ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চের) নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে কাম ফর রোড চাইল্ডের (CRC) সভাপতি নাজমুল হাসান ও সদস্য সচিব হিসেবে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশের (CYB) সভাপতি নূর হোসাইন আল রিফাত মনোনীত হয়েছেন।
রোববার (৫ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) আয়োজিত এক আলোচনা সভায় এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় ঐক্যমঞ্চের আওতাভুক্ত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সদস্য সচিব নূর হোসাইন আল রিফাত বলেন, এই দায়িত্বকে আমি পদ হিসেবে না বরং একটি আমানত ও সেবার সুযোগ হিসেবে গ্রহণ করছি। ঐক্যমঞ্চের আওতাভুক্ত সকল সংগঠনকে সঙ্গে নিয়ে পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ও ইতিবাচক উদ্যোগ গ্রহণে আমরা কাজ করব, ইনশাআল্লাহ।
আহ্বায়ক নাজমুল হাসান বলেন,ইসলামী বিশ্ববিদ্যালয় সামাজিক ও সাংস্কৃতিক মঞ্চ (ঐক্যমঞ্চ)-এর আওতাভুক্ত সকল সংগঠনের প্রতিনিধিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা আমাকে আহ্বায়কের দায়িত্ব পালনের সুযোগ দিয়েছেন। আমি বিশ্বাস করি, এই দায়িত্ব একটি আমানত। আপনাদের সহযোগিতা, পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই দায়িত্ব সফলভাবে পালন করা সম্ভব নয়। আমাদের লক্ষ্য হবে সকল সংগঠনের মধ্যে সমন্বয়, ভ্রাতৃত্ব ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি করে ঐক্যমঞ্চকে আরও কার্যকর ও গতিশীল করে তোলা। আসুন, আমরা সবাই মিলে একটি ঐক্যবদ্ধ, সক্রিয় ও শক্তিশালী ঐক্যমঞ্চ গড়ে তুলি।

