জসিম হোসেন, ঝিনাইদহ প্রতিনিধি:
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে জারি করা ১৩৩টি অধ্যাদেশ বিল আকারে জাতীয় সংসদে পেশ করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। তিনি বলেন, আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই এসব অধ্যাদেশ উত্থাপন করা হবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী জানান, সংবিধানসম্মত প্রক্রিয়ায় জারি করা অধ্যাদেশগুলোকে সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে আইন প্রণয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এবং দেশের গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী হবে।
নরসিংদীর চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের কাউকে যদি কেউ আশ্রয়-প্রশ্রয় দেয়, তবে তাদেরও আইনের আওতায় আনা হবে। অপরাধীদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে বলে তিনি মন্তব্য করেন।
মামলাজট সম্পর্কে আইনমন্ত্রী বলেন, দেশে বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা একটি বড় সমস্যা। এ সংকট নিরসনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন, অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকাকালে যতটা তৎপর ছিলেন, বর্তমান দায়িত্বে তার চেয়েও বেশি তৎপরতা দেখা যাবে।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ ও রাশেদ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
