Category: সোশ্যাল মিডিয়া

  • ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

    ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

    জেভি২৪ ডেস্ক 

    দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগে সতর্কবার্তা দিয়েছে বিএনপির মিডিয়া সেল। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে মিডিয়া সেলের নামে পরিচালিত বিভিন্ন ভুয়া পেজ, গ্রুপ ও কমিউনিটি সম্পর্কে নেতাকর্মী এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

    সোমবার (৮ জুন) এক বিজ্ঞপ্তিতে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।

    বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়, সম্প্রতি কিছু জেলায় বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি ঘোষণা ও প্রচারের বিষয়টি তাদের নজরে এসেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির মিডিয়া সেলের নামে বিভিন্ন ভুয়া পেজ, গ্রুপ, কমিউনিটি সক্রিয় রয়েছে।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি মিডিয়া সেলের কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশে জেলা বা মহানগর পর্যায়ে এ নামে কোনো কমিটি গঠন করা হয়নি। যেসব ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের মিডিয়া সেলের অনুমোদিত কমিটি দাবি করছে, তাদের সঙ্গে বিএনপি মিডিয়া সেলের কোনো সম্পৃক্ততা নেই।

    এতে আরও বলা হয়, অননুমোদিত ও ভুয়া কমিটি প্রদানকারীদের বিরুদ্ধে দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে বলে সতর্ক করা যাচ্ছে।
    সাধারণ নেতাকর্মী ও সাংবাদিকদে এসব বিভ্রান্তিকর তথ্য ও তালিকা থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
  • মাদক ব্যবসার অভিযোগে নবীনগরে সালিশে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    মাদক ব্যবসার অভিযোগে নবীনগরে সালিশে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

    জেভি২৪ ডেস্ক 

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মাদক ব্যবসার অভিযোগে এক ব্যক্তিকে সালিশ বৈঠকে প্রকাশ্যে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই বাজারে এ ঘটনা ঘটে।

    ঘটনার একটি ভিডিও জার্নাল ভিশন24 সহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

    নির্যাতনের শিকার ব্যক্তি হলেন নারুই গ্রামের বাসিন্দা হবি মিয়া (৪০)। তিনি মৃত রহমত মিয়ার ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় মাদক ব্যবসা দমনের লক্ষ্যে স্থানীয়ভাবে গঠিত একটি মাদকবিরোধী কমিটির উদ্যোগে নারুই বাজারে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে মাদক ব্যবসার অভিযোগ তুলে হবি মিয়াকে উপস্থিত করা হয়। পরে তার মা ও স্ত্রীর সামনেই তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়।

    সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হবি মিয়ার হাত-পা বেঁধে রাখা হয়েছে। স্থানীয় কয়েকজন প্রভাবশালীর নির্দেশে এক ব্যক্তি লাঠি দিয়ে তার পায়ের তালুতে বারবার আঘাত করছেন। এ সময় তিনি যন্ত্রণায় চিৎকার করলেও নির্যাতন অব্যাহত থাকে।

    ভিডিওতে আরও দেখা যায়, ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। কেউ দাঁড়িয়ে, কেউ চেয়ারে বসে নির্যাতনের দৃশ্য দেখছিলেন। অনেককে আবার মোবাইল ফোনে পুরো ঘটনাটি ধারণ করতেও দেখা যায়।

    এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ আলম চৌধুরী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখার পরপরই ঘটনাস্থলে একজন উপপরিদর্শক (এসআই) পাঠানো হয়েছে। ভুক্তভোগীকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ফিরে আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

  • পোশাক নিয়ে হেনস্তার অভিযোগে নায়লা নাঈমের ক্ষোভ

    পোশাক নিয়ে হেনস্তার অভিযোগে নায়লা নাঈমের ক্ষোভ

    বিনোদন ডেস্ক 

    সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সঙ্গে ঘটে যাওয়া এক অপ্রীতিকর ঘটনার বর্ণনা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আলোচিত মডেল ও অভিনেত্রী নায়লা নাইম।

    তিনি দাবি করেছেন, সাভারের একটি স্থানীয় বাজারে সবজি কিনতে গেলে এক ব্যক্তি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

    সোমবার (১ জুন) রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নায়লা নাঈম লেখেন, ‘এটা স্বাধীন রাষ্ট্র? আমাকে উত্তর দিন? ব্যক্তিগতভাবে যারা আমাকে চেনেন সবাই জানেন আমি কতটুকু শালীন পোশাক পরে চলাফেরা করি। উল্লেখ্য, আমি একজন অরাজনৈতিক ব্যক্তি।’

    পোস্টে তিনি জানান, মায়ের সঙ্গে সাভারের একটি স্থানীয় বাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে সবজি কিনছিলেন তিনি। এ সময় টুপি পরা ও দাড়িওয়ালা মধ্যবয়সী এক ব্যক্তি হঠাৎ এসে তাকে দুই হাত দিয়ে ধাক্কা দেন।

    এ বিষয়ে নায়লা নাঈম বলেন, ‘মাথায় টুপি পরা দাড়িওয়ালা ৪২-৪৫ বছরের এক লোক আমাকে দুই হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলেছে, আমার মাথায় পর্দা নেই… আমি কেন এরকম বাজারে বেপর্দা ঘোরাফেরা করছি।’

    ঘটনার আকস্মিকতায় তিনি কিছু বুঝে ওঠার আগেই মাটিতে পড়ে যান বলে দাবি করেন। এতে তার হাত থেকে বাজারের ব্যাগ পড়ে যায় এবং বাম হাতে আঘাত পান।

    পোস্টে তিনি আরও লেখেন, ‘ঘটনার আকস্মিকতা আমি বুঝে ওঠার আগেই আম্মু আমাকে টেনে নিয়ে অটোতে করে ওখান থেকে সরে যায়।’

    মায়ের আতঙ্কের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি জানান, তার মা তাকে কোনো ধরনের প্রতিক্রিয়া দেখাতে নিষেধ করেন।

    নায়লা নাঈমের দাবি, তার মা তখন বলেছিলেন, ‘গায়ে যদি কাপড় নিয়ে ফিরতে চাও, একটা টুঁ শব্দ করবে না।’

    ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে নায়লা নাঈম লেখেন, ‘আমার মা এখনো ভয়ে কাঁপছে। থুঁতু মারলাম এ রাষ্ট্রের কপালের মধ্যে।’

    তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করেছেন কি না, সেটি স্পষ্ট করেননি তিনি।