কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের সহ-শিক্ষা সংগঠন ‘মার্কেটিং ডিবেটিং ক্লাব’-এর ২০২৬-২০২৭ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাদিয়া নওশীন ঐশী এবং সাধারণ সম্পাদক হিসেবে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তৌহিদুর রহমান সাকিব।
সোমবার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে মডারেটর হিসেবে রয়েছে মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মেহের নিগার এবং সহ-মডারেটর হিসেবে রয়েছেন প্রভাষক আফজাল হোসাইন।
এছাড়াও নতুন কমিটিতে সহ-সভাপতি (প্রশাসন) হয়েছেন মেহেদী হাসান আবির ও সহ-সভাপতি (বিতর্ক) তাহমিদ তাজওয়ার এবং যুগ্ম সাধারণ সম্পাদক
(প্রশাসন) মেহেরাব হোসাইন ও যুগ্ম সাধারণ সম্পাদক (বিতর্ক) জোনায়েদ আহমেদ আফনান।
পাশাপাশি অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন শয়ন দাস, দপ্তর সম্পাদক হিসেবে মো: মহি উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মোহাম্মদ নাঈম এবং প্রশিক্ষণ ও সমন্বয় সম্পাদকের দায়িত্বে ফাতেমা আক্তার দিয়া।
তা ছাড়া অনুষ্ঠান সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মেহেদী হাসান রকি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহাদাত হোসাইন সিয়াম এবং নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন যথাক্রমে মোহাম্মদ আবু হানিফ, মো: পাবেল সরকার ও ফাহমিদা রহমান ঋতু।
নতুন কমিটিতে শীর্ষ পদের দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সভাপতি সাদিয়া নওশীন ঐশী বলেন, “বিতর্ক সবসময়ই আমার ভালো লাগা ও ভালোবাসার জায়গা। তবে সভাপতির পদটি শুধু একটি পদবি নয়, এটি এক বিশাল দায়িত্বের নাম। একটি ঐতিহ্যবাহী সংগঠনকে সাফল্যের সাথে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া মোটেও সহজ কাজ নয়। তবে আমি আমার সর্বোচ্চ সততা ও নিষ্ঠা দিয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”
নিজের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরে ঐশী আরও জানান, তাঁর প্রধান লক্ষ্য হবে বিভাগের নতুন ও পুরাতন উভয় পর্যায়ের সদস্যদের দক্ষতাকে আরও ঝালিয়ে নেওয়া এবং বিজ্ঞানসম্মত উপায়ে বিতর্ক শেখানো। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় কুবির বিতার্কিকদের যেসব সীমাবদ্ধতা বা অপরিপক্বতা ফুটে ওঠে, সে ভুলের জায়গাগুলো চিহ্নিত করে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. তৌহিদুর রহমান সাকিব বলেন, “আগামীতে বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব আয়োজিত ‘ডিবেট সার্চ’সহ বিভিন্ন আন্তঃবিভাগীয় ও আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় মার্কেটিং বিভাগের দল যেন চ্যাম্পিয়ান হতে পারে, সেই লক্ষ্যে আমরা পরিকল্পিত ও কঠোর প্রস্তুতি নিশ্চিত করব।”
পাশাপাশি, বিভাগের বিতর্ক অঙ্গনকে আরও চাঙ্গা করতে প্রতি তিন মাস পর পর ‘এমডিসি ডিবেট ফেস্ট’ আয়োজনের অনন্য উদ্যোগের কথাও ঘোষণা করেন তিনি।
উল্লেখ্য, উক্ত কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।

