২০২৫-২০২৬ অর্থবছরে নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফের ঐচ্ছিক তহবিল থেকে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ ২৮ জনের মাঝে নগদ অর্থ ও অনুদান বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন নীলফামারী-২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ। এ সময় তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের অবদান কখনোই ভোলার নয়। তাঁদের কল্যাণ ও সম্মান নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সকলের দায়িত্ব। মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা শিক্ষা অফিসার জনাব রুহুল আমীন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নীলফামারী সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সুধাংশু কুমার রায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা জামায়াতের আমীর আবু হানিফা শাহ, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আহমাদ রায়হানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে উপকারভোগীরা এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। অনুদান বিতরণ কর্মসূচি শেষে মুক্তিযোদ্ধাদের অবদান ও কল্যাণে সকলের সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

