নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয় ও র্যাব-১১ সিপিসি ৩ এর যৌথ উদ্যোগে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার বিসিক ও সেতু ভাঙ্গা এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়। সোমবার বেলা ১১ টায় সময় এই অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১১ সিপিসি ৩ এক প্রেস রিলিজে এ তথ্য নিশ্চিত করেন।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সেমাই প্রস্তুতকারক প্রতিষ্ঠানে এ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত, মোড়কীকরণের বিধি না মানা এবং খাবারে অনুমোদনহীন উপকরণ ব্যবহারের অভিযোগে বেগমগঞ্জ বিসিক এলাকার মেসার্স নিউ পপুলার ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা, মোড়কীকরণ বিধি না মানার অভিযোগে বিসিকে অবস্থিত টোকিও ফুড প্রোডাক্টসকে ২০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত এবং মোড়কে অগ্রিম উৎপাদনের তারিখ উল্লেখ করায় সেতুভাঙ্গা এলাকার পালকী ব্রান্ডের লাচ্ছি সেমাই প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেসার্স নোয়াখালী ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মোট তিন প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরাধের সাথে সম্পৃক্ত পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো: আছাদুল ইসলাম, র্যাব ১১ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডারের নেতৃত্বে একটি আভিযানিক দল, জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য ও কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জি এ অভিযানে অংশগ্রহণ করেন। এসময় কর্মকর্তারা বলেন, আমাদের অভিযান অব্যাহত থাকবে।
