ওমর ফারুক, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ৩টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) মাননীয় পুলিশ সুপার নীলফামারীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মতলুবর রহমানের নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল জলঢাকা থানাধীন টেঙ্গনমারী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে মো. কালাম হোসেনের চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শাহ মোহাম্মদ বুলেট (২৫), মো. আদর আলী (২৪), মো. হাসান আল ফিরোজ (ছোটন) (২৪), মো. মনিরুজ্জামান সজীব (২৫), মো. রাকিবুল হাসান লাবিব (১৯), মো. সিরাজ উদ্দিন (২৩) ও মো. আহসান হাবিব (হাসান) (২৪)। তারা সবাই নীলফামারী জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, তল্লাশিকালে তাদের হেফাজত থেকে মোট ১১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৩টি রেজিস্ট্রেশনবিহীন SUZUKI Gixxer FI ABS SF মোটরসাইকেল উদ্ধার করা হয়। জব্দকৃত মোবাইল ফোনগুলো যাচাই করে দেখা যায়, সেগুলোতে অনলাইন ভিসা প্রতারণা, অনলাইন ক্যাসিনো ও বেটিং সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাপস এবং একাধিক বেটিং অ্যাকাউন্ট লগইন অবস্থায় রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইন মাধ্যমে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি অনলাইন জুয়ার কার্যক্রম পরিচালনা করছিল।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
