জাতীয় ছাত্রশক্তি ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে আহ্বায়ক হিসেবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ফুয়াদ হাসান ও সদস্যসচিব হিসাবে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজম্যান্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ইফতেহার উদ্দিন মো তামিম এবং মুখ্য সংগঠক হিসাবে আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের যায়েদ বিন ওসমান মনোনীত হয়েছেন।
রোববার (৫ জুলাই) জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উক্ত কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
সদস্য সচিব ইফতেহার উদ্দিন মো তামিম বলেন, মহান রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং সেই সাথে স্মরণ করছি ২৪ এর শহীদদের যাদের ত্যাগের বিনিময়ে এই ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থানের রক্তাক্ত রাজপথ থেকে উঠে আসা ছাত্রসংগঠন এর একজন অংশীদার হিসেবে এটা শুধু একটা দায়িত্ব নয়, এটা আমার দায়বদ্ধতা যেনো শহীদদের সেই আকাঙ্খিত নতুন বাংলাদেশ বিনির্মান করতে পারি।
আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, আমরা মুক্তিযুদ্ধ , জুলাই গণঅভ্যুত্থান সহ এই ভূখণ্ডের জন্য আত্নত্যাগ করা প্রতিটি শহীদের আকাঙ্খাকে ধারণ করে , ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে চাই। আমরা দলীয় এজেন্ডার বাহিরে গিয়ে শুধুমাত্র শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে সর্বোচ্চ ত্যাগ করে যাবো ইনশাআল্লাহ। আমরা ধর্ম বর্ণ লিঙ্গের উর্ধে গিয়ে একটি নতুনধারার মধ্যপন্থী রাজনীতি বিনির্মানের পথে আগাচ্ছি। এই পথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আমরা পাশে চাই।

