গ্রামীণ ঐতিহ্য ও স্থানীয় ক্রীড়া সংস্কৃতিকে ঘিরে ব্রাহ্মণডাঙ্গার ঐতিহ্যবাহী মাওড়ার বিলে আগামী ২৮ সেপ্টেম্বর, সোমবার অনুষ্ঠিত হবে সাঁতার ও ডুব প্রতিযোগিতা। ব্রাহ্মণডাঙ্গা উত্তরণের আয়োজনে প্রতিযোগিতা শুরু হবে দুপুর ১টায়।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ব্রাহ্মণডাঙ্গা আলিয়া মাদ্রাসার সামনে দিয়ে রাজবাড়ির ঘাটসংলগ্ন মাওড়ার বিলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে থাকছে বিশেষ ডুব প্রতিযোগিতা। এক ডুবে পানির নিচে কে কতক্ষণ থাকতে পারেন, তা নিয়ে প্রতিযোগীদের মধ্যে হবে প্রতিদ্বন্দ্বিতা।
সাঁতার প্রতিযোগিতা হবে তিনটি বিভাগে। এর মধ্যে রয়েছে ৪০ বছরের কম বয়সীদের একটি বিভাগ, ৪০ বছরের ঊর্ধ্ব বয়সীদের একটি বিভাগ এবং ৭০ কেজি বা তার বেশি ওজনের প্রতিযোগীদের জন্য বিশেষ বিভাগ।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। তিনটি বিভাগের প্রথম স্থান অর্জনকারীদের জন্য তিনটি মোবাইল ফোন দেওয়ার কথা রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের জন্যও থাকছে বিভিন্ন পুরস্কার।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও আগ্রহীদের পাশাপাশি পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রতিযোগিতা উপভোগের আহ্বান জানানো হয়েছে।
প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় রয়েছেন মোঃ নাসিরুজ্জামান সেজান। আর্থিক সহযোগিতা করছেন ব্রাহ্মণডাঙ্গার প্রবাসী যুবকরা।
আয়োজনে: ব্রাহ্মণডাঙ্গা উত্তরণ
স্থান: ব্রাহ্মণডাঙ্গা আলিয়া মাদ্রাসার সামনে দিয়ে রাজবাড়ির ঘাট, মাওড়ার বিল
তারিখ: ২৮ সেপ্টেম্বর, সোমবার
সময়: দুপুর ১টা

