Desk: বিশেষ প্রতিনিধি

  • বাঘায় খাল খননের উদ্বোধন, ঘোড়ার গাড়িতে এমপি চাঁদকে বরণ

    বাঘায় খাল খননের উদ্বোধন, ঘোড়ার গাড়িতে এমপি চাঁদকে বরণ

    রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নে জলাবদ্ধতা নিরসন ও কৃষকদের সুবিধার্থে ১ হাজার ২০০ মিটার খাল খনন সম্পন্ন করা হয়েছে।

    শনিবার (২০ জুন) সকালে উপজেলার দিঘা মরঘাটি থেকে ভূইয়াগাড়ীর বিল হয়ে চুনির বিল পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ মিটার দৈর্ঘ্যের একটি খাল খনন কাজের ফলক উন্মোচন করেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।

    জানা গেছে, প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে খনন করা এ খালের তলার প্রস্থ ৬ ফুট এবং গভীরতা আনুমানিক ৫ ফুট। খালটি খননের ফলে এলাকার কৃষি জমির পানি নিষ্কাশনসহ কৃষকদের নানা সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। উদ্বোধনের পর স্থানীয়দের পক্ষ থেকে ঘোড়ার গাড়িতে করে সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়।

    পরে দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজে এমপি আবু সাইদ চাঁদকে সংবর্ধনা, বিদ্যালয় শাখার সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব ইন্তাজ আলী ও সহকারী শিক্ষক আয়নাল হকের অবসরজনিত বিদায় এবং এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। বিশেষ অতিথি ছিলেন, বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর আলী, দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ লাল মোহাম্মদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র  কোরআন তেলাওয়াত,  গীতাপাঠ,  জাতীয় সংগীত পরিবেশন এবং  অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। পরে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবাগত সংসদ সদস্যকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়।

    অনুষ্ঠান শেষে এমপি আবু সাইদ চাঁদ আড়ানী ইউনিয়নের হরিপুর এলাকায় খাল খননের উদ্বোধন করেন।