নাসিরনগরে মাকাল ব্রিজের বেহাল দশা, গর্তে পড়ে সিএনজি দুর্ঘটনা; আহত-৩

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার মাকাল ব্রিজের বেহাল অবস্থার কারণে আবারও দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ব্রিজের মাঝখানের বড় গর্তে একটি সিএনজিচালিত অটোরিকশা পড়ে গেলে এতে অন্তত তিনজন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাকাল ব্রিজের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রতিদিন শত শত যানবাহন চলাচল করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলাচলের সময় একটি সিএনজি ব্রিজের গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে চালকসহ তিনজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

এলাকাবাসীর অভিযোগ, মাকাল ব্রিজটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে রাতের বেলা এবং বৃষ্টির সময় চলাচল করতে গিয়ে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়রা দ্রুত ব্রিজটি সংস্কার অথবা নতুন করে নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন