Author: Jvadmin

  • স্বৈরাচার আ’লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    স্বৈরাচার আ’লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    বগুড়া প্রতিনিধি

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, আগামী ২৩জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হতে পারে। কিছু গোষ্ঠী স্বৈরাচারকে পুনর্বাসনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না।

    বৃহস্পতিবার (১৮ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহিঃ ও আন্তঃবিভাগের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, গত ১৭ বছর বগুড়া রাজনৈতিক বৈষম্য ও উন্নয়ন বঞ্চনার শিকার ছিল। বর্তমান সরকার জেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে কাজ শুরু করতেই একটি মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে এসব ষড়যন্ত্র কোনোভাবেই উন্নয়নের অগ্রযাত্রা থামাতে পারবে না। ইতিমধ্যে যে সকল উন্নয়নের কথা বলা হয়েছে সেসব বাস্তবায়ন করা হবে।

    মীর শাহে আলম জানান, শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিকল্পিত ৬তলা ভবনকে ৮তলায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের পাশের বহুতল ভবন অধিগ্রহণ করে হাসপাতালের চিকিৎসাসেবা সম্প্রসারণে যুক্ত করার পরিকল্পনাও সরকারের রয়েছে।

    বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথির রাখেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা একেএম মাহবুবুর রহমান, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোঃ খুরশীদ আলম, টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, মাফতুন আহম্মেদ খান রুবেল, কেএম খায়রুল বাশার, শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিচালক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল প্রমূখ।

    আয়োজকরা জানান, দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে হৃদরোগ বিষয়ে চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। একই সাথে হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা আয়োজন করা হয়।

  • বগুড়ায় তিন দিনব্যাপি ফল মেলার উদ্বোধন

    বগুড়ায় তিন দিনব্যাপি ফল মেলার উদ্বোধন

    বগুড়া প্রতিনিধি

    করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এই শ্লোগানে বগুড়া সদর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১২টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

    আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপিত রেজাউল করিম বাদশা। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন করেন।

    পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জ্যোতি বিকাশ চন্দ্র এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক কৃষিবিদ সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত জাহান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার প্রমুখ।

    মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন জাতের দেশীয় ও বিদেশি ফল প্রদর্শন করা হয়। ফল চাষ সম্প্রসারণ, পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের উদ্বুদ্ধ করাই এই মেলার মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

    অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা এবং স্থানীয় কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল বীজ এবং জৈব সার বিতরণ করা হয়।

  • মাগুরায় শ্রীপুর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষককে অপসারণ দাবিতে উত্তাল বিদ্যালয়

    মাগুরায় শ্রীপুর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষককে অপসারণ দাবিতে উত্তাল বিদ্যালয়

    বিকাশ বাছাড়, মাগুরা প্রতিনিধি

    মাগুরার শ্রীপুর উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক মহসিন বিশ্বাসের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার (১৮ জুন) উত্তাল হয়ে ওঠে বিদ্যালয় চত্বর।

    ​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকালে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করার ঘটনাটি ঘটে। এর প্রতিবাদে আজ সকাল ১২টায় হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের মূল গেট থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় বাজারের প্রধান সড়ক (মেইন রোড) প্রদক্ষিণ করে পুনরায় স্কুল চত্বরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। এই বিক্ষোভ মিছিলে বিদ্যালয়ের সকল শ্রেণীর ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় সর্বস্তরের সর্বসাধারণ অংশ নেন।

    ​প্রতিবাদ সভায় ক্ষোভ ও কান্নাভেজা কণ্ঠে সাধারণ শিক্ষার্থীরা বলে: “আমরা শিক্ষকের কাছে সন্তানের মতো। শিক্ষকরা যেখানে আমাদের অভিভাবক, সেখানে তিনি যদি আমাদের সাথে এমন অশালীন আচরণ ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেন, তবে আমরা কোথায় নিরাপদ? আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং উক্ত স্যারের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

    ​সমাবেশে বক্তব্য রাখেন দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ। তিনি বলেন, “এই বিতর্কিত শিক্ষক বিদ্যালয়ে থাকলে আমাদের স্কুলের মান-সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। তিনি বিগত দিনগুলোতেও এ ধরনের আপত্তিকর আচরণ অনেকবার করেছেন। অতীতে তাঁকে ক্ষমা করা হলেও, এবার আর কোনো ছাড় দেওয়া হবে না। আমরা অবিলম্বে তাঁর অপসারণ, স্কুল থেকে স্থায়ী অব্যাহতি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

    ​বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক দারিয়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউল আযম, শ্রীপুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. শুকুর মাহমুদ, বিএনপি নেতা ও দারিয়াপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শাহাজাহান শেখ এবং অভিভাবক সদস্য মো. আনোয়ার হোসেন প্রমুখ।

    ​এলাকাবাসী ও অভিভাবকদের দাবি, কোমলমতি ছাত্র-ছাত্রীদের সুরক্ষায় প্রশাসন যেন দ্রুত এই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিদ্যালয়টিকে কলঙ্কমুক্ত করে।

    এ বিষয়ে জানতে চাইলে হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন বলেন, “শিক্ষার্থীর যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে ইতোমধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে লিখিত জবাব সন্তোষজনক না হলে, তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

  • রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

    রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

    রাজশাহী প্রতিনিধি

    রাজশাহী নগরীতে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ এবং যানজট নিরসনে জেলা প্রশাসন ও রাজশাহী সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়।

    বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে নগরীর লক্ষ্মীপুর মোড় এলাকা থেকে অভিযান শুরু হয়। পরে এটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে বর্ণালী মোড় এলাকায় গিয়ে শেষ হয়। অভিযানে ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনাকারীদের স্থাপনা উচ্ছেদ করা হয়।

    পাশাপাশি সড়কে অবৈধভাবে পার্কিং করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিভিন্ন যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। এ সময় কয়েকটি যানবাহন জব্দ করা হয়েছে।
    অভিযান চলাকালে দেখা যায়, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের বাধ্য হয়ে সড়ক ব্যবহার করতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এসব সমস্যা নিরসনে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন যৌথভাবে এ উদ্যোগ গ্রহণ করেছে।

    অভিযানে নেতৃত্ব দেন জাফর আহমেদ এবং নাজমুল আলম। তাদের তত্ত্বাবধানে অবৈধ স্থাপনা অপসারণ, ফুটপাত দখলমুক্তকরণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

    অভিযান সম্পর্কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, নগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার ফলে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে অবৈধ পার্কিংয়ের কারণে যানজটও বাড়ছে। এসব সমস্যা সমাধানে আজ থেকে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং পর্যায়ক্রমে নগরীর অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম বিস্তৃত করা হবে।

    তিনি আরও বলেন, “নগরবাসীর স্বার্থে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউ পুনরায় অবৈধ দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর সদস্যরা দায়িত্ব পালন করেন। এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

    সংশ্লিষ্টরা জানান, নগরীর সৌন্দর্য রক্ষা, যানজট নিরসন এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসীর অনেকেই। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালিত হলে ফুটপাত ও সড়ক দখলের প্রবণতা কমবে এবং নগর জীবনে শৃঙ্খলা ফিরবে।

  • বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত-১

    বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত-১

    বগুড়া প্রতিনিধি

    বগুড়ায় দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এতে ট্রাকচালকের সহকারী আহত হয়েছেন।

    বুধবার দিবাগত রাত তিনটার দিকে দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ী এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতের নাম আনোয়ার হোসেন(৩০)। তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার হাশেমপুর এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হৃদয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এসব তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজলিমুর রহমান।

  • দেশে নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.২৩ বিলিয়ন ডলার

    দেশে নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.২৩ বিলিয়ন ডলার

    জেভি২৪ ডেস্ক 

    দেশে নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী বর্তমানে নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১২৩ কোটি ৯৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বা ৩১.২৩ বিলিয়ন ডলার।

    একই সময়ে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৫৮০ কোটি ২৩ লাখ ৫০ হাজার ডলার বা ৩৫.৮০ বিলিয়ন ডলার।

    বুধবার (১৭ জুন) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর।

    এর আগে গত মে মাসে নিট রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। তবে দুই মাসের আমদানি ব্যয়ের বিল পরিশোধের পর তা ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে যায়।

    প্রবাসী আয় ও রপ্তানি আয়ের প্রবাহ ইতিবাচক থাকায় অল্প সময়ের ব্যবধানে রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে।

    আকু (এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন) ব্যবস্থার আওতায় প্রতি দুই মাস পরপর সদস্য দেশগুলোর মধ্যে আমদানি-সংক্রান্ত বিল পরিশোধ করা হয়।

  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

    গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

    জেভি২৪ ডেস্ক 

    গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করতে সব পক্ষকে সঙ্গে নিয়েই সংস্কার কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার।

    বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

    মন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবাইকে সম্পৃক্ত করেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এ ক্ষেত্রে সরকার সমন্বয়কারীর ভূমিকা পালন করবে।

    তিনি বলেন, “এ প্রথমবারের মতো গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে আনা সম্ভব হয়েছে। এর সুদূরপ্রসারী প্রভাব থাকবে। আমাদের জন্য এটি একটি বড় সুযোগ। এখন আমরা লক্ষ্য অর্জনের জন্য একটি সুস্পষ্ট পথরেখা তৈরি করতে পারব।”

    জহির উদ্দিন স্বপন আরও বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করবে এবং এ খাতের সংস্কারে অংশীজনদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে।

    কর্মশালায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, কেউ ভুলের ঊর্ধ্বে নন। তাই দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সরকারের ভুলত্রুটি তুলে ধরা প্রয়োজন, যাতে সেগুলো সংশোধনের সুযোগ তৈরি হয়।

    তিনি বলেন, সমালোচনা হতে হবে তথ্যভিত্তিক ও জনস্বার্থসংশ্লিষ্ট। এতে সরকার ও গণমাধ্যমের মধ্যে জবাবদিহিতা ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

    কর্মশালায় গণমাধ্যম সংস্কার, সম্পাদকীয় স্বাধীনতা, জবাবদিহিতা এবং জাতীয় গণমাধ্যম কমিশনের সম্ভাব্য কাঠামো নিয়ে অংশগ্রহণকারীরা মতামত তুলে ধরেন।

  • আদ-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য পোস্তগোলায় বিকল্প সেবা, ফ্রি পরিবহন সুবিধা

    আদ-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য পোস্তগোলায় বিকল্প সেবা, ফ্রি পরিবহন সুবিধা

    জেভি২৪ ডেস্ক 

    রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এর রোগীদের চিকিৎসাসেবা আরও সহজ ও নির্বিঘ্ন করতে নতুন উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এখন থেকে মগবাজার শাখার রোগীরা চাইলে আদ-দ্বীন ব্যারিস্টার রফিক-উল-হক হাসপাতাল-এ চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। এ জন্য রোগী ও তাদের স্বজনদের যাতায়াতের সুবিধার্থে সম্পূর্ণ বিনামূল্যে দুটি গাড়ির ব্যবস্থা করা হয়েছে।

    হাসপাতাল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মগবাজার শাখা থেকে পোস্তগোলা শাখায় রোগী পরিবহনের জন্য বিশেষ যানবাহন চালু করা হয়েছে। এই সেবা গ্রহণের ক্ষেত্রে রোগী কিংবা তাদের সঙ্গে থাকা স্বজনদের কোনো ভাড়া পরিশোধ করতে হবে না।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মগবাজার শাখায় যেসব চিকিৎসাসেবা দেওয়া হয়, তার সবই পোস্তগোলা শাখায় পাওয়া যাবে। ফলে রোগীরা চিকিৎসকের পরামর্শ, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা সহজেই গ্রহণ করতে পারবেন। রোগীদের ভোগান্তি কমানো এবং চিকিৎসাসেবার ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

    কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মগবাজার-পোস্তগোলা রুটে গাড়িগুলো চলাচল করবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে রোগীদের মগবাজার শাখার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

    উল্লেখ্য, গত ২৭ মে মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের চিকিৎসাসেবা কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং রোগীদের সেবা প্রদান অব্যাহত আছে। এই প্রেক্ষাপটে রোগীদের জন্য বিকল্প সেবা কেন্দ্র হিসেবে পোস্তগোলা শাখার সক্ষমতা কাজে লাগাতে এবং চিকিৎসাসেবা সহজলভ্য রাখতে বিনামূল্যে পরিবহন সুবিধাসহ নতুন এই উদ্যোগ চালু করা হয়েছে।

  • নিজের গোপন ভিডিও নিয়ে মুখ খুললেন প্রভা

    নিজের গোপন ভিডিও নিয়ে মুখ খুললেন প্রভা

    বিনোদন ডেস্ক 

    প্রায় ১৬ বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

    দীর্ঘদিন এ বিষয়ে নীরব থাকলেও এবার তিনি মুখ খুলেছেন নিজের অভিজ্ঞতা ও মানসিক যন্ত্রণার বিষয়ে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রভা সাইবার বুলিংকারীদের মানসিকতা, অনলাইন হয়রানির ভয়াবহতা এবং সমাজে প্রচলিত ভিকটিম ব্লেমিং বা ভুক্তভোগীকেই দায়ী করার প্রবণতার কঠোর সমালোচনা করেন। একই সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সহ্য করা অপমান ও মানসিক চাপের কথাও তুলে ধরেন।

    প্রভা বলেন, আমি এখন কিছু জ্বালাময়ী সত্যি কথা বলব। হাই- আমি অনেকদিন সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ব্যাপার নিয়ে কথা বলি না। কিন্তু ভেবেছিলাম- কথা বলেও তো আসলে কোনো লাভ নাই। কিন্তু আসলে নিজের দায়িত্ববোধের জায়গা থেকে মনে হয়- কিছু জিনিস চোখ বন্ধ করে আসলে থাকা যায় না।

    চলেন আপনাদের একটা কথা বলি। আপনারা আপনাদের নিজের যোগ্যতা, নিজের স্থান, নিজের সৌন্দর্য, নিজের কোয়ালিফিকেশন এ সবকিছুর প্রতি আসলে আপনাদের ইনসিকিউরিটি থাকার জন্যই তো আসলে আপনারা মানুষকে মুখ করেন। এটা আমার কথা না। এটা হিউম্যান সাইকোলজি। এগুলো সাইকিয়াট্রিস্টরা এগুলো পড়াশোনা করে বের করেছেন। এগুলা একদম আমার কথা না।

    তিনি বলেন, যারা মানুষের ব্যাপারে এত অ্যাগ্রেসিভলি জাজ করে এবং বুলি করে এবং মক করে; সোশ্যাল মিডিয়াতে- ভারবালি অ্যাবিউস করে। এরা আসলে নিজেদের নিয়ে যেহেতু অনেক বেশি স্যাটিসফাইড না এবং তারা দুঃখী। আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গাতে কোন না কোন জায়গায় দুঃখী। কিন্তু যারা ইনসিকিউর যারা ব্যাপারটাকে মানতে পারে না, যারা নিজের যোগ্যতাটা নিয়ে অনেক বেশি ইনসিকিউরড আমি বলব- এরাই আসলে ম্যাক্সিমাম টাইমে বিভিন্ন সোশ্যাল প্লটফর্মগুলো সেলিব্রেটিদের বা ইনফ্লুয়েন্সার বা আর্টিস্ট সবাইকে বুলিং করে। তো আমার বুলিং তো আসলে ইটস বিন অলমোস্ট ১৬ বছর- আমাকে বুলিং করা হয়। আমার কথা হচ্ছে- আপনারা আপনাদের জায়গা থেকে আমাকে বুলিং করে মজা পান; এতে আপনাদের পৈশাচিক আনন্দ হয়- আই টোটালি আন্ডারস্ট্যান্ড; কিন্তু ঠিক যতটুকু আমাকে বুলিং করছেন তার যদি ৫০% মানে আমি ওরফে ব্র্যাকেটে ভিকটিম আমাকে ৫০% করে বাকি ৫০% ক্রিমিনালটাকে খুঁজে বের করে ওকে যদি এরকম বুলিং করতেন; ওকে নিয়ে যদি লেখালেখি করতেন; ওর চেহারাটা যদি বারবার মানুষের সামনে মানে প্রকাশ্যে আনতেন যে ও ক্রিমিনাল।

    এই অভিনেত্রী বলেন, যারা আরেকটা মানুষের ক্ষতি করে তাদের কনসেন্ট ছাড়া তাদের প্রাইভেসি ডিসক্লোজ করে এবং সেটা একটা গুরুতর ক্রাইম। সেই মানুষগুলোকে আপনারা বুলিং না করে আপনারা যে ভিকটিমকে বুলিং করছেন ডে বাই ডে; আই আন্ডারস্ট্যান্ড। আমাকে বুলিং না করে যদি ক্রিমিনালকে করতেন তাহলে পৃথিবীতে তন্ময়ের জন্ম হত না।

  • টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

    টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

    কক্সবাজার প্রতিনিধি 

    কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

    র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ জুন সন্ধ্যা প্রায় ৭টা ৪৫ মিনিটে র‌্যাব-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

    অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা জাফর আলম (৪০) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি শাহপরীর দ্বীপ এলাকার মৃত শামসুল আলমের ছেলে।

    র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা ছিল। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    র‌্যাব-১৫ জানিয়েছে, মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।