টেকনাফে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী, মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি খালি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ কথিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি মনছুর আলম (৪২)কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

সোমবার (১৫ জুন) ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বাহারছড়া এলাকায় র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া এলাকার একটি দোতলা বাড়িতে অবৈধ অস্ত্র ও মাদক মজুত থাকার তথ্য পেয়ে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক পালানোর চেষ্টা করলে সদস্যরা তাকে ঘেরাও করে আটক করতে সক্ষম হন।

গ্রেপ্তার ব্যক্তি মনছুর আলম (৪২) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাহারছড়া এলাকার বাসিন্দা।

অভিযানে তার হেফাজত থেকে একটি বিদেশি তৈরি পিস্তল, একটি খালি ম্যাগাজিন এবং দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের দাবি, অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি নিজ হেফাজতে রাখার মাধ্যমে তিনি ১৮৭৮ সালের অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

গ্রেপ্তার আসামি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে র‌্যাব-১৫ জানিয়েছে।