Category: খেলাধুলা

  • হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

    হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

    স্পোর্টস ডেস্ক 

    মরোক্কোর বিপক্ষে বিশ্বকাপ যাত্রাটা সুখকর হয়নি ব্রাজিলের। ১-১ গোলের সমতা নিয়ে ম্যাচের ইতি টেনেছে কার্লো আনচেলত্তির দল। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শনিবার হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এর আগেই ফিফা থেকে সুখবর পেয়েছে ব্রাজিল। ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সবশেষ হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে ওঠেছে নেইমারদের দল।

    বিশ্বকাপে প্রথম রাউন্ডের খেলা শেষ হওয়ায় ফিফা র‌্যাঙ্কিংয়ে বেশ কিছু পরিবর্তন এসেছে। সেনেগালকে ৩-১ গোলে হারিয়ে এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছে ফ্রান্স। বিপরীতে কেপ ভার্দের সঙ্গে ড্র করায় এক ধাপ পিছিয়ে তিনে নেমে গেছে স্পেন।

    মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও র‌্যাঙ্কিংয়ে লাভ হয়েছে ব্রাজিলের। ডিআর কঙ্গোর সঙ্গে ড্রয়ের পর পয়েন্ট হারিয়ে পর্তুগাল পাঁচ থেকে সাত নম্বরে নেমে যাওয়ায় এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে উঠেছে সেলেসাওরা। একইভাবে ব্রাজিলের বিপক্ষে ড্র করায় এক ধাপ উন্নতি করে ছয় নম্বরে জায়গা পেয়েছে মরক্কো।

    শীর্ষ দশেও এসেছে পরিবর্তন। জার্মানি এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছে, আর বেলজিয়াম নেমে গেছে দশে। ইংল্যান্ড ও নেদারল্যান্ডস অবশ্য আগের অবস্থানই ধরে রেখেছে, তারা যথাক্রমে চতুর্থ ও অষ্টম স্থানে অবস্থান করছে।

    তবে টেবিলের শীর্ষস্থানে কোনো পরিবর্তন আসেনি। আর্জেন্টিনা আগের মতোই এক নম্বরে রয়েছে। লিওনেল মেসির দল আলজেরিয়ার বিপক্ষে জয় পাওয়ার পর তাদের পয়েন্ট বাড়ালেও তাদের অবস্থান অক্ষুণ্ণ রয়েছে। আর্জেন্টিনার পয়েন্ট ১৮৮৯.০৬, আর দুই নম্বরে থাকা ফ্রান্স মাত্র দুই পয়েন্ট পিছিয়ে।

    অন্যদিকে কলম্বিয়া উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে উঠে এসেছে ১১ নম্বরে। মেক্সিকো দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে জায়গা করে নিয়েছে ১৩ নম্বরে। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে হারার পর ক্রোয়েশিয়া তিন ধাপ পিছিয়ে এখন ১৪ নম্বরে অবস্থান করছে।

    যুক্তরাষ্ট্র প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে দুই ধাপ এগিয়ে ১৫ নম্বরে উঠেছে। জাপানও এক ধাপ উন্নতি করে এখন ১৭ নম্বরে। ডিআর কঙ্গো তিন ধাপ এগিয়ে পৌঁছেছে ৪৩ নম্বরে।

  • আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে সম্ভাব্য বিজয়ীর নাম জানাল সুপার কম্পিউটার

    আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে সম্ভাব্য বিজয়ীর নাম জানাল সুপার কম্পিউটার

    স্পোর্টস ডেস্ক 

    উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার (১৭ জুন) কানসাস সিটিতে গ্রুপ ‘জে’-এর উদ্বোধনী ম্যাচে আফ্রিকার অন্যতম শক্তিশালী দল আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। ম্যাচের আগে পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসে স্পষ্টভাবেই এগিয়ে রাখা হয়েছে লিওনেল মেসিদের।

    ফুটবল পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার ২৫ হাজারবার ম্যাচটির সম্ভাব্য ফলাফল সিমুলেশন করে দেখেছে, অধিকাংশ ক্ষেত্রেই জয়ী হিসেবে উঠে এসেছে আর্জেন্টিনা। তাদের হিসাব অনুযায়ী, বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের সম্ভাবনা ৬৭ দশমিক ৮ শতাংশ। বিপরীতে আলজেরিয়ার জয়ের সম্ভাবনা ধরা হয়েছে মাত্র ১৩ শতাংশ। আর ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ১৯ দশমিক ২ শতাংশ।

    শুধু এই ম্যাচ নয়, গ্রুপ পর্বের লড়াইয়েও আর্জেন্টিনাকে এগিয়ে রাখছে সুপারকম্পিউটার। অস্ট্রিয়া ও জর্ডানকে নিয়ে গঠিত গ্রুপ ‘জে’-তে শীর্ষস্থান দখল করে শেষ ষোলোতে ওঠার সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখা হচ্ছে আলবিসেলেস্তেদের। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে তাদের সম্ভাবনা দেখানো হয়েছে ৬৯ দশমিক ২ শতাংশ। তবে আলজেরিয়াকেও একেবারে উড়িয়ে দেয়া হচ্ছে না। আফ্রিকার প্রতিনিধিদের নকআউট পর্বে জায়গা করে নেয়ার সম্ভাবনা ধরা হয়েছে ৫৭ দশমিক ৪ শতাংশ।

    এই ম্যাচটি আরেকটি কারণে বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ২৬টি ম্যাচ খেলার রেকর্ড আগেই নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। এবার আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই তিনি গড়বেন নতুন এক মাইলফলক। ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে অংশ নেয়ার কীর্তি গড়বেন। বিশ্বমঞ্চে দীর্ঘ ক্যারিয়ারের আরেকটি স্মরণীয় অধ্যায় যুক্ত হবে তার নামের পাশে।

    বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা ও আলজেরিয়ার এটি হবে প্রথম আনুষ্ঠানিক মুখোমুখি লড়াই। তবে দু’দলের একমাত্র পূর্ববর্তী সাক্ষাৎ হয়েছিল প্রায় দুই দশক আগে। ২০০৭ সালের জুনে বার্সেলোনার ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ৪-৩ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচটি বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে তরুণ মেসির জন্যও। আন্তর্জাতিক ফুটবলে প্রথমবারের মতো জোড়া গোল করেছিলেন তিনি, যা পরবর্তীতে তার কিংবদন্তি হয়ে ওঠার যাত্রার অন্যতম সূচনালগ্ন হিসেবে বিবেচিত হয়।

    তবে এবার আর্জেন্টিনার ভরসা শুধু মেসি নন। দলের আক্রমণভাগে আছেন দুর্দান্ত ফর্মে থাকা লাউতারো মার্টিনেজ ও হুলিয়ান আলভারেজ। বিশ্বকাপ বাছাইপর্বে দুজনই চারটি করে গোল করেছেন। স্কালোনির দল চাইবে সেই ধারাবাহিকতা বিশ্বকাপেও ধরে রাখতে। কাতারে শিরোপা জয়ের পর এবার তাদের লক্ষ্য আরও বড় ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়া।

    পরিসংখ্যানও আর্জেন্টিনার পক্ষেই কথা বলছে। ১৯৯০ সালে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হারের পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আর কখনো গোলশূন্য থাকেনি আর্জেন্টিনা। গত ৩৪ বছরে প্রতিটি বিশ্বকাপেই নিজেদের প্রথম ম্যাচে অন্তত একবার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে তারা।

    অন্যদিকে, আলজেরিয়াও সহজ প্রতিপক্ষ নয়। আফ্রিকান বাছাইপর্বে ১০ ম্যাচে ২৪ গোল করে বিশ্বকাপে জায়গা করে নেয়া দলটি আক্রমণাত্মক ফুটবল খেলেই নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে। বিশেষ করে তাদের সবচেয়ে বড় ভরসা মোহাম্মদ আমৌরা। উলফসবার্গের এই ফরোয়ার্ড বাছাইপর্বে একাই করেছেন ১০ গোল, সঙ্গে ছিল ৪টি অ্যাসিস্ট। অর্থাৎ দলের মোট গোলের ৫৮ শতাংশেই ছিল তার সরাসরি অবদান। ফলে আর্জেন্টিনার রক্ষণভাগকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে এই ফরোয়ার্ডকে ঘিরেই।

    সব মিলিয়ে কাগজে-কলমে এবং পরিসংখ্যানের বিচারে এগিয়ে আছে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপের মঞ্চ বহুবার দেখিয়েছে, পূর্বাভাস সব সময় বাস্তবে মেলে না। তাই কানসাস সিটির লড়াইয়ে সুপারকম্পিউটার মেসিদের পক্ষে রায় দিলেও মাঠের ৯০ মিনিটই শেষ পর্যন্ত নির্ধারণ করবে আসল গল্প।

  • বিশ্বকাপের উন্মাদনায় ববিতে আর্জেন্টাইন সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

    বিশ্বকাপের উন্মাদনায় ববিতে আর্জেন্টাইন সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

    ববি প্রতিনিধি

    বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাস। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে ক্যাম্পাসে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা।

    আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে মিছিলের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। আর্জেন্টিনার জাতীয় পতাকা,জার্সি, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে অংশহরণকারী আর্জেন্টাইন সমর্থক শিক্ষার্থীরা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এ সময় ফুটবলপ্রেমী শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও স্লোগানে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

    এই শোভাযাত্রায় আর্জেন্টিনা সাপোর্টারস এসোসিয়েশনের সভাপতি জাবের আকন বলেন আর্জেন্টিনা সমর্থকরা শুধু আর্জেন্টিনা সাপোর্ট করে না তারা এই দলকে ভালোবাসা এবং আবেগ দিয়ে উপলব্ধি করে। তিনি বলেন আর্জেন্টিনা সবার সেরা দল তারা ২০২২ এ তা প্রমাণ করেছে এবং এই জয়ের ধারা তারা এবারও অব্যাহতি রাখবে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টাইন সমর্থকগোষ্ঠী সব সময় তাদের সাথে ছিলাম আছি এবং থাকব। এবারের বিশ্বকাপ আসরে আর্জেন্টিনা আরো শক্তিশালী দ্বারা এবার বিশ্বকাপ আবারও উঁচিয়ে ধরবে।

    এছাড়াও ববি শিক্ষার্থী ও আর্জেন্টাইন সমর্থক অমিও বলেন, আমি যে জার্সি পড়েছি এটা আর কিছুদিন পর আর গায়ে জড়াতে পারব না। কারণ এই জার্সিতে থ্রি স্টার কিছুদিন পর আমাদের এই জার্সিতে আরো একটা স্টার বেড়ে যাবে। আমরা এই আর্জেন্টিনা দলকে নিয়ে অনেক আশাবাদী। এই দল আমাদের হতাশ করবে না।

    শোভাযাত্রা শেষে সমর্থকদের মধ্যে বিশ্বকাপকে ঘিরে বাড়তি উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, ফুটবলপ্রেমীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও খেলাধুলার ইতিবাচক সংস্কৃতি ছড়িয়ে দিতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

  • ইতিহাস গড়া কেপ ভার্দের জার্সি নির্মাতা বাংলাদেশ

    ইতিহাস গড়া কেপ ভার্দের জার্সি নির্মাতা বাংলাদেশ

    স্পোর্টস ডেস্ক 

    ফুটবল বিশ্বকাপে স্পেনের মতো শক্তিশালী দলকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে কেপ ভার্দে। তবে মাঠের এই চমকের আড়ালে রয়েছে বাংলাদেশের একটি নীরব সাফল্যের গল্পও। সেটা আর কিছুই নয়, বাংলাদেশের তৈরি জার্সি।

    সোমবার (১৫ জুন) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ইতিহাস গড়ে আফ্রিকার ছোট্ট দ্বীপ রাষ্ট্র কেপ ভার্দে। শিরোপার অন্যতম দাবিদার স্পেনের বিপক্ষে ড্র করে তারা ফুটবলপ্রেমীদের বিস্মিত করেছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কেপ ভার্দে জাতীয় দলের জার্সির কাপড় সরবরাহ করেছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠান ইয়ঙ্গান কর্পোরেশন। আর জার্সিগুলোর উৎপাদন হয়েছে ঢাকায় অবস্থিত স্পোর্টসওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান কাপেলি স্পোর্টের কারখানায়।

    বিশ্বকাপের মতো বৈশ্বিক ক্রীড়া আসরে বাংলাদেশের উপস্থিতি সাধারণত মাঠে দেখা যায় না। তবে পোশাক ও ক্রীড়া সামগ্রী উৎপাদনের মাধ্যমে দেশটি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের সঙ্গে যুক্ত। কেপ ভার্দের এই আলোচিত ম্যাচ সেই অবদানকেই নতুন করে সামনে নিয়ে এসেছে।

    বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশ্ববাজারে আগেই শক্ত অবস্থান তৈরি করেছে। সাম্প্রতিক বছরগুলোতে স্পোর্টসওয়্যার উৎপাদনেও দেশের সক্ষমতা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। আন্তর্জাতিক বিভিন্ন ক্লাব ও জাতীয় দলের জার্সি উৎপাদনের সঙ্গে যুক্ত হচ্ছে স্থানীয় প্রতিষ্ঠানগুলো।

    ফুটবলের মাঠে স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দে যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি তাদের জার্সি তৈরির মাধ্যমে বাংলাদেশের উৎপাদনশিল্পও পেয়েছে আন্তর্জাতিক অঙ্গনে নতুন এক পরিচিতি। ম্যাচের স্কোরলাইন হয়তো সময়ের সঙ্গে বদলে যাবে, কিন্তু বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের এই নীরব উপস্থিতি দেশের শিল্পখাতের সক্ষমতার আরেকটি উদাহরণ হয়ে থাকবে।

  • নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

    নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

    স্পোর্টস ডেস্ক 

    ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের জন্য দুঃসংবাদ যেন পিছুই ছাড়ছে না। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করার পর এবার চোটগ্রস্ত তারকা ফরোয়ার্ড নেইমারকে নিয়ে আরও হতাশাজনক খবর পেল সেলেসাও শিবির। সর্বশেষ তথ্য অনুযায়ী, গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচেও মাঠে নামতে পারবেন না ব্রাজিলের এই সুপারস্টার।

    আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৪ বছর বয়সী নেইমার এখনো পুরোপুরি অনুশীলনে ফিরতে পারেননি। গত ১৭ মে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে খেলতে গিয়ে কাফ মাংসপেশিতে গ্রেড-২ ইনজুরিতে পড়েন তিনি। সেই চোট থেকে পুনর্বাসন প্রক্রিয়া এখনো শেষ হয়নি।

    বিশ্বকাপের জন্য ঘোষিত ব্রাজিল দলে জায়গা পেলেও এখন পর্যন্ত মাঠে নামা হয়নি নেইমারের। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে তিনি বেঞ্চে থাকলেও ম্যাচে খেলতে পারেননি। সোমবারও দলের অনুশীলনে অংশ নিতে পারেননি এই অভিজ্ঞ ফরোয়ার্ড।

    ব্রাজিল দলের মেডিকেল বিভাগ নেইমারের সর্বশেষ শারীরিক অবস্থার মূল্যায়নে নতুন করে পরীক্ষা-নিরীক্ষা করেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ দুটি তিনি মিস করবেন। দলের চিকিৎসকরা তাকে নকআউট পর্বের জন্য প্রস্তুত করার পরিকল্পনা করছেন।

    বিষয়টি নিয়ে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘নেইমার দ্রুত সুস্থ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা চাই সে পুরোপুরি ফিট হয়ে দলে ফিরুক। তার অভিজ্ঞতা এবং নেতৃত্ব তরুণদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

    বিশ্বকাপের আগে নেইমারের ফিটনেস নিয়ে যে শঙ্কা ছিল, সেটিই এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। ফলে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

    নেইমারের অনুপস্থিতি ব্রাজিলের আক্রমণভাগে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে সমর্থকদের আশা, গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট রাউন্ডে দলের সবচেয়ে বড় তারকা ফিরে এসে আবারও নেতৃত্ব দেবেন শিরোপা জয়ের অভিযানে।

  • একদিনে ৪ ম্যাচ ড্র, ভাঙ্গল ৬৮ বছরের রেকর্ড

    একদিনে ৪ ম্যাচ ড্র, ভাঙ্গল ৬৮ বছরের রেকর্ড

    স্পোর্টস ডেস্ক 

    বিশ্বকাপে ফুটবলপ্রেমীরা এক ঐতিহাসিক ও অবিশ্বাস্য দিন প্রত্যক্ষ করলেন। সোমবার বিশ্বমঞ্চে মাঠে নেমেছিল মোট আটটি দল। সাধারণত ফুটবল ম্যাচে হার-জিতের রোমাঞ্চ দেখতেই দর্শক মাঠে আসেন, কিন্তু এই দিনটি ফুটবল ইতিহাসকে রাঙাল সম্পূর্ণ ভিন্ন এক গল্পে। এদিন অনুষ্ঠিত চারটি ম্যাচের প্রতিটিই শেষ হয়েছে ড্রয়ের মাধ্যমে। আর এই অদ্ভুত সমতার মধ্য দিয়ে ভেঙে গেছে দীর্ঘ ৬৮ বছরের পুরোনো এক ঐতিহাসিক রেকর্ড। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ইরান ও নিউজিল্যান্ডের মধ্যকার ২-২ গোলের ড্র ম্যাচটি দিয়ে শেষ পর্যন্ত এই বিরল রেকর্ডের জন্ম হলো।

    রেকর্ড ভাঙার এই মহাকাব্যে অবশ্য শুধু ইরান ও নিউজিল্যান্ডের একার অবদান ছিল না। সোমবারের অন্য তিনটি ম্যাচও সমতায় শেষ হয়েছিল। দিনের প্রথম ম্যাচে স্পেন ও কেপ ভার্দে গোলশূন্য (০-০) ড্র করে। এরপর বেলজিয়াম ও মিশর মুখোমুখি হয়ে ১-১ গোলে মাঠ ছাড়ে। দিনের তৃতীয় ম্যাচে সৌদি আরব ও উরুগুয়েও ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে নেয়। সবশেষে ইরান ও নিউজিল্যান্ডের রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে শেষ হলে পূর্ণতা পায় এই ঐতিহাসিক দিন।

    একই দিনে বিশ্বকাপের সব ম্যাচ ড্র হওয়ার ঘটনা ফুটবল বিশ্বে সর্বশেষ ঘটেছিল ৬৮ বছর আগে। ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে এমন একটি দিনের দেখা মিলেছিল। কাকতালীয়ভাবে, ১৯৫৮ সালের সেই দিনটিও ছিল ১৫ জুন। তবে ২০২৬ সালের ১৫ জুনের এই দিনটি এক দিক থেকে বিশ্বকাপ ইতিহাসে সম্পূর্ণ অনন্য ও একক রেকর্ডের জন্ম দিয়েছে।

    ৬৮ বছর আগের সেই দিনেও ৪টি ম্যাচ ড্র হয়েছিল, তবে সেদিন আরও ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এবং সেই ৪টি ম্যাচের স্পষ্ট ফলাফল এসেছিল। কিন্তু বিশ্বকাপের ইতিহাসে এক দিনে অনুষ্ঠিত হওয়া সবকটি ম্যাচই ড্র হওয়ার কোনো নজির আগে ছিল না। ফলে ২০২৬ সালের ১৫ জুনে এসে ফুটবল বিশ্ব দেখল ‘এক দিনে সব ম্যাচ ড্রয়ের নজির নেই কোনো বিশ্বকাপেই।’ এর মাধ্যমে আগের সব ইতিহাস ভেঙে এক নতুন উচ্চতায় পৌঁছাল চলতি বিশ্বকাপ।

    ইতিহাস গড়ার এই ম্যাচে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। ম্যাচের শুরুতেই ইরানকে চমকে দিয়ে এগিয়ে যায় নিউজিল্যান্ড। খেলার মাত্র ৭ মিনিটে দলের পক্ষে প্রথম গোল করেন এলিজাহ জাস্ট। নিউজিল্যান্ডের অধিনায়ক ক্রিস উডের একটি দারুণ পাস থেকে বল পেয়ে তিনি ঠান্ডা মাথায় ইরানের জালে বল পাঠান।

    ১-০ গোলে পিছিয়ে পড়েও ইরান ম্যাচ থেকে ছিটকে যায়নি, বরং তারা দুর্দান্তভাবে আক্রমণ চালাতে থাকে। ফলশ্রুতিতে ৩২ মিনিটে রামিন রেজাইয়ান বক্সের খুব কাছ থেকে নিখুঁত এক শটে গোল করে দলকে সমতায় ফেরান। সমতাসূচক এই গোলের পর পুরো লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে উপস্থিত ইরানি সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। প্রথমার্ধের খেলা ১-১ সমতায় শেষ হয়।

    বিরতির পর মাঠের লড়াই আরও জমে ওঠে। ৫৪ মিনিটে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় নিউজিল্যান্ড। অধিনায়ক ক্রিস উডের আরেকটি চমৎকার সহায়তায় নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন এলিজাহ জাস্ট। ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দকে একা পেয়ে অত্যন্ত শান্তভাবে তিনি বল জালে জড়িয়ে দেন।

    নিউজিল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর ইরান আবারও গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে। তারা একের পর এক আক্রমণ শানাতে থাকে নিউজিল্যান্ডের রক্ষণভাগে। ম্যাচের ৬৪ মিনিটে মোহাম্মদ মুহিবি দারুণ এক হেডে প্রতিপক্ষের বল জালে জড়িয়ে দেন। ফলে ম্যাচ আবার ২-২ গোলের সমতায় ফেরে।

    শেষ বাঁশি বাজা পর্যন্ত দুই দলের কেউই আর কোনো গোল করতে পারেনি। ফলে দুই দলই এক পয়েন্ট করে নিয়ে মাঠ ছাড়ে। তবে এই ম্যাচটি শুধু মাঠের লড়াই বা পয়েন্ট ভাগাভাগির জন্য নয়, ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে ৬৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন এক কীর্তি স্থাপন করার জন্য।

  • কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস

    কুবিতে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিল ও উল্লাস

    কুবি প্রতিনিধি

    বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসা ও উন্মাদনা প্রকাশ করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দলটির ভক্ত ও সমর্থকদের উদ্যোগে এক উৎসবমুখর আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    ​রবিবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। ক্যাম্পাসের গোলচত্বর থেকে শুরু হয়ে প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।

    ​শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকেরা আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সি পরিধান করে এবং আর্জেন্টিনা দলের পতাকা ও ব্যানার নিয়ে উপস্থিত হন। এ সময় ক্যাম্পাস জুড়ে ভক্তদের চিরচেনা স্লোগান ও উল্লাসে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

    ​আর্জেন্টাইন সমর্থক মোহাম্মদ নাঈম খান তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “ছোটোবেলা থেকেই আর্জেন্টিনাকে মনে-প্রাণে সমর্থন করি। দলের প্রথম ম্যাচের জয়-পরাজয় দিয়ে আমাদের ভালোবাসা পরিমাপ করা যায় না। গত বিশ্বকাপে প্রথম ম্যাচে হেরেও শেষ পর্যন্ত আমরাই চ্যাম্পিয়ন হয়েছি। এবারও লিওনেল মেসির ওপর আমাদের পূর্ণ ভরসা আছে এবং আমরাই ট্রফি জিতব।”

    ​চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সাম্প্রতিক পারফরম্যান্স টেনে আরেক সমর্থক সাইফ মাশরাফি বলেন, “গতকাল মরক্কোর সাথর ব্রাজিলের আজকের এই শোভাযাত্রার আনন্দ আমাদের মাঝে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ব্রাজিলের হেক্সা মিশন দিন দিন তলানির দিকেই যাবে। আর এটাই আমরা আজকে বেশি করে উদ্‌যাপন করব।’

    ​আরেক সমর্থক শাহাদাত তানভীর রাফি বলেন, “২০২২ সালেও ব্রাজিল ‘হেক্সা মিশন’ এর স্বপ্ন দেখেছিল, এবারও দেখছে যা ২০৩০ সালেও অধরা থেকে যাবে বলে মনে হচ্ছে। এই তীব্র গরমে আর্জেন্টিনা ছাড়াও ব্রাজিল দলের সমর্থকদেরও আমরা ‘সেভেন আপ’ খেয়ে প্রাণ জুড়ানোর আমন্ত্রণ জানাচ্ছি।”

    ​প্রসঙ্গত, আগামী ১৭ই জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ফুটবল বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

  • কাল ভোরে মাঠে নামছে ব্রাজিল, খেলা দেখবেন যেভাবে

    কাল ভোরে মাঠে নামছে ব্রাজিল, খেলা দেখবেন যেভাবে

    স্পোর্টস ডেস্ক 

    বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে কাল ভোরে মাঠে নামছে ব্রাজিল। গ্রুপ ‘সি’ এর গুরুত্বপূর্ণ এই ম্যাচ সামনে রেখে অভিজ্ঞ ও পরীক্ষিত একাদশ নিয়েই দল সাজাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। ২০২২ বিশ্বকাপে অভিষেক ম্যাচে খেলা ফুটবলারদের মধ্য থেকে আটজনকে আবারও শুরুর একাদশে রাখার পরিকল্পনা করেছেন তিনি।

    এদিকে বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের কোটি সমর্থকের মধ্যে ইতোমধ্যেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। প্রিয় দলের খেলা দেখতে রাত জাগা, বন্ধুদের সঙ্গে আড্ডা আর পরিবারের সঙ্গে টেলিভিশনের সামনে বসার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন ফুটবলপ্রেমীরা। এর মধ্যেই দর্শকদের জন্য এসেছে স্বস্তির খবর টেলিভিশনের পাশাপাশি মোবাইল ফোন, ট্যাব ও অন্যান্য স্মার্ট ডিভাইসেও সরাসরি দেখা যাবে বিশ্বকাপের সব ম্যাচ।

    শুরুতে সম্প্রচার নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও তা কেটে গেছে। জানা গেছে, ফিফার কাছ থেকে সম্প্রচারস্বত্ব কিনে বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ সরাসরি সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), টি স্পোর্টস এবং সময় টেলিভিশন।

    টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও খেলা দেখার সুযোগ থাকছে। ফলে বাইরে থাকলেও ম্যাচ মিস হওয়ার আশঙ্কা নেই। স্মার্টফোন, ট্যাব বা ল্যাপটপ ব্যবহার করে সহজেই বিশ্বকাপ উপভোগ করতে পারবেন দর্শকরা।

    মোবাইলে বিশ্বকাপ দেখার জন্য ব্যবহার করা যাবে ‘মাই রবি’, বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম ‘টফি’, গ্রামীণফোনের ‘বায়োস্কোপ’ এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’। এসব অ্যাপে লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ম্যাচগুলো সরাসরি দেখা যাবে। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে স্মার্ট ডিভাইসেও বিশ্বকাপ উপভোগের সুযোগ থাকবে। অ্যাপগুলো গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাইনআপ করলেই লাইভ ম্যাচ দেখা যাবে।

    সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এবারের বিশ্বকাপের সম্প্রচারস্বত্বের মূল্য ৩০ থেকে ৪০ লাখ মার্কিন ডলারের মধ্যে নির্ধারিত হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ কোটি থেকে ৪৯ কোটি টাকার বেশি।

    এবারের বিশ্বকাপের ২৩তম আসরের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ১১ জুন আজতেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে টুর্নামেন্ট। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে এবারের আসরে। ৩৯ দিনব্যাপী এই প্রতিযোগিতায় তিন দেশের ১৬টি স্টেডিয়ামে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ১৯ জুলাই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসরের।

  • বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছেন ‘নকল’ শাকিরা!

    বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গেয়েছেন ‘নকল’ শাকিরা!

    স্পোর্টস ডেস্ক 

    বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান মানেই তারকাদের ঝলক, বর্ণিল আয়োজন আর বিশ্বজুড়ে কোটি দর্শকের নজর। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফরম্যান্সের পর এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। কিন্তু তার গান বা পরিবেশনা নয়, বরং আলোচনার বিষয় হয়ে উঠেছে তার চেহারা ও উপস্থিতি।

    মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে বৃহস্পতিবার (১১ জুন) শুরু হয়েছে ফুটবলের সবচেয়ে বড় আসর। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ পরিবেশন করেন শাকিরা ও নাইজেরিয়ান সংগীতশিল্পী বার্না বয়।

    তবে অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নতুন বিতর্ক। অনেক ভক্তের দাবি, মঞ্চে যাকে দেখা গেছে তিনি আসল শাকিরা নন; বরং তার মতো দেখতে কোনো ‘বডি ডাবল’ বা রূপধারী শিল্পী।

    এবারের অনুষ্ঠানে শাকিরাকে দেখা যায় একেবারে ভিন্ন সাজে। পরনে ছিল হলুদ রঙের পোশাক, সাদা শর্টস ও প্ল্যাটফর্ম স্নিকার্স। সবচেয়ে বেশি নজর কাড়ে তার নতুন চুলের রং। দীর্ঘদিনের পরিচিত সোনালি চুলের পরিবর্তে তিনি হাজির হন হালকা স্ট্রবেরি-লাল চুলে। পাশাপাশি বড় আকারের কালো সানগ্লাসে তার মুখের অনেকটাই ঢাকা ছিল। এই পরিবর্তিত লুকই ভক্তদের মধ্যে তৈরি করেছে নানা জল্পনা-কল্পনা।

    সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্ত লিখেছেন, ‘উনি কি সত্যিই শাকিরা? আমার তো মোটেও শাকিরা মনে হচ্ছে না।’ অন্য একজন মন্তব্য করেন, ‘আমি কি একাই ভাবছি যে এটা শাকিরার বডি ডাবল?’

    আরেকজন রসিকতা করে লেখেন, ‘বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ওরা শাকিরার মতো দেখতে কাকে নিয়ে এলো?’

    কিছু ভক্তের দাবি, পারফরমারের চোখের অভিব্যক্তি, শরীরী ভাষা এবং মঞ্চে উপস্থিতির ধরন শাকিরার পরিচিত স্টাইলের সঙ্গে পুরোপুরি মেলে না। যদিও এসব দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং এ বিষয়ে শাকিরা বা আয়োজকদের পক্ষ থেকেও কোনো মন্তব্য আসেনি।

    তবে বিতর্কের বাইরে গিয়ে অনেকেই বলছেন, এই পারফরম্যান্স শাকিরার ব্যক্তিগত জীবনের এক নতুন অধ্যায়ের প্রতীক। সাবেক স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে বহুল আলোচিত বিচ্ছেদের পর এটিই তার অন্যতম বড় আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তন।

    বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’-এর কথাতেও উঠে এসেছে ভেঙে পড়া থেকে ঘুরে দাঁড়ানোর গল্প। গানটির একটি উল্লেখযোগ্য লাইন ‘যা একসময় তোমাকে ভেঙে দিয়েছিল, সেটিই তোমাকে আরও শক্তিশালী করেছে।’

    সম্প্রতি এক সাক্ষাৎকারে গানটি নিয়ে কথা বলতে গিয়ে আবেগঘন কণ্ঠে শাকিরা বলেন, ‘জীবন আমাকে যতটা শক্তিশালী প্রমাণ করেছে, আমি সবসময় নিজেকে তার চেয়ে বেশি দুর্বল ভেবেছি। প্রতিটি অভিজ্ঞতার মধ্যেই একটা শিক্ষা লুকিয়ে থাকে। সেই শিক্ষার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, এমনকি যারা আপনাকে কষ্ট দিয়ে চলে গেছে তাদের প্রতিও। কারণ তারাই আমাদের আরও পরিণত ও শক্ত মানুষ হিসেবে গড়ে তোলে।’

    বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে শাকিরার উপস্থিতি যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি তার নতুন রূপ ঘিরে জন্ম দিয়েছে রহস্য ও বিতর্ক। ফলে ম্যাচের উত্তেজনার পাশাপাশি এখন আলোচনায় ‘আসল’ শাকিরাকে নিয়েই সরব ভক্তরা।

  • ব্রাজিলের পতাকা ও তারকা খেলোয়াড়দের ছবিতে রঙিন রুবেলের বাড়ি

    ব্রাজিলের পতাকা ও তারকা খেলোয়াড়দের ছবিতে রঙিন রুবেলের বাড়ি

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

    বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন মেতে উঠেছে গোটা দেশ, তখন সেই আবেগকে ব্যতিক্রমীভাবে প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছতুরা-চান্দপুর গ্রামের বাসিন্দা রুবেল মিয়া। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা থেকে তিনি নিজের বাড়িকে সাজিয়েছেন ব্রাজিলের জাতীয় পতাকার আদলে।

    বাড়ির ভবন ও সীমানা প্রাচীরজুড়ে ব্যবহার করা হয়েছে ব্রাজিলের পতাকার সবুজ, হলুদ ও নীল রং। পাশাপাশি দেয়ালে আঁকা হয়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দলের বিভিন্ন তারকা খেলোয়াড়ের প্রতিকৃতি। ভবনের একটি অংশে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকাও, যা ফুটবলপ্রেমের পাশাপাশি দেশপ্রেমের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

    ব্যতিক্রমী এই বাড়িটি দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ভিড় করছেন। শুধু ব্রাজিল সমর্থকরাই নন, অন্যান্য দলের সমর্থকরাও বাড়িটির নান্দনিকতা ও সৃজনশীল উদ্যোগের প্রশংসা করছেন।

    স্থানীয়দের দাবি, পুরো উপজেলায় এমন ব্যতিক্রমধর্মী ফুটবল-থিমের বাড়ি আর নেই। ফলে বাড়িটিকে ঘিরে এলাকার পরিচিতিও বাড়ছে এবং এটি স্থানীয় দর্শনার্থীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

    রুবেল মিয়া বলেন, “ছোটবেলা থেকেই আমি ব্রাজিল দলের সমর্থক। সেই ভালোবাসা থেকেই বাড়ির দেয়াল ও সীমানা প্রাচীর ব্রাজিলের পতাকার আদলে রং করিয়েছি। পাশাপাশি প্রিয় খেলোয়াড়দের ছবিও আঁকিয়েছি। প্রায় ১৬ দিন ধরে কাজ চলছে, এখন শেষ পর্যায়ে রয়েছে। এ কাজে প্রায় দেড় লাখ টাকা ব্যয় হয়েছে। অনেকেই বাড়িটি দেখতে আসছেন, এতে আমি আনন্দিত।”

    বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে রুবেল মিয়ার এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যেই এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফুটবলপ্রেম, শিল্পসৌন্দর্য ও সৃজনশীলতার মিশেলে গড়ে ওঠা এই বাড়ি এখন আখাউড়ার অন্যতম আকর্ষণ হিসেবে পরিচিতি পাচ্ছে।