সোহেল রানা, রাজবাড়ী
রাজবাড়ীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আতর শেখ হত্যা মামলার ৬ জন আসামিকে ঢাকার ধামরাই থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
শনিবার ( ২৮ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৫ টার সময় র্যাব-১০-এর একটি চৌকস আভিযানিক দল, আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-৪-এর সহযোগিতায় ধামরাই থানা-র সিতি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে এজাহারভুক্ত আসামি রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া খন্দকারপাড়ার মৃত জব্বার সরদারের ছেলে কামিল সর্দার (৩৫), মধু শেখের ছেলে রকি শেখ (২৬) কে গ্রেপ্তার করে। পরে একই থানার নওগাঁওকাইত এলাকা হতে এজাহারভুক্ত আসামি একই গ্রামের জামিন সরদারের ছেলে রাইসুল ইসলাম আছাদ ওরফে তুফান সর্দার (২২) হাসান সর্দার (২৩), সিদ্দিক শেখের ছেলে মোঃ বাশার শেখ (২৬), মোঃ শুভ শেখ (২০) কে গ্রেপ্তার করে।
মামলা সুত্রে জানাগেছে, গত ২৩ ফেব্রুয়ারি সকাল ৭ টার সময় রাজবাড়ী সদর থানার বেথুলিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সামসুল হক সূর্য গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রজব আলী শেখের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এতে আতর শেখ, রাকিব আব্দুল কুদ্দুস, শাহীন শেখ ও দুলালসহ আরও অনেকে গুরুতর রক্তাক্ত জখমপ্রাপ্ত হন। হামলাকারীরা বসতবাড়ি ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। গুরুতর আহত আতর শেখ চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ মৃত্যুবরণ করেন। এ ঘটনায় রাজবাড়ী সদর থানা-এ একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই ধারাবাহিকতায় র্যাব-১০-এর একটি চৌকস আভিযানিক দল, আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-৪-এর সহযোগিতায় গ্রেপ্তার করে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
