নাফীজ আহমেদ ,ইবি
পবিত্র ঈদুল আযহার আনন্দ যখন বিশ্বজুড়ে মুসলিমদের ঘরে ঘরে, ঠিক তখনই যুদ্ধবিধ্বস্ত গাজায় হাজারো পরিবার দিন পার করছে ক্ষুধা, আতঙ্ক ও মানবেতর কষ্টের মধ্যে। এমন বাস্তবতায় ঈদের দিনে গাজার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ভিত্তিক স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ঈদুল আযহার দিন গাজার কয়েকজন অসহায় মানুষের হাতে সরাসরি নগদ অর্থ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। প্রথম ধাপে পাঁচজনের প্রত্যেককে ৫০ শেকেল করে সহায়তা প্রদান করা হয়।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব রায়হান কবির বলেন, “গাজার মানুষের বর্তমান পরিস্থিতি ভাষায় প্রকাশ করার মতো নয়। ঈদের দিনে অন্তত কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি আমরা। এটি ছোট একটি উদ্যোগ হলেও মানবতার জায়গা থেকে আমাদের দায়িত্ববোধের প্রকাশ।”
তিনি আরও জানান, ভবিষ্যতে বড় পরিসরে ত্রাণ ও খাদ্য সহায়তা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে সংগঠনটির। তবে পর্যাপ্ত অর্থায়নের অভাবে কাঙ্ক্ষিত পরিসরে কাজ করা সম্ভব হচ্ছে না।
হ্যান্ডস ফর হিউম্যানিটির আহ্বায়ক আমির ফয়সাল বলেন, “আমাদের কাছে গাজায় কাজ করার মতো যোগাযোগ ও সুযোগ রয়েছে। কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে বড় উদ্যোগ নেওয়া সম্ভব হচ্ছে না। সমাজের বিত্তবান ও মানবিক মানুষ এগিয়ে এলে আমরা আরও অনেক অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারবো।”
তিনি ফিলিস্তিনের মজলুম মানুষের জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এদিকে, এই মানবিক উদ্যোগ বাস্তবায়নে যারা অর্থ, শ্রম ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’।

