কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত ৪টি বিলাসবহুল মোটরসাইকেলসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল রবিবার (২১ জুন) রাত আনুমানিক ১টা ১০ মিনিটে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে একজন সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন আবসার মিয়া (২০)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবসার মিয়া দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল বলে স্বীকার করেছেন।
গ্রেফতারকৃত আসামি, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

