মহেশপুরে কুপিয়ে জখম
ঝিনাইদহ জেলা প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিটুমিন গলানোর ফলে সৃষ্ট পরিবেশ দূষণে বাধা দেওয়াকে কেন্দ্র করে সাবেক এক সেনা অফিসারসহ সাতজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মহেশপুর উপজেলার একটি গ্রামীণ সড়ক নির্মাণের জন্য জনবসতিপূর্ণ এলাকায় বিটুমিন গলানোর সময় আগুনের ফুলকি ও ঘন কালো ধোঁয়ায় আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়। এতে শিশু ও বৃদ্ধসহ এলাকার বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বিবেচনায় স্থানীয় বাসিন্দারা বিটুমিন গলানোর কাজে বাধা দিলে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন বিষয়টি উপেক্ষা করে কাজ চালিয়ে যেতে থাকে।
পরবর্তীতে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকালে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আনিসুর রহমান কামু নিষেধ করতে গেলে ঠিকাদারের অনুসারী উপজেলার মান্দারবাড়ি এলাকার মোস্তফা ও তার লোকজন আনিসুরকে মারধর শুরু করে৷ এসময় তার ডাকচিৎকারে আনিসুরকে বাঁচাতে এগিয়ে আসলে তার পরিবারের সদস্য মাবুদ, লিটু, আক্কাস, কবির ও দিলশান কুপিয়ে জখম ছুরিকাঘাত করে পালিয়ে যায় মোস্তফার লোকজন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের মধ্যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।
আহত আনিসুর রহমান কামু জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছে কিছু বুঝে ওঠার আগেই মোস্তফার নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসী আলামিন সহ ১০ থেকে ১৫ জন তার উপর উপর্যুপরি হামলা চালায়। এই হামলা পরিকল্পিত বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
