বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ। সমাবেশ থেকে কৃষক ছৈয়দ নুরের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ডাকাত কামালকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
শনিবার বিকেলে বাইশারী বাজারে আয়োজিত মানববন্ধনে ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি কৃষক ছৈয়দ নুরের ওপর হামলার ঘটনায় কামাল জড়িত থাকলেও এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি।
বক্তারা আরও দাবি করেন, অভিযুক্ত কামালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন, মালামাল লুটপাটসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। একাধিকবার অভিযোগ দেওয়া হলেও তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
সমাবেশে বক্তব্য দেন বাইশারী বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক বাইশারী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবদুল করিম বান্টু, কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুল গফুর, ব্যবসায়ী নেতা মাওলানা আবদুর রহিম, মো. ছলিম, সমাজসেবক মাওলানা রফিক বসরী, সাংবাদিক আবদুর রশিদ ও মোস্তফা কামালসহ অন্যরা।
বক্তারা বলেন, বাইশারী বাজারে দীর্ঘদিন ধরে একটি চক্র চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। এসব কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
তারা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করা না হলে বাইশারী বাজারের ব্যবসাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা, যানবাহন চলাচল বন্ধসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত শনিবার সকালে নিজ জমিতে কাজ করার সময় বাইশারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লম্বাবিল এলাকার বাসিন্দা কৃষক ছৈয়দ নুর (৫৫) সন্ত্রাসী হামলার শিকার হন।গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের দাবি, তার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, অভিযুক্ত ব্যক্তি এলাকায় অবস্থান করছে এমন তথ্য পাওয়া গেলে পুলিশ তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেবে।

