Author: Jvadmin

  • গাইবান্ধায় ষ্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্বোধনী ধারনা প্রদর্শনের সমাপনী কর্মসুচির সনদ বিতরন

    গাইবান্ধায় ষ্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্বোধনী ধারনা প্রদর্শনের সমাপনী কর্মসুচির সনদ বিতরন

    গাইবান্ধা প্রতিনিধি

    মেধা- বিজ্ঞান- উদ্বোধনের দেশ সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধায় ষ্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্বোধনী ভাবনা প্রদর্শনের সমাপনী কর্মসুচির পুরস্কার হিসেবে সনদ ও সম্মননা স্মারক প্রদান করা হয়েছে।

    এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম(EES) ও এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকার আয়োজনে এবং জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের সহযোগিতায় আজ (১৪ জুন) রবিবার বিকেল ৩ টার দিকে শহরের বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের শ্রেনীকক্ষে এই উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    আলোচনা সভায় জেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি)একেএম হেদায়েতুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, সাবেক অধ্যক্ষ খলিলুর রহমান। এছাড়াও প্রত্যেকটি উপজেলার একাডেমিক সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।

    এসময় বক্তারা বলেন, ক্ষুদে বিজ্ঞানীদের নিত্য নতুন উদ্বোধনী কাজে মনোযোগী হবার পরামর্শ দেন। পাশাপাশি বক্তারা প্রত্যাশা করেন, ক্ষুদে বিজ্ঞানীদের উদ্বোধনী প্রজেক্ট গুলো জাতীয় পর্যায়ে গিয়ে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। সব শেষে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা।

    আলোচনা শেষে পনেরো জন নির্বাচিত ক্ষুদে বিজ্ঞানীদের উদ্বোধনী বিষয়ক সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এদের মধ্যে ছয় জন শিক্ষক ও নয় জন শিক্ষার্থী রয়েছে। আলোচনা সভার আগে উদ্বোধনী প্রজেক্টের ষ্টলগুলো ঘুরে দেখেন জেলা প্রশাসক।

    জেলার প্রত্যেক টি উপজেলার ৭ টি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে ড্রাইভিং মোটর সিষ্টেম, ইমোশনাল শোপিছ, স্মার্ট রেলওয়ে সিষ্টেম ব্যাসড স্মার্ট সিটির ৭ টি উদ্বাধনী প্রজেক্টের ষ্টল বসানো হয়।

    ষ্টলগুলোত পরিদর্শন শেষে বিচারকদের মুল্যায়নের পর, ইউনিভার্সাল এআই সেফটি কর (হোম এন্ড ড্রাইভ) প্রজেক্ট নিয়ে, প্রথম স্থান অর্জন করে পলাবাড়ী উপজেলার গ্রীন ফিল্ট স্কুল এন্ড কলেজ, গ্যাস লিকেজ ডিটেক্টর ও ব্রাসলেস ডি.সি মোটর প্রজেক্ট নিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে গোবিন্দগঞ্জের চকমানিকপুর আমিনীয়া কামিল মাদ্রাসা ও ফটোভলটিক ট্রি উদ্বোধনী প্রজেক্ট নিয়ে তৃতীয় স্থান অর্জন করে সদর উপজেলার আহম্মেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ। শেষে বিজয়ীদের সনদ ও সম্মননা স্মারক প্রদান করা হয়।

    প্রথম স্থান অর্জন করা দলটি জাতীয় পর্যায়ে নিজেদের উদ্ভাবনী ধারণা উপস্থাপনের সুযোগ পাবে।

    উল্লেখ্য: গত ১২ জুন শুক্রবার জেলার ৭ উপজেলার ৯০ টি স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী ও শিক্ষকদের অংগ্রহনে দিনব্যাপী ষ্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্বোধনী ধারনা প্রদর্শন কর্মসুচি অনুষ্ঠিত হয়। উপজেলায় বিজয়ী হবার পরে সেই বিজয়ী ৭ টি দল পরবর্তীতে জেলা পর্যায়ে উদ্বোধনী ধারনা প্রদর্শনের সমাপনী কর্মসুচিতে অংশ নেয়।

  • আরডিএ’র নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আবুল কালাম আজাদ সুইট

    আরডিএ’র নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন আবুল কালাম আজাদ সুইট

    রাজশাহী প্রতিনিধি

    রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজশাহী মহানগর ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এবং মহানগর বিএনপির বর্তমান সহ-সভাপতি আবুল কালাম আজাদ সুইট।

    রোববার সকালে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলামের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি রাজশাহীবাসীর কাছে দোয়া কামনা করেন এবং দায়িত্ব পালনে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার (১৫ জুন) তিনি আনুষ্ঠানিকভাবে আরডিএ কার্যালয়ে দায়িত্ব পালন শুরু করবেন।

    উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১১ জুন) রাজশাহী উন্নয়ন আইন, ২০১৮-এর ধারা ৫(২) অনুযায়ী অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে এক বছরের জন্য আরডিএ চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।
    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব গোলাম রব্বানী স্বাক্ষর করেন।

    নবনিযুক্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটের নেতৃত্বে রাজশাহীর পরিকল্পিত নগরায়ণ ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা করা হচ্ছে।

  • একজন ভূমিহীন মানুষকেও যেন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করা হয়: কাজল

    একজন ভূমিহীন মানুষকেও যেন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করা হয়: কাজল

    এস.এম লুৎফুর কবির,কক্সবাজার

    কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন, এ  এলাকায় প্রায় এক-তৃতীয়াংশ মানুষ ভূমিহীন, এখানে জলবায়ু উদ্বাস্তু বেশি। তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের সময় একজন ভূমিহীন মানুষকেও যেন পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করা হয় এ দাবি তিনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানান।

    শনিবার (১৩ জুন) কক্সবাজার সদরের পিএমখালীর পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে মানবিক দিক বিবেচনায় নিতে হবে। ভূমিহীন জনগোষ্ঠীর পুনর্বাসন নিশ্চিত না করে উচ্ছেদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

    এমপি কাজল বলেন, বাঁকখালী নদীর ভয়াবহ ভাঙন দীর্ঘদিন ধরে চলমান। এতে দুই তীরের মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফসলি জমি হারাচ্ছে এবং অনেক পরিবার বাস্তুচ্যুত হচ্ছে। এ অবস্থায় নদীর দুই তীরে টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। এ সময় নদীর দুই কূলে টেকসই বাঁধ নির্মাণে পানিসম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

    পথসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সরকারের মূল লক্ষ্য কৃষি ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন। প্রত্যন্ত অঞ্চলের জমিকে চাষযোগ্য করে খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের স্বাবলম্বী করাই সরকারের অগ্রাধিকার।

    তিনি আরও বলেন, প্রায় ৫০ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই পাতলী খাল খনন করেছিলেন। সেই ধারাবাহিকতায় পুনঃখননের মাধ্যমে কৃষিজমিতে সেচ সুবিধা বাড়ানো হচ্ছে, যা হাজারো কৃষকের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।

    সভায় আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদ মন্ত্রী শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ স্থানীয় নেতারা।

    এর আগে বেলা ১১টার দিকে বাবার স্মৃতিবিজড়িত পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের হাতে মাটি কেটে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি।

    টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার মধ্যেও প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কক্সবাজারজুড়ে দেখা যায় উচ্ছ্বাস। তাকে দেখতে খালপাড়ে ভিড় করেন অসংখ্য মানুষ।

    উদ্বোধন শেষে পথসভায় বক্তব্য দিয়ে পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রী চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনাঞ্চলের উদ্দেশে রওনা হন। সেখানে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে তার।

    এর আগে সকাল ৯টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিমানবন্দরের বাইরে অবস্থান নেওয়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

  • আইডিইবি নীলফামারী জেলা শাখার নবনির্বাচিত কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত

    আইডিইবি নীলফামারী জেলা শাখার নবনির্বাচিত কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত

    বিশেষ প্রতিনিধি

    ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) নীলফামারী জেলা শাখার নবনির্বাচিত জেলা নির্বাহী কমিটির (জেনিক) ২০২৬-২০২৮ মেয়াদের শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ। তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সিদ্দিক শফিকুল ইসলাম এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, নীলফামারীর নির্বাহী প্রকৌশলী আলহাজ্ব প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম।
    বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, প্রযুক্তিগত শিক্ষা সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, আইডিইবি দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অতীতের মতো ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ অবদান রেখে যাবে।

    অনুষ্ঠানে জেলা শাখার সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী, শিক্ষাবিদ এবং সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় নবনির্বাচিত কমিটির সদস্যরা সংগঠনের অগ্রগতি, সদস্যদের পেশাগত উন্নয়ন এবং প্রকৌশলীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

    অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে উপস্থিত সবার অংশগ্রহণে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।

  • নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

    নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা, ভিডিও ভাইরাল

    নোয়াখালী প্রতিনিধি

    নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পূর্ববিরোধের জেরে এক নারীকে প্রকাশ্যে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে যুবদল নেতা মো. সফিকের (৩৮) বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

    শনিবার (১৩ জুন) বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরলক্ষী গ্রামে এ ঘটনা ঘটে।

    মারধরের শিকার তাসলিমা আক্তার খুকি (৩৫) একই গ্রামের মো. খলিল ড্রাইভারের স্ত্রী। অভিযুক্ত মো. সফিক মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং একই এলাকার মনতারাগো বাড়ির সামছুদ্দিন মোল্লার ছেলে।

    ভুক্তভোগী খুকি অভিযোগ করে বলেন, তার স্বামী গত দুই মাস ধরে সফিকের অধীনে কাজ করলেও বেতন পাননি। বেতন চাইতে গেলে সফিক দাবি করেন, তার স্বামী ইয়াবা সেবন করে সব টাকা খরচ করেছেন। ঈদুল আজহার সময়ও বেতন না পাওয়ায় তাদের পরিবারকে কষ্টে দিন কাটাতে হয়েছে। এরপর তিনি স্বামীকে সফিকের কাজে যেতে নিষেধ করেন, যা নিয়ে সফিক ক্ষুব্ধ হয়ে ওঠেন।

    তিনি আরও বলেন, শনিবার সকালে বাড়ির পাশের নদীতে বসানো একটি রিং জাল সফিক নিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা বাধা দেন। এ সময় সফিক তার স্বামীকে প্লাস্টিকের পাইপের ভেতরে লোহার রড ঢুকিয়ে বেধড়ক মারধর করেন। পরে বেলা ১১টার দিকে সফিক তার ভগ্নিপতি নূরে মাওলাকে সঙ্গে নিয়ে এসে আবারও তার স্বামীকে মারধর শুরু করেন। স্বামীকে রক্ষা করতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়।

    খুকি আরও অভিযোগ করেন, সফিক তার প্রজেক্টে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত এবং তার স্বামীকে দিয়ে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করাতেন। আবার হিসেবে গরমিল হলে বেজায় গালমন্দ করতেন। সব সময় তার প্রজেক্টে ১০-১৫ টি মোটরসাইকেল থাকে। প্রায় সেখানে হরেক রকম মাদকের আসর বসে।

    অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা মো. সফিক বলেন, খুকির পরিবারের সঙ্গে আমার দীর্ঘদিনের ভালো সম্পর্ক ছিল। কয়েক দিন আগে তার স্বামী আমার বোনের বসত ঘরের দরজা খোলার চেষ্টা করেন, আমার মাছ চুরি করেন। শনিবার সকালে জাল নিয়ে আসার পথে খুকি ও তার স্বামী আমাকে আক্রমণ করে এবং আমার নাক ফাটিয়ে দেয়।

    এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • রামুতে মাধ্যমিক স্কুল-মাদ্রাসা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

    রামুতে মাধ্যমিক স্কুল-মাদ্রাসা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

    এস.এম.হুমায়ুন কবির,কক্সবাজার

    রামুতে দুর্নীতি বিরোধী চেতনা সৃষ্টি করার লক্ষে মাধ্যমিক স্কুল-মাদ্রাসা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘দুর্নীতি করবো না, দুর্নীতি মানবো না, দুর্নীতি সইবো না’। ‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’।

    এ শ্লোগানে শনিবার (১৩ জুন) সকাল ১০টায় উদ্বোধন করা হয় রামুতে দুই দিনব্যাপী দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা। রামু উপজেলা পরিষদ মিলনায়তনে অনুুষ্ঠিত বির্তক প্রতিযোগিতা উদ্বোধন এবং প্রধান অতিথির বক্তৃতা করেন, রামু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও একাডেমিক সুপারভাইজার মো. নুরুল আবছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম।

    সাধারণ সম্পাদক খালেদ শহীদের সঞ্চালনায় অনুুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি সুবীর বড়ুয়া বুলু, সদস্য মাওলানা মোহছেন শরীফ, সুকুমার বড়ুয়া বুলু, রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. সাইফুল্লাহ সাইফ, জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রিমন বড়ুয়া, ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সাইদুর রহমান, রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জিয়াউর রহমান প্রমুখ।

    শনিবার রামুতে মাধ্যমিক স্কুল-মাদ্রাসার পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় পর্ব অনুুষ্ঠিত হয়। এতে রামু উপজেলার ছয়টি মাধ্যমিক বিদ্যালয় ও দুইটি মাদ্রাসার বিতার্কিক দল অংশ নেয়।

    রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম এ বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন। সৎ থাকতে ও সৎ থাকার চেতনা সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের অবস্থান থাকার লক্ষে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজার এ প্রতিযোগিতা আয়োজন করে। এ আয়োজনে সূচনা বক্তব্য উপস্থাপন করেন, রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ।

    প্রথম পর্বে ‘দুর্নীতি প্রতিরোধে তারুণ্যের ভূমিকাই মূখ্য’ বির্তকের এই বিষয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ক গ্রুপের পক্ষ দল জ্যোতিসেন উচ্চ বিদ্যালয়, খ গ্রুপের পক্ষ দল রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়, গ গ্রুপের পক্ষ দল রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ, ঘ গ্রুপের বিপক্ষ দল ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়েছে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন, ক গ্রুপের বিপক্ষ দল আল গিফারী (রা:) আদর্শ দাখিল মাদ্রাসার দলনেতা সাইমা সুলতানা, খ গ্রুপের পক্ষ দল রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের দলনেতা রিয়া বড়ুয়া, ঘ গ্রুপের পক্ষ দল পশ্চিম গোয়ালিয়াপালং এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের দলনেতা রিয়া মনি।

    ‘স্বাধীন ও নিরপেক্ষ দুর্নীতি দমন কমিশনই (দুদক) সুশাসনের মূল ভিত্তি’ বিতর্ক বিষয়ে দুপুরে অনুুষ্ঠিত দ্বিতীয় পর্ব। এতে ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয় পক্ষ দলে,  রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ বিপক্ষ দলে এবং রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় পক্ষ দলে, জ্যোতিসেন উচ্চ বিদ্যালয় বিপক্ষ দলে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের যুক্তি তর্কের লড়াইয়ে বিজয়ী হয়েছে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ ও রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়।

    আগামী বৃহস্পতিবার (১৮ জুন) চুড়ান্ত পর্বে মুখোমুখি হবে এই দুই দল।

    বিতর্ক প্রতিযোগিতায় কবি-গল্পকার, প্রাবন্ধিক নাইক্ষ্যংছড়ি হাজি এম এ কালাম সরকারি কলেজের ইংরেজি প্রভাষক নীলোৎপল বড়ুয়া, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মং হ্লা প্রু পিন্টু, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী বেসরকারি সংস্থা একটেড এর অপারেশন কো-অর্ডিনেটর মো. তাসনিমুল হক শাওন সম্মানিত বিচারক এবং রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সুবীর বড়ুয়া বুলু সময়রক্ষক এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সুকুমার বড়ুয়া বুলু ফলাফল নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

    রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খালেদ শহীদ জানান, রামুতে মাধ্যমিক স্কুল-মাদ্রাসা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অনুুষ্ঠিত হয়ে প্রথম ও দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা। এতে ক গ্রুপে জ্যোতিসেন উচ্চ বিদ্যালয় পক্ষে আল গিফারী (রা:) আদর্শ দাখিল মাদ্রাসা বিপক্ষে, খ গ্রুপে রামু ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয় পক্ষে সাইমুম সরওয়ার কমল উচ্চ বিদ্যালয় বিপক্ষে, গ গ্রুপে রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ পক্ষ দলে, ঘ গ্রুপে পশ্চিম গোয়ালিয়াপালং এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় পক্ষ দলে ধেছুয়াপালং উচ্চ বিদ্যালয় বিপক্ষ দলে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।

  • ফুলবাড়ী বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ইস্কফ সিরাপ আটক

    ফুলবাড়ী বিজিবি কর্তৃক ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ইস্কফ সিরাপ আটক

    দিনাজপুর প্রতিনিধি

    দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি কতৃক ১৩ জুন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মনিপুর এবং খানপুর বিওপি কর্তৃক দীর্ঘ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক ০২টি মাদক প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৯৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৫ বোতল ইস্কফ সিরাপ আটক করে।

    আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য-২,৪৬,৮০০/- (দুই লক্ষ ছেচল্লিশ হাজার আটশত) টাকা।

    এবিষয়ে ২৯ বিজিবি অধিনায়ক জানান ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

  • জীবননগরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

    জীবননগরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

    চুয়াডাঙ্গা প্রতিনিধি

    বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে চুয়াডাঙ্গার জীবননগরে পানিতে ডুবে হাফসা খাতুন নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

    শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামে এই দূর্ঘটনা ঘটে।

    হাফসা খাতুন একই গ্রামের মাঝ পাড়ার জাহাঙ্গীর হোসেনের মেয়ে।

    শিশু হাফসা খাতুনের আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে চলছে শোকের মাতম।

    পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে হাফসা খাতুন বাড়ির পশ্চিম পাশে আতিয়ার মন্ডলের পুকুর সংলগ্ন স্থানে খেলা করতে যায়।খেলার এক পর্যায়ে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায় সে। কিছুক্ষণ পর তার বাবা বাজার থেকে বাড়ি ফিরে এসে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের ওই পুকুরে হাফসার মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্বজনরা দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

    এ বিষয় জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, ধান্যখোলা গ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যুর সংবাদ শুনে আমরা মৃতদেহের সুরাতহাল রিপোর্ট তৈরি করেছি। এছাড়াও জীবননগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

  • কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ, আহত-১০

    কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ, আহত-১০

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় এক হজযাত্রীর ফেলে আসা লাগেজকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১০টা থেকে উপজেলা সদরের কদমতলী এলাকায় স্থানীয় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহপুর গ্রামের এক বৃদ্ধা চলতি বছর কসবা হজ কাফেলার মাধ্যমে পবিত্র হজ পালন করতে সৌদি আরব যান। দেশে ফেরার সময় তিনি একটি লাগেজ সৌদি আরবে ফেলে আসেন। পরবর্তীতে লাগেজটি ফিরিয়ে আনার জন্য তার পরিবারের সদস্যরা গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট হজ এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন।

    অভিযোগ রয়েছে, লাগেজ হারানোর দায় হজযাত্রীর নিজস্ব দায়িত্ব বলে জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ক্ষুব্ধ স্বজনরা হজ এজেন্সির কার্যালয়ে ভাঙচুর চালান বলে স্থানীয়রা জানান।

    এর জের ধরে শনিবার সকালে কদমতলী এলাকায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

    কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, “হজযাত্রীর লাগেজ নিয়ে সৃষ্ট উত্তেজনা থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।”

    এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

  • এলইডি স্ক্রিনে বিশ্বকাপ দেখানোর দাবি ইবি ছাত্রদলের

    এলইডি স্ক্রিনে বিশ্বকাপ দেখানোর দাবি ইবি ছাত্রদলের

    ইবি প্রতিনিধি 

    এলইডি স্ক্রিনে ফিফা বিশ্বকাপ খেলা দেখানোর দাবিতে স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। শনিবার (১৩ জুন) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী বরাবর এ স্মারকলিপি দেন সংগঠনটির নেতাকর্মীরা।

    এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সদস্য সচিব মো মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য রাফিজ আহমেদ, স্বাক্ষর, সাব্বির ও রোকনুজ্জামান অর্ক।

    স্মারকলিকিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী আবাসিক হলে অবস্থান করায় সবার পক্ষে নিজস্ব ব্যবস্থায় খেলা উপভোগ করা সম্ভব হয় না। তাই শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও আনন্দঘন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ক্যাম্পাসের কোনো উপযুক্ত স্থানে এলইডি স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ খেলাসমূহ প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত সময়োপযোগী ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগ হবে।

    এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী বলেন, প্রস্তাবটি আমি উপাচার্য মহোদয়কে অবগত করবো। পরবর্তীতে পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।