ওমর ফারুক, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে একটি সেমাই কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (০১ মার্চ ২০২৬) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়, নীলফামারী ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নীলফামারীর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কিশোরগঞ্জ উপজেলার শরীফ এন্টারপ্রাইজের “এসপি স্পেশাল লাচ্ছা সেমাই” কারখানায় একাধিক গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কারখানায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত, সংরক্ষণ ও মোড়কজাত করা হচ্ছিল।
পরিদর্শনে দেখা যায়, পঁচা ময়লা ও আবর্জনার স্তুপের পাশেই সেমাই তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া ডালডা গলানো ও সেমাই প্রস্তুতের কাজে পোড়া ও পুনর্ব্যবহৃত তেল ব্যবহার করা হচ্ছিল, যা মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।
আরও দেখা যায়, কারখানার শ্রমিকরা কোনো ধরনের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সামগ্রী (হেয়ার ক্যাপ, গ্লাভস, মাস্ক) ব্যবহার না করেই খাদ্যপণ্য প্রস্তুত করছিলেন। একই সঙ্গে কম ওজন দিয়ে পণ্য মোড়কজাত করা এবং অননুমোদিত রাসায়নিক ব্যবহার করার বিষয়টিও প্রমাণিত হয়।
উল্লেখিত অপরাধসমূহের দায় স্বীকারের ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়। পাশাপাশি কারখানায় ব্যবহৃত অননুমোদিত কেমিক্যাল জব্দ করে ধ্বংস করা হয়।
এসময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ অনুযায়ী বিধি মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।
কর্তৃপক্ষ আরও জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে অনিয়ম প্রমাণিত হলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
