখনও চলছে।

    যুদ্ধের পরও নার্সদের ওপর মানসিক চাপ ও সংকট রয়ে গেছে বলে জানান তিনি। দীর্ঘ কর্মঘণ্টা, জনবল সংকট, অর্থনৈতিক চাপ এবং যুদ্ধের মানসিক ক্ষত বয়ে বেড়াতে হচ্ছে তাদের।

    নেদা বলেন, যখন চারদিকে বোমা পড়ে আর কেউ আপনাকে বাঁচাতে আসে না, তখন মানুষের পাশে দাঁড়িয়ে আশার আলো জ্বালানোই আসল দায়িত্ব। একজন ভালো নার্সের শুধু দক্ষতা নয়, মানবিক হৃদয়ও থাকতে হয়।

    ভবিষ্যতে বড় হয়ে যদি সেই শিশুরা একদিন জানতে পারে জন্মের প্রথম ঘণ্টায় কী ঘটেছিল। তিনি চান তারা বুঝুক, তাদের জীবন এক অলৌকিক উপহার।

    মৃদু হাসি দিয়ে নেদা বলেন, আমি চাই তারা শক্ত ও মানবিক মানুষ হয়ে উঠুক। তাহলেই মনে হবে, সবকিছু সার্থক ছিল।

    সূত্র : প্রেস টিভি

  • সুশাসন নিশ্চিতের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের

    সুশাসন নিশ্চিতের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান ডেপুটি স্পিকারের

    জেভি২৪ ডেস্ক

    টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, সংসদীয় ককাস গঠন, মানসম্পন্ন শিক্ষা, সুশাসন এবং সংখ্যালঘু ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিতের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

    তিনি বলেছেন, ‘সংসদ-সদস্য হওয়ার আগেও সংখ্যালঘু, মানবাধিকার, পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে আমি কাজ করেছি। যার ফলশ্রুতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গারো ও হাজং সম্প্রদায় দ্ব্যর্থহীনভাবে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। এ সম্প্রদায়গুলোকে মূলধারার সঙ্গে সংযুক্ত করার মাধ্যমে তাদের দুর্দশা লাঘবের জন্যে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’

    রোববার (১৭ মে) জাতীয় সংসদ ভবনে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

    ব্যারিস্টার কায়সার কামাল, ‘ওয়েস্টমিনিস্টার পদ্ধতির সংসদে সংসদীয় ককাস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসডিজির লক্ষ্যসমূহ অর্জনে আগ্রহী সংসদ-সদস্যদের সমন্বয়ে ককাস গঠনের মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বর্তমান সংসদের তরুণ এমপিরা উন্নত বাংলাদেশ বিনির্মাণে সর্বদা কাজ করছেন।’

    নাগরিক প্লাটফর্মের প্রতিনিধিদল জানায়, এই প্ল্যাটফর্মটি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী যেমন, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি প্রমুখের কল্যাণে সংশ্লিষ্ট অংশীজনদের কার্যক্রম পরিচালনায় সহায়তা করে থাকে এবং একটি স্বাধীন সংসদীয় ককাস গঠনের প্রয়োজনীয়তা রয়েছে।

    সাক্ষাৎকালে উভয়পক্ষ মানসম্পন্ন শিক্ষা, জনসেবা, সুশাসন, সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে কাজ করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।

    এসময় অধ্যাপক মোস্তাফিজুর রহমান, কোর গ্রুপ সদস্য, নাগরিক প্ল্যাটফর্ম ও সম্মাননীয় ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি); ড. ইফতেখারুজ্জামান, কোর গ্রুপ সদস্য, নাগরিক প্ল্যাটফর্ম ও নির্বাহী পরিচালক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি); সঞ্জীব দ্রং, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আদিবাসী ফোরাম; হাসিন জাহান, কান্ট্রি ডিরেক্টর, ওয়াটারএইড বাংলাদেশ; জাকির হোসেন, প্রধান নির্বাহী, নাগরিক উদ্যোগ; আশরাফুন নাহার মিষ্টি, নির্বাহী পরিচালক, উইম্যান উইথ ডিজএ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ডব্লিউডিডিএফ), তারান্নুম জিনান, নেটওয়ার্ক ফোকাল পয়েন্ট, নাগরিক প্ল্যাটফর্ম এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • নোয়াখালীতে ১৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি বেলায়েত গ্রেফতার

    নোয়াখালীতে ১৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি বেলায়েত গ্রেফতার

    ​মুহাম্মদ সুমন ভূঁইয়া, নোয়াখালী

    নোয়াখালী পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ মো: বেলায়েত (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

    ​শনিবার (১৬ মে) রাতে সুধারাম মডেল থানাধীন লক্ষ্মীনারায়নপুর এলাকার সুজা মিয়া সারেং বাড়িতে এই অভিযান চালানো হয়।

    ​গ্রেফতারকৃত বেলায়েত ওই এলাকার মৃত মোঃ আবুল হেসেনের ছেলে।

    ​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মোঃ আশরাফুল আলমের নেতৃত্বে একটি চৌকস টিম লক্ষ্মীনারায়নপুর ৩নং ওয়ার্ডের বাসিন্দা বেলায়েতের বসতঘরে অভিযান চালায়। এ সময় তার নিজ দখলীয় টিনের ঘর তল্লাশি করে ১৭ গ্রাম ওজনের ১৮০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    ​মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) ধারার সারনির ক্রমিক ১০(ক) অনুযায়ী সুধারাম মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স অনুযায়ী এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    উল্লেখ্য নোয়াখালী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভুর নেতৃত্বে জেলা মাধক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযান ব্যাপকভাবে আলোচিত হয়ে উঠেছে।

  • আগামী অর্থবছরে মেঘনার ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে- পানি সম্পদ মন্ত্রী

    আগামী অর্থবছরে মেঘনার ভাঙনরোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে- পানি সম্পদ মন্ত্রী

    মুহাম্মদ সুমন ভূঁইয়া, নোয়াখালী

    পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বরাবরই প্রকৃতির সাথে যুদ্ধ করে আমরা এ অঞ্চলের (উপকূলের) লোকজন বসবাস করি আসছি। তাই নদীর পাড়ে আমরা যারা থাকি আমরা সবসময় ভাঙন,প্লাবন ও বন্যাসহ প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা করে বসবাস করতে হয়। এসব মাথায় রেখে ইতোমধ্যে বর্ষাকালকে সামনে রেখে ভাঙন রোধে ইমারজেন্সি (জরুরি) কাজ শুরু করেছি।তবে আরও কিছু জায়গায় নদী ভাঙ্গন রোধে কাজ করা হবে।

    আগামী অর্থবছরে নোয়াখালীর উপকূলীয় এলাকায় মেঘনা নদীর ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মন্ত্রী।

    রোববার দুপুরবেলা নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কাটাখালি ঘাটে নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন মন্ত্রী।

    তিনি আরও বলেন, এদিকে হাতিয়া,উড়িরচর,স্বর্ণদ্বীপ, ভাসানচরসহ নদী ভাঙন এলাকায় সরকারের বিশেষ নজর রয়েছে বলে জানান মন্ত্রী।এছাড়া অনেকগুলো প্রকল্পও আমাদের রয়েছে। এর বাইরে মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা নদী ভাঙন রোধে স্থায়ীভাবে কিছু কাজ করা। সে অনুযায়ী এ এলাকায় যেখানে কাজ করা বেশি জরুরি,সেখানে স্থায়ীভাবে আমরা কিছু কাজ করবো। স্টাডি রিপোর্ট শেষ হওয়ার পর আগামী অর্থবছরেই আমরা এ কাজগুলো শেষ করার চেষ্টা করবো।

    এদিকে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান বলেন,আমরা যে কোন কিছুর বিনিময়ে হোক নদী ভাঙ্গন রোধ করবো।
    এর আগে মন্ত্রীকে নদী ভাঙনকৃত বিভিন্ন এলাকা ঘুরে দেখান স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।

    এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন উর রশিদ আজাদ, সদস্য শহীদুল ইসলাম কিরণ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছাবের আহমেদ, ছাত্রদলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রেফাত জামিলসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংঠনসহ স্থানীয় এলাকাবাসী।

  • ডোমারে হাটে পশু বিক্রির রশিদে অতিরিক্ত টাকা তোলার অভিযোগ, প্রতিবাদ করায় মোবাইল ভাঙচুর

    ডোমারে হাটে পশু বিক্রির রশিদে অতিরিক্ত টাকা তোলার অভিযোগ, প্রতিবাদ করায় মোবাইল ভাঙচুর

    নীলফামারী প্রতিনিধি

    নীলফামারীর ডোমার উপজেলার বসুনিয়া হাটে পশু বিক্রির রশিদে নির্ধারিত ইজারা মূল্য উল্লেখ না করে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে হাট ইজারাদারদের বিরুদ্ধে। এছাড়া মসজিদের নামে চাঁদা তুললেও সেই টাকা মসজিদে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ স্থানীয়দের। প্রতিবাদ করায় এক যুবককে মারধর ও তার মোবাইল ফোন ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

    স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাটে মসজিদের নামে অতিরিক্ত চাঁদা তোলা হলেও সেই টাকা মসজিদে দেওয়া হয় না। হাটে কোথাও নির্ধারিত ইজারা মূল্যের তালিকা টাঙানো নেই। অনেক বিক্রেতার কাছ থেকে নির্ধারিত টাকার চেয়ে বেশি নেওয়া হলেও রশিদে তা উল্লেখ করা হচ্ছে না। বিষয়টি নিয়ে কথা বলতে গেলে ইজারাদারদের পক্ষ থেকে হুমকি ও মারধরের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তারা।

    বসুনিয়া হাট জামে মসজিদের সহকারী সেক্রেটারি মো. আহেদ আলী বলেন, “প্রতি হাটে মসজিদের নামে অতিরিক্ত চাঁদা নেওয়া হলেও মসজিদে কোনো টাকা দেওয়া হয় না। বিষয়টি নিয়ে ইজারাদারদের সঙ্গে কথা বলেও কোনো সমাধান হয়নি।”

    রশিদে অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদ করায় মমিনুর নামে স্থানীয় এক যুবক মারধরের শিকার হন। এ সময় মোবাইলে ছবি ও ভিডিও ধারণের অভিযোগ তুলে তার মোবাইল ফোন ভেঙে ফেলা হয় বলে অভিযোগ উঠেছে।

    পঞ্চগড়ের দেবীগঞ্জ ফুলবাড়ি থেকে আসা গরু বিক্রেতা রহিদুল ইসলাম বলেন, “গরু বিক্রির পর আমার কাছ থেকে ৭০০ টাকা নেওয়া হয়েছে। পরে জানতে পারি নির্ধারিত ইজারা ৬০০ টাকা।”

    ডোমারের পাঙ্গা মটকপুর থেকে আসা আরেক বিক্রেতা জিয়ারুল অভিযোগ করেন, “আমার কাছ থেকে ৮০০ টাকা নেওয়া হয়েছে, কিন্তু রশিদে সেই টাকার পরিমান উল্লেখ নেই।”

    এ বিষয়ে বসুনিয়া হাটের ইজারাদার জাহিরুল ইসলাম বলেন, “রশিদ অনুযায়ী ৬০০ টাকা নেওয়ার কথা থাকলেও বিভিন্ন খরচের কারণে বর্তমানে অতিরিক্ত ১০০ থেকে ২০০ টাকা নেওয়া হচ্ছে। ঈদ হাট উপলক্ষে সামনে ১ হাজার টাকা করে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এজন্য হাটে কোনো চার্ট টাঙানো হয়নি।”

    ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী জানান, ‘বিষয়টি আমাদের জানা ছিলোনা। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।”