শহিদ মুস্তাকিনের কবর জিয়ারতের মাধ্যমে ইবি ছাত্রশক্তির কার্যক্রম শুরু

কুষ্টিয়ার সর্বকনিষ্ঠ জুলাই শহীদ আব্দুল্লাহ আল মুস্তাকিনের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করলো জাতীয় ছাত্রশক্তি, ইবি শাখা। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৫ টায় কুষ্টিয়া পৌর কবরস্থানে জিয়ারত করেন তারা।

এ সময় শহীদ মুস্তাকিনের পিতা লোকমান হোসেন, জাতীয় ছাত্রশক্তি ইবি শাখার আহ্বায়ক ফুয়াদ হাসান, সদস্য সচিব ইফতেহার উদ্দিন, মুখ্য সংগঠক যায়েদ বিন ওসমানসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রশক্তির সদস্য সচিব ইফতেহার উদ্দিন বলেন, আজ জুলাই শহীদের কবর জিয়ারতের মাধ্যমে জাতীয় ছাত্রশক্তি, ইবি শাখার কার্যক্রমের সূচনা করেছি। শহীদদের আত্মত্যাগ আমাদের কাছে শুধু একটি স্মৃতি নয়; এটি আমাদের অঙ্গীকার। আমরা তাঁদের স্বপ্ন, আদর্শ ও আকাঙ্ক্ষাকে কখনো ভুলব না, ভুলতেও দেব না। সেই চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ ও মর্যাদাপূর্ণ ক্যাম্পাস গঠন এবং বৈষম্যহীন শিক্ষাঙ্গণ বিনির্মাণে আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।

আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং জুলাই গণঅভ্যুত্থানসহ প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের শহীদদের অবদানকে আমরা মনেপ্রাণে লালন করি। কোটা আন্দোলন থেকে জুলাই গণ-অভ্যুত্থানের সূচনা হয়েছে এই ছাত্রদের মাধ্যমে। একটি সুন্দর, বৈষম্যহীন , নিপীড়ন মুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান ও গণরুম, গেস্টরুম মুক্ত, শিক্ষার্থীবান্ধব শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার জন্যই মূলত শহীদদের আত্মত্যাগ। সেই চেতনা লালন করে আমরা অবশ্যই শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার ক্যাম্পাস বিনির্মাণে কাজ করে যেতে চাই। সামনের দিনে সর্বোচ্চ ত্যাগ আমরা দিতে প্রস্তুত।

আরও পড়ুন