কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগ ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে প্রখ্যাত সাহিত্যিক ও সম্পাদক মোহাম্মদ লুৎফর রহমানের স্মরণে দুই দিনব্যাপী সেমিনার সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের সম্মেলন কক্ষে এই সেমিনারের সমাপনী ও দ্বিতীয় দিনের অধিবেশন অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এস এম আবু দায়েন এবং বাংলা একাডেমির উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান।
এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুবি বাংলা বিভাগের অধ্যাপক ড. মো: মোকাদ্দেস-উল-ইসলাম এবং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা।
সেমিনারের দ্বিতীয় দিনে মূল প্রবন্ধসমূহ পাঠ করেন কুবি বাংলা বিভাগের শিক্ষকেরা। অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী পাঠ করেন ‘মোহাম্মদ লুৎফর রহমানের প্রবন্ধ: পরিপ্রেক্ষিত ও প্রাসঙ্গিকতা শীর্ষক প্রবন্ধ সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল ইসলাম পাঠ করেন ‘মোহাম্মদ লুৎফর রহমানের প্রবন্ধ: পরিশীলিত জীবনবোধের স্বরূপ শীর্ষক প্রবন্ধ।
সেমিনারে আলোচকের বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. এ এস এম আবু দায়েন বলেন, ‘মোহাম্মদ লুৎফর রহমান অসাধারণ প্রতিভার অধিকারী ছিলেন। তিনি নৈতিকতা চর্চার মধ্য দিয়ে আমাদের আদর্শ জীবন গঠনের রাস্তা দেখিয়ে গিয়েছেন।’
পাশাপাশি তিনি উপযোগবাদ ও নৈতিক মূল্যবোধের নানা দিক নিয়ে আলোচনা করেন।
বাংলা একাডেমির উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, ‘লুৎফর রহমান বিশ্বাস করতেন জাতিকে শক্তিশালী ও উন্নত করতে শিক্ষা ও জ্ঞানকে বৃষ্টির ধারার মতো সর্বসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে হবে। উগ্রতা নয়, বিনয় ও নম্রতার মাধ্যমেই মানুষের মন জয় করা সম্ভব।’
তিনি আরও আশা প্রকাশ করেন যে, ‘বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও জাগতিক জ্ঞান চর্চার সাথে একীভূত হয়ে বাংলা একাডেমি তাদের জ্ঞান উৎপাদনের লক্ষ্য আরও ভালোভাবে পূরণ করতে পারবে।’
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন,’মোহাম্মদ লুৎফর রহমান তাঁর সাহিত্যকর্মে মানুষের আদর্শগত দিকের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। মানুষের নৈতিকতা, মূল্যবোধ ও গুণাবলিই তাঁর লেখার মূল উপজীব্য। তিনি বিশ্বাস করতেন, মানুষের নৈতিক দিক যত উন্নত হবে, তার প্রতিটি কাজ, তা সাহিত্যচর্চা হোক কিংবা প্রশাসনিক দায়িত্ব পালন ততই সুষ্ঠু, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী হবে।’
সেমিনারে সভাপতির বক্তব্যে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলা সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগকে সম্পৃক্ত করে যৌথভাবে এই সেমিনার আয়োজনের উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। বিশিষ্ট ব্যক্তিবর্গের এই গুরুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে।’
সেমিনারে আরও উপস্থিত ছিলেন কুবি বাংলা বিভাগের অধ্যাপক ড. মো: মোকাদ্দেস-উল-ইসলামসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, দুই দিনব্যাপী এই সেমিনার গত সোমবার (২২ জুন) শুরু হয়।

