গোলরক্ষকের মহাকাব্যিক রাত, রুমের ১৫ সেভে ইতিহাসের পাতায় কুরাসাও

কানসাস সিটি স্টেডিয়ামে এক রাত যেন রূপ নিয়েছিল কেবল এক গোলরক্ষকের একক প্রদর্শনীতে। কুরাসাওয়ের অভিজ্ঞ গোলরক্ষক ইলোই রুম ইকুয়েডরের বিপক্ষে দুর্দান্ত এক পারফরম্যান্স উপহার দিয়ে ম্যাচটিকে গোলশূন্য ড্রয়ে শেষ করেন। ১৫টি সেভ করা এই ম্যাচে তিনি শুধু দলকে রক্ষা করেননি, বরং বিশ্বকাপ ইতিহাসেও নিজের নাম নতুন করে খোদাই করেছেন। ফক্স ও ইএসপিএন

৩৭ বছর বয়সী রুম ম্যাচজুড়ে একের পর এক আক্রমণ ঠেকিয়ে ইকুয়েডরের ফরোয়ার্ডদের হতাশায় ডুবিয়ে দেন। পরিসংখ্যান বলছে, ১৯৬৬ সাল থেকে সেভকে আনুষ্ঠানিকভাবে গণনা শুরু হওয়ার পর বিশ্বকাপের এক ম্যাচে এটি সর্বোচ্চ সেভের সমান রেকর্ড। এর আগে ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের টিম হাওয়ার্ডও বেলজিয়ামের বিপক্ষে ১৬টি সেভ করেছিলেন, তবে অতিরিক্ত সময়ে গিয়ে সেই ম্যাচ দীর্ঘায়িত হয়েছিল। সেই তুলনায় রুমের কীর্তি এসেছে নির্ধারিত সময়ের মধ্যেই।

এই পারফরম্যান্সের মাধ্যমে রুম আরও একটি অনন্য অর্জনের মালিক হয়েছেন। বিশ্বকাপে ক্লিন শিট রেখে এক ম্যাচে এত বেশি সেভ আর কেউ করেননি। অর্থাৎ গোল না খেয়ে এত চাপ সামলানোর নজির বিশ্বকাপ ইতিহাসে এটিই সর্বোচ্চ।

ম্যাচের শুরু থেকেই ইকুয়েডর আক্রমণের ঝড় তোলে। এননার ভ্যালেন্সিয়া একাধিকবার সুযোগ তৈরি করলেও রুম তার অবস্থান ও দ্রুত প্রতিক্রিয়ায় দলকে বাঁচিয়ে দেন। প্রথমার্ধে মাঝমাঠ ভেঙে কুরাসাও কিছু আক্রমণ সাজালেও শেষ মুহূর্তে ভুল পাস ও দুর্বল ফিনিশিংয়ে তারা গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধে চাপ আরও বাড়ে। মোইসেস কাইসেদোর জোরালো শট কিংবা ভ্যালেন্সিয়ার হেড সবই ফিরিয়ে দেন রুম। এমনকি এক কর্নারের পরপরই টানা দুটি সেভ করে তিনি যেন ইকুয়েডরের সব পরিকল্পনা ভেঙে দেন।

এই ম্যাচটি রুমের ক্যারিয়ারে এক দারুণ প্রত্যাবর্তনের গল্পও বটে। টুর্নামেন্টের শুরুতে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের বড় পরাজয় দেখেছিল কুরাসাও। সেই ধাক্কা সামলে পরের ম্যাচেই তারা ইতিহাস গড়ে বিশ্বকাপে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করল।

এক বিশ্বকাপ ম্যাচে সর্বোচ্চ সেভের তালিকা

  • যুক্তরাষ্ট্রের টিম হাওয়ার্ড (২০১৪ বনাম বেলজিয়াম)-১৬ সেভ।
  • কুরাসাওয়ের ইলোই রুম (২০২৬ বনাম ইকুয়েডর)-১৫ সেভ।
  • পেরুর রামন কুইরোগা (১৯৭৮ বনাম নেদারল্যান্ডস)-১৪ সেভ।
  • ক্রোয়েশিয়ার ডমিনিক লিভাকোভিচ (২০২২ বনাম ব্রাজিল)-১২ সেভ।

আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ অভিজ্ঞতা থাকা রুম আগে কলম্বাস ক্রুর হয়ে এমএলএস কাপ জিতেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের দ্বিতীয় স্তরের ক্লাব মায়ামি এফসিতে খেলছেন। তবে এই ম্যাচে তার পারফরম্যান্স মনে করিয়ে দিল, বয়স শুধু সংখ্যা আর বড় মঞ্চে অভিজ্ঞতার মূল্য কতটা গুরুত্বপূর্ণ।

ইকুয়েডরের জন্যও এই ম্যাচ ছিল হতাশার প্রতিচ্ছবি। ১৫টি শট অন টার্গেট নিয়েও তারা গোল করতে ব্যর্থ হয়, যা বিশ্বকাপ ইতিহাসে বিরল ঘটনা। সমর্থকদের বিশাল উপস্থিতি এবং ম্যাচজুড়ে চাপ তৈরি করেও শেষ পর্যন্ত তারা জয় তুলে নিতে পারেনি।

শেষ পর্যন্ত এই ড্র কেবল একটি পয়েন্ট ভাগাভাগি নয়, বরং এক গোলরক্ষকের অসাধারণ অধ্যবসায়ের গল্প হয়ে থাকবে। কুরাসাওয়ের জন্য এটি ইতিহাসের প্রথম বিশ্বকাপ পয়েন্ট, আর ইলোই রুমের জন্য এক রাত যেখানে তিনি প্রমাণ করেছেন, একাই একটি ম্যাচের ভাগ্য বদলে দেয়া সম্ভব।

আরও পড়ুন