Desk: ফরিদপুর প্রতিনিধি

  • ফরিদপুরের নগরকান্দায় ইউএনও রেজওয়ানা আফরিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

    ফরিদপুরের নগরকান্দায় ইউএনও রেজওয়ানা আফরিনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

    ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিনের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (২৩ জুন) সকালে নগরকান্দা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

    সভায় ইউএনও রেজওয়ানা আফরিন সাংবাদিকদের সঙ্গে পরিচিতি পর্বে অংশ নিয়ে উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, জনসেবা কার্যক্রমের মানোন্নয়ন এবং প্রশাসনের সঙ্গে গণমাধ্যমের কার্যকর সমন্বয় বিষয়ে মতবিনিময় করেন।

    তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড, জনদুর্ভোগ এবং সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরলে প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী হবে।” তিনি নগরকান্দার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।

    মতবিনিময় সভায় সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। একই সঙ্গে প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে জনকল্যাণে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

    সভায় উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সাংবাদিক সামছুল হুদা হুদু, সাইদুর রহমান বাবলু, বোরহান আনিছ, মিজানুর রহমান মিজান, মিজান মোল্লা, শফিকুল ইসলাম মন্টুসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

    সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সভায় বক্তারা প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং নগরকান্দার উন্নয়ন ও জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

  • ফরিদপুরের নগরকান্দায় বিআরডিবির উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ

    ফরিদপুরের নগরকান্দায় বিআরডিবির উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ

    “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজওয়ানা আফরিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নগরকান্দা। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথি তাঁর বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। পরে উপস্থিত উপকারভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

    বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নগরকান্দা আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, পরিবেশবান্ধব ও টেকসই গ্রামীণ উন্নয়নের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

    বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত

    বাংলাদেশ প্রেসক্লাবের ফরিদপুর জেলা শাখার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও আলোচনা সভা সোমবার (২২ জুন) ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে।

    শহরের গোয়ালচামট এলাকার নতুন বাসস্ট্যান্ড সড়কে অবস্থিত ভোজন বাড়ী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।

    বাংলাদেশ প্রেসক্লাব খুলনা বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক স্বপন মাহমুদ প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার সভাপতি ও খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুন্নাহার সীমা।

    বাংলাদেশ প্রেসক্লাব ফরিদপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক শিমুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক মামুন মিয়া।

    আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্র, সুশাসন এবং জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য সুদৃঢ়করণ এবং গণমানুষের প্রত্যাশা পূরণে আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

    বক্তারা দেশের সাংবাদিক সমাজের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় পেশাগত সংহতি জোরদার করার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন প্রজন্মের সাংবাদিকদের দক্ষ করে গড়ে তোলার বিষয়ে মতামত তুলে ধরেন।

    অনুষ্ঠানে ফরিদপুর জেলা ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ, সদস্য এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • পদ্মার ভয়াল ভাঙনে নিঃস্ব হচ্ছে সদরপুর, আতঙ্কে নদীপারের মানুষ

    পদ্মার ভয়াল ভাঙনে নিঃস্ব হচ্ছে সদরপুর, আতঙ্কে নদীপারের মানুষ

    ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে। অব্যাহত ভাঙনে কৃষিজমি, বসতভিটা, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে। প্রতিদিন নদীগর্ভে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা, আর নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন শত শত মানুষ।

    স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ঢেউখালী ইউনিয়নের শয়তানখালী ও বেপারীডাঙ্গী এবং আকোটেরচর ইউনিয়নের ছলেনামা ও আকোট গ্রামে ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। ইতোমধ্যে শত শত বিঘা আবাদি জমি নদীগর্ভে চলে গেছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে আকোট জনসংঘ উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশ্রয়ণ প্রকল্প, গুচ্ছগ্রাম, পিয়াজখালী বাজারসহ অন্তত ১০টি গ্রাম।

    স্থানীয়দের অভিযোগ, প্রতিবছরই পদ্মার ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়নি। ফলে বর্ষা মৌসুম এলেই নদীতীরের মানুষের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। অনেক পরিবার ইতোমধ্যে ঘরবাড়ি সরিয়ে নিরাপদ স্থানে চলে গেছে, আবার অনেকে প্রস্তুতি নিচ্ছেন।

    ভুক্তভোগীরা দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ ও কার্যকর নদীশাসন প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘমেয়াদি উদ্যোগ ছাড়া নদীভাঙনের এ দুর্ভোগ থেকে মুক্তি মিলবে না।

    আকোটেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসলাম বেপারী বলেন, ভাঙনকবলিত এলাকার পরিস্থিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

    উপজেলা প্রশাসন জানিয়েছে, ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ ও তালিকা প্রণয়নের কাজ শুরু হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে।

    এদিকে পদ্মার অব্যাহত ভাঙনে নদীতীরের মানুষের উদ্বেগ বাড়ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। বিশেষজ্ঞদের মতে, টেকসই নদীশাসন ও স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণই পারে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করতে।

  • নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে জরিমানা

    নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে জরিমানা

    ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের জয়বাংলা মোড় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

    রোববার (২১ জুন ২০২৬) পরিচালিত এ অভিযানে ভেজাল খাদ্যদ্রব্য ব্যবহার এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে কয়েকটি খাবার হোটেলকে জরিমানা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় এসব প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়। আদায়কৃত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

    অভিযান পরিচালনা করেন নগরকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া।

    এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা, স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য প্রস্তুত ও বিক্রয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

    উপজেলা সহকারী কমিশনার ভূমি আফরোজা হক তানিয়া বলেন, ” জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে”।

  • ফরিদপুরের নগরকান্দায় ১০ লাখ টাকার স্কাফ সিরাপ জব্দ, র‍‍্যাবের অভিযানে আটক-২

    ফরিদপুরের নগরকান্দায় ১০ লাখ টাকার স্কাফ সিরাপ জব্দ, র‍‍্যাবের অভিযানে আটক-২

    ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করেছে র‌্যাব-১০। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয় এবং দুইজনকে আটক করা হয়েছে।

    র‌্যাব-১০ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) রাত ১১টা ৫০ মিনিটের দিকে র‌্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানার তোফাজ উদ্দিন ফিলিং স্টেশন এলাকায় ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে।

    অভিযান চলাকালে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩৫০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

    এ ঘটনায় চুয়াডাঙ্গা জেলার দর্শনা এলাকার মো. ছোট বাবু (৫১) এবং দামুড়হুদা উপজেলার মো. বাবু (৩১) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।

    র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে স্কাফ সিরাপসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরের নগরকান্দাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

    উদ্ধারকৃত মাদক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

    র‌্যাব-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন বলেন, মাদক নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে বাহিনী।