Category: সারাদেশ

  • রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

    রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

    রাজশাহী প্রতিনিধি

    রাজশাহী নগরীতে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ এবং যানজট নিরসনে জেলা প্রশাসন ও রাজশাহী সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়।

    বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে নগরীর লক্ষ্মীপুর মোড় এলাকা থেকে অভিযান শুরু হয়। পরে এটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে বর্ণালী মোড় এলাকায় গিয়ে শেষ হয়। অভিযানে ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনাকারীদের স্থাপনা উচ্ছেদ করা হয়।

    পাশাপাশি সড়কে অবৈধভাবে পার্কিং করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিভিন্ন যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। এ সময় কয়েকটি যানবাহন জব্দ করা হয়েছে।
    অভিযান চলাকালে দেখা যায়, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের বাধ্য হয়ে সড়ক ব্যবহার করতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এসব সমস্যা নিরসনে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন যৌথভাবে এ উদ্যোগ গ্রহণ করেছে।

    অভিযানে নেতৃত্ব দেন জাফর আহমেদ এবং নাজমুল আলম। তাদের তত্ত্বাবধানে অবৈধ স্থাপনা অপসারণ, ফুটপাত দখলমুক্তকরণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

    অভিযান সম্পর্কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, নগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার ফলে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে অবৈধ পার্কিংয়ের কারণে যানজটও বাড়ছে। এসব সমস্যা সমাধানে আজ থেকে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং পর্যায়ক্রমে নগরীর অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম বিস্তৃত করা হবে।

    তিনি আরও বলেন, “নগরবাসীর স্বার্থে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউ পুনরায় অবৈধ দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর সদস্যরা দায়িত্ব পালন করেন। এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

    সংশ্লিষ্টরা জানান, নগরীর সৌন্দর্য রক্ষা, যানজট নিরসন এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসীর অনেকেই। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালিত হলে ফুটপাত ও সড়ক দখলের প্রবণতা কমবে এবং নগর জীবনে শৃঙ্খলা ফিরবে।

  • বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত-১

    বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত-১

    বগুড়া প্রতিনিধি

    বগুড়ায় দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এতে ট্রাকচালকের সহকারী আহত হয়েছেন।

    বুধবার দিবাগত রাত তিনটার দিকে দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ী এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতের নাম আনোয়ার হোসেন(৩০)। তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার হাশেমপুর এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হৃদয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এসব তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজলিমুর রহমান।

  • টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

    টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

    কক্সবাজার প্রতিনিধি 

    কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

    র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ জুন সন্ধ্যা প্রায় ৭টা ৪৫ মিনিটে র‌্যাব-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

    অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা জাফর আলম (৪০) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি শাহপরীর দ্বীপ এলাকার মৃত শামসুল আলমের ছেলে।

    র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আদালতের সাজা পরোয়ানা ছিল। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

    র‌্যাব-১৫ জানিয়েছে, মাদক ব্যবসায়ী ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • খোকসাতে ঘন্টার পর ঘন্টা থাকছে না বিদ্যুৎ

    খোকসাতে ঘন্টার পর ঘন্টা থাকছে না বিদ্যুৎ

    খোকসা প্রতিনিধি

    কুষ্টিয়া জেলার খোকসাতে ঘন্টা পর ঘন্টা থাকছে না বিদ্যুৎ। এতে ভোগান্তিতে পড়েছেন মানুষ বেশ কয়েকদিন ধরে লোডশেডিং শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিং হচ্ছে বেশি। ২৪ ঘন্টার ১৪ ঘন্টা থাকছে না বিদ্যুৎ।

    কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে শিক্ষাক্ষেত্র সবখানেই লোডশেডিংয়ের নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। গরম যত বাড়ছে, লোডশেডিংয়ের ভোগান্তি তত বাড়ছে। সবচেয়ে বেশি বিপদে পড়েছে গ্রামের খেটে খাওয়া মানুষ।

    দুপুরে চাহিদা ছিল ১৫ মেগাওয়াট, সেখানে পাওয়া গেছে ৫ মেগাওয়াট। চাহিদার তুলনায় ১০ মেগাওয়াট কম পাওয়ায় লোডশেডিং বেশি হচ্ছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। তবে কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে, তাও বলতে পারছে না পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

    একতারপুরের এলাকার আশরাফ আলী বলেন একে তো প্রচণ্ড গরম, তার ওপর ১২থেকে ১৪ ঘণ্টা লোডশেডিং।

    চরবিহাড়িয়া গ্রামের অমরেশ বিশ্বাস বলেন সারাদিনে কতবার বিদ্যুৎ যায়, তার হিসাব নেই। একবার বিদ্যুৎ গেলে দেড় থেকে দুই ঘণ্টা পরে আসে। তীব্র গরমে আর লোডশেডিংয়ের কারণে ছোট ছোট বাচ্চারা ঠিকমতো ঘুমাতে পারে না।

    শেখ পাড়া বিহাড়িয়ার আটোচালক হিরাজ আলী জানান, এই অটোরিকশা চালিয়েই তাঁর সংসার চলে। গত রাতে পাঁচ-ছয় ঘণ্টা বিদ্যুৎ ছিল না, ফলে ব্যাটারি ঠিকমতো চার্জ হচ্ছে না। চার্জ না থাকায় ঠিকমতো ভাড়াও মারতে পারছি না। সংসার চালানোই মুশকিল হয়ে গেছে।

  • সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত নারীর মৃত্যু, স্বজনদের খোঁজ

    সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত নারীর মৃত্যু, স্বজনদের খোঁজ

    জেভি২৪ ডেক্স

    রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু হয়েছে।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার (১৭ জুন) ওই নারীর মৃত্যু হয়। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এবং কোনো স্বজনের সন্ধানও পাওয়া যায়নি।

    মৃত নারীর পরিচয় জানেন বা তার পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য জানেন এমন কেউ থাকলে দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ অথবা সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

    পরিচয় শনাক্তে হাসপাতাল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলে জানা গেছে।

  • নাসিরনগরে টিসিবির চাল বিক্রির অভিযোগ, উপকারভোগী বাছাই নিয়ে প্রশ্ন

    নাসিরনগরে টিসিবির চাল বিক্রির অভিযোগ, উপকারভোগী বাছাই নিয়ে প্রশ্ন

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নে টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) পণ্য বিতরণ নিয়ে নানা প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, টিসিবির চাল পাওয়ার পর অনেক উপকারভোগী তা ব্যবহার না করে প্রকাশ্যে বিক্রি করে দিচ্ছেন।

    স্থানীয়দের দাবি, টিসিবির পণ্য মূলত নিম্ন আয়ের ও অসচ্ছল মানুষের জন্য সরকারের একটি সহায়তামূলক কর্মসূচি। কিন্তু যাদের প্রকৃতপক্ষে আর্থিক সক্ষমতা রয়েছে, তাদের অনেকেই তালিকাভুক্ত হয়ে এসব সুবিধা পাচ্ছেন। ফলে প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষ বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, টিসিবির চাল পাওয়ার পর কিছু ব্যক্তি তা বাজারে বিক্রি করে দিচ্ছেন। তাদের মতে, যদি কেউ প্রাপ্ত চাল বিক্রি করে দেন, তাহলে প্রশ্ন থেকেই যায় তিনি আদৌ এই সহায়তার প্রকৃত উপযুক্ত ছিলেন কি না।

    স্থানীয় সচেতন মহলের দাবি, উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে পরিচালনা করা প্রয়োজন। একই সঙ্গে টিসিবির পণ্য বিতরণে অনিয়ম বা অযোগ্য ব্যক্তির অন্তর্ভুক্তির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

    এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন, সরকারি সহায়তা যেন প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের কাছে পৌঁছায়, সে জন্য নিয়মিত তদারকি ও উপকারভোগীদের তালিকা পুনঃযাচাই করা জরুরি।

  • কালীগঞ্জ থানায় ওসির মতবিনিময়: আমন্ত্রণ পাননি টেলিভিশন ফোরামসহ স্থানীয় সাংবাদিকরা

    কালীগঞ্জ থানায় ওসির মতবিনিময়: আমন্ত্রণ পাননি টেলিভিশন ফোরামসহ স্থানীয় সাংবাদিকরা

    ঝিনাইদহ প্রতিনিধি

    ঝিনাইদহের কালীগঞ্জ থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) স্থানীয় সাংবাদিকদের সঙ্গে একটি মতবিনিময় সভা করেছেন। তবে সভায় আমন্ত্রণের ক্ষেত্রে সমন্বয়হীনতা এবং সাংবাদিক সংগঠনের নেতৃত্ব সম্পর্কে ওসির অনবগতির বিষয়টি নিয়ে স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

    অভিযোগ রয়েছে, ঝিনাইদহের কালীগঞ্জের অনেক পেশাদার সাংবাদিক, যারা জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে নিয়মিত কাজ করছেন, তাদের অনেকেই এই মতবিনিময় সভার বিষয়টি আগে থেকে জানতেনই না। স্থানীয়ভাবে কাজ করা অনেক সাংবাদিক এই আয়োজন সম্পর্কে অন্ধকারে ছিলেন। গণমাধ্যমকর্মীদের অভিযোগ, পুলিশ প্রশাসন থেকে সবাইকে যথাযথভাবে অবহিত না করায় অনেক পেশাদার ও মাঠপর্যায়ের সাংবাদিক এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত থাকতে পারেননি।

    এদিকে ঝিনাইদহ সাংবাদিকদের অন্যতম সংগঠন ‘টেলিভিশন সাংবাদিক ফোরাম ’-এর সভাপতি ও সাধারণ সম্পাদক সম্পর্কে ওসি অবগত নন বলে মন্তব্য করেন।

    টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান এর সাথে কথা বলে জানা যায় এ বিষয়ে কিছুই জানেন না তিনি। এবং কালীঞ্জের আরো ৩ ক্লাবের কেউই জানেন না। এতে উপস্থিত সাংবাদিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

    এনটিভি’র সাংবাদিক মন্জুরল করিম লিতু সামাজিক যোগাযোগ মাধ‌্যম ফেইজবুকে লেখেন কালীগঞ্জ থানায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়। জানেন না টেলিভিশন সাংবাদিক ফোরামের সম্পাদক।

    স্থানীয় সাংবাদিকরা মনে করছেন, একজন পুলিশ কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সমন্বয় ও পরিচিতি বৃদ্ধি করা জরুরি। কিন্তু সংগঠনের নেতৃত্ব সম্পর্কে অনবগতি এবং সবাইকে সমানভাবে না জানানোয় পুলিশের সাথে সাংবাদিকদের পেশাদার সম্পর্কের ক্ষেত্রে একটি দূরত্ব ও অস্বস্তি তৈরি হয়েছে।

    সম্প্রতি এক নারী মাদক ব্যবসায়ীর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ওই নারী প্রকাশ্যে দাবি করেন, তিনি প্রতি মাসে থানার পুলিশকে ৬০ হাজার টাকা দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করেন। যদিও অভিযোগের সত্যতা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    এমন পরিস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময় সভায় মাদক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের জবাবদিহিতা নিয়ে নানা প্রশ্ন উঠে আসে। স্থানীয় সচেতন মহল মনে করছে, মাদক ব্যবসায়ীর এমন বক্তব্যের নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত ঘটনা উদঘাটন করা জরুরি।

    সভায় ওসি বলেন, কালীগঞ্জ থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবে। কোনো অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

    কালীগঞ্জের সাংবাদিক ও সচেতন মহল মনে করছেন, পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা জনস্বার্থে কাজ করার জন্য অপরিহার্য। কিন্তু সাংবাদিক সংগঠনের নেতৃত্বকে না চেনা এবং অনেক পেশাদার সাংবাদিককে সভায় আমন্ত্রণ না জানানোয় এই মতবিনিময় সভাটি তার পূর্ণাঙ্গ উদ্দেশ্য অর্জন করতে পারেনি। তারা আশা করছেন, ভবিষ্যতে পুলিশ প্রশাসন সংবাদকর্মীদের মধ্যে বিভাজন তৈরি না করে সকল পেশাদার সাংবাদিকদের সাথে নিয়ে স্বচ্ছতার সাথে কাজ করবেন।

    এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন এর মুঠোফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি।

  • মাগুরায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ: বিএনপি নেতাসহ দু’জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা

    মাগুরায় কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ: বিএনপি নেতাসহ দু’জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা

    মাগুরা প্রতিনিধি

    মাগুরায় এক কলেজছাত্রীকে মেলা দেখানোর কথা বলে বাড়িতে নিয়ে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মুক্ত মিয়া ও তার সহযোগী টিপু সুলতানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।

    বুধবার (১৭ জুন) মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ভুক্তভোগী ওই শিক্ষার্থী মামলাটি দায়ের করেন। তিনি মাগুরা সরকারি মহিলা কলেজের ছাত্রী বলে জানা গেছে।

    মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৭ এপ্রিল বিকেলে ভুক্তভোগীর মায়ের পরিচিত ব্যক্তি হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুক্ত মিয়া (৪৫) তাকে মেলা দেখানোর কথা বলে মোটরসাইকেলে করে শহরের বাণিজ্য মেলায় নিয়ে যান। সেখানে অবস্থানকালে মুক্ত মিয়ার সহযোগী টিপু সুলতান (৪২) তাদের সঙ্গে যোগ দেন।

    অভিযোগ অনুযায়ী, সন্ধ্যার দিকে মুক্ত মিয়া তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে টিপু সুলতানের মোটরসাইকেলে তুলে দেন। তবে তাকে বাড়িতে না নিয়ে হাজীপুরে মুক্ত মিয়ার বাড়িতে নেওয়া হয়। সেখানে একটি কক্ষে আটকে রেখে দুধের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে জোরপূর্বক পান করানো হয়। পরে অচেতন অবস্থায় মুক্ত মিয়া তাকে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

    ভুক্তভোগীর দাবি, পরদিন সকালে জ্ঞান ফেরার পর তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এরপর ২৮ এপ্রিল বিকেলে টিপু সুলতান তাকে তার মায়ের বাসার কাছে নামিয়ে দিয়ে চলে যান।

    মামলায় আরও উল্লেখ করা হয়েছে, বাসায় ফিরে তিনি তার মাকে পুরো ঘটনা জানান এবং শরীরে নির্যাতনের বিভিন্ন চিহ্ন দেখান। তবে আসামিদের প্রভাব-প্রতিপত্তি ও বিভিন্ন ধরনের চাপের কারণে মামলা করতে বিলম্ব হয়েছে।

    অভিযোগপত্রে ভুক্তভোগী উল্লেখ করেন, বর্তমানে তিনি ও তার অসুস্থ মা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের কোনো ধরনের ক্ষতি হলে এর জন্য অভিযুক্তদের দায়ী করা হবে।
    এ ঘটনায় মুক্ত মিয়া ও টিপু সুলতানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা গ্রহণ এবং অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশনা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করা হয়।

    বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রশিদ বলেন, “নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এফআইআর গ্রহণের আবেদন করা হলে আদালত অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে মাগুরা সদর থানাকে নির্দেশ দিয়েছেন।”

    এদিকে ঘটনার পরপরই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা বিএনপি জানায়, হাজীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মুক্ত মিয়াকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মেদ ও সদস্যসচিব মনোয়ার হোসেনের যৌথ সিদ্ধান্তে এ বহিষ্কারাদেশ কার্যকর করা হয়। যদিও বিজ্ঞপ্তিতে ধর্ষণের অভিযোগের বিষয়টি সরাসরি উল্লেখ করা হয়নি, তবে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

    মামলার বিষয়ে অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

    মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “আদালতের নির্দেশনা পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

  • আখাউড়ায় আত্মীয়ের লাশ দেখতে গিয়ে নিজেই হলেন লাশ

    আখাউড়ায় আত্মীয়ের লাশ দেখতে গিয়ে নিজেই হলেন লাশ

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. কাশেম মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে পৌরসভার খড়মপুর বাইপাস মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

    নিহত কাশেম মিয়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটিনুরপুর গ্রামের মৃত আবুল হোসেন মিয়ার ছেলে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়াগামী একটি ট্রাক এবং বিজয়নগরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা খড়মপুর বাইপাসের চৌরাস্তা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশায় থাকা কাশেম মিয়া গুরুতর আহত হন।

    স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

    পারিবারিক সূত্রে জানা গেছে, এক আত্মীয়ের মেয়ের মৃত্যুর খবর পেয়ে তার মরদেহ দেখতে যাচ্ছিলেন কাশেম মিয়া। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে গন্তব্যে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

    দুর্ঘটনার পর সিএনজিচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এছাড়া স্থানীয়দের মাধ্যমে ট্রাকটিও ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

    আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে গেছেন। মানবিক কারণে মরদেহের ময়নাতদন্ত করা হয়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    স্থানীয়দের মতে, খড়মপুর বাইপাস মোড়টি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ। তারা সেখানে কার্যকর ট্রাফিক ব্যবস্থা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

  • ফরিদপুরের নগরকান্দায় নবাগত ইউএনও রেজওয়ানা আফরিনের যোগদান

    ফরিদপুরের নগরকান্দায় নবাগত ইউএনও রেজওয়ানা আফরিনের যোগদান

    মোঃ শাহ্ জালাল, ফরিদপুর প্রতিনিধি

     

    ফরিদপুরের নগরকান্দা উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রেজওয়ানা আফরিন। যোগদানের পর তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সদ্য বিদায়ী ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম।

    এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে নবাগত ইউএনওকে স্বাগত জানান এবং তাঁর সফল কর্মজীবন কামনা করেন। বিদায়ী ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম নবাগত কর্মকর্তার প্রতি শুভকামনা জানিয়ে দায়িত্ব হস্তান্তর করেন।

    নগরকান্দাবাসীর পক্ষ থেকে রেজওয়ানা আফরিনকে আন্তরিক স্বাগতম জানানো হয়েছে। স্থানীয়রা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং উন্নয়ন কর্মকাণ্ড নতুন গতি পাবে।

    নবাগত ইউএনও রেজওয়ানা আফরিন নগরকান্দার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেন।