ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করেছে র্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয় এবং দুইজনকে আটক করা হয়েছে।
র্যাব-১০ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) রাত ১১টা ৫০ মিনিটের দিকে র্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানার তোফাজ উদ্দিন ফিলিং স্টেশন এলাকায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় চুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকার মো. ছোট বাবু (৫১) এবং দামুড়হুদা উপজেলার মো. বাবু (৩১) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের নগরকান্দাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন বলেন, মাদক নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে বাহিনী।

