Blog

  • কসবামাজাইল এ এইচ হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান

    কসবামাজাইল এ এইচ হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান

    রাজবাড়ী প্রতিনিধি 

    রাজবাড়ীর পাংশা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কসবামাজাইল এ এইচ হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন দি প্লাটফর্ম অব এক্স স্টুডেন্ট অব কসবামাজাইল এ এইচ হাইস্কুলের আয়োজনে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

    বৃহস্পতিবার বিকাল ৩ টায় বিদ্যালয়ের সম্মেলন কক্ষে কৃতি শিক্ষার্থীদের এ সম্মাননা দেওয়া হয়।

    বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মনজুরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন দি প্লাটফর্ম অব এক্স স্টুডেন্ট অব কসবামাজাইল এ এইচ হাইস্কুলের উপদেষ্টা অবসরপ্রাপ্ত কর্নেল লতিফুর রহমান, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্লাটফর্মের উপদেষ্টা মো: হাবিবুর রহমান।

    দি প্লাটফর্ম অব এক্স স্টুডেন্ট অব কসবামাজাইল এ এইচ হাইস্কুলের এডমিন প্যানেলের সদস্য মো: আশরাফুল আওয়াল প্লাটফর্মের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন।

    বৃত্তি প্রদান অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দি প্লাটফর্ম অব এক্স স্টুডেন্ট অব কসবামাজাইল এ এইচ হাইস্কুলের এডমিন প্যানেলের সদস্য জাফর আহম্মেদ।

    অন্যানোর মধ্যে বিদ্যালয়ের মাওলানা শিক্ষক শফিকুল ইসলামসহ শিক্ষক মন্ডলী, কৃতি শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

    আলোচনা শেষে বিদ্যালয়ের ৬ ষ্ট শ্রেণী থেকে ১০ শ্রেণীর প্রতি ক্লাসের ১ম, ২য় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের বৃত্তির অর্থ ও ক্রেষ্ট তুলে দেওয়া হয়।

    একই সাথে বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী থেকে বৃত্তি পাওয়া শিক্ষার্থী ও বিদ্যালয়ে অধ্যায়নরত বিশেষ চাহিদা সম্পূন্য ২ শিক্ষার্থীকেও বৃত্তির অর্থ ও ক্রেষ্ট প্রদান করা হয়।

    দি প্লাটফর্ম অব এক্স স্টুডেন্ট অব কসবামাজাইল এ এইচ হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের একটি অনানুষ্ঠানিক প্ল্যাটফর্ম। যা মূলত প্রাক্তন ছাত্রদের মধ্যে যোগাযোগ, পুনর্মিলনী এবং সামাজিক কাজের জন্য কাজ করা হয়েছে। এই প্ল্যাটফর্মের বেশির ভাগ কার্যক্রম ও যোগাযোগ ফেসবুক গ্রুপের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে।

    প্লাটফর্মের লক্ষ্য ও উদ্দেশ্য,গরীব মেধাবী ছাত্রছাত্রীদের জন্য মেধাবৃত্তি চালু করা, অসহায় ছাত্রছাত্রীদেরকে আর্থিক সাহায্য প্রদান, গুরুতর অসুস্থ কিংবা বিপদগ্রস্থ ব্যক্তিকে আর্থিক সাহায্য প্রদান,স্কুলের উন্নয়নমূলক বিভিন্ন কাজে অংশগ্রহণ করা, লেখাপড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক দিক দিয়ে স্কুলের পূর্বের ঐতিহ্য ফিরিয়ে আনা, বড় পরিসরে সব ব্যাচের ছাত্র-ছাত্রীদের নিয়ে পুনর্মিলনী আয়োজন করা, সকলের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে জুনিয়রদের কর্মসংস্থানের জন্য চেষ্টা করাসহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করা।

    দি প্লাটফর্ম অব এক্স স্টুডেন্ট অব কসবামাজাইল এ এইচ হাইস্কুলের এই সংগঠনটি দির্ঘদিন ধরে সেবা মূলক কর্মকান্ড চালিয়ে আসছেন।

  • জিটিসি কতৃক মধ্যেপাড়া কঠিন শিলা প্রকল্পের শ্রমিকদের উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান

    জিটিসি কতৃক মধ্যেপাড়া কঠিন শিলা প্রকল্পের শ্রমিকদের উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান

    দিনাজপুর প্রতিনিধি

    মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর অধীনে খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত ৫২ জন শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয়েছে।

    গত বুধবার বেলা ৩ টায় মধ্যপাড়া পাথর খনি এলাকাবাসীর জন্য জিটিসি চ্যারিটি হোম এর সামজিক কার্যক্রমের অংশ হিসেবে খনির সন্মুখে অবস্থিত জিটিসি চ্যারিটি হোমে খনিতে কর্মরত শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত ৫২ জন শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান কার্যক্রমের ধারাবাহিকতায় শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে এই বৃত্তির অর্থ প্রদান করেন জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম জিটিসি’র নির্বাহী পরিচালক জনাব মোঃ জাবেদ সিদ্দিকী এর পক্ষে উপ-মহাব্যবস্থাপক মোঃ জাহিদ হোসেন।

    জানা গেছে, মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা, রক্ষনাবেক্ষণ এবং উৎপাদন কাজে নিয়োজিত দেশীয় একমাত্র মাইনিং কোম্পানী জার্মানীয়া কর্পোরেশন লিমিটেড ও বেলারুশ কোম্পানী এর যৌথ প্রতিষ্ঠান জার্মানীয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) তাদের অধীনে কর্মরত খনি শ্রমিক সহ সংশ্লিষ্ট খনি এলাকাবাসীর মাঝে সেবামূলক এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

    এরই অংশ হিসেবে শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের মাঝে মাসিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম এবং মধ্যপাড়া পাথর খনির এলাকাবাসীর জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ সেবা প্রদান সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সমাজ কল্যাণ সংস্থা “জিটিসি চ্যারিটি হোম” স্থাপন করেছে।

    খনি এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহন বাড়াতে এলাকার বিভিন্ন মহলের সহযোগিতা কামনা করেছে জিটিসি কর্তৃপক্ষ। উল্লেখ্য, জিটিসি চ্যারিটি হোমে ০১ জন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তার দ্বারা সপ্তাহে ৫ দিন খনি এলাকার মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ সেবাকার্যক্রম চলমান রয়েছে। সেখানে প্রতিদিন গড়ে খনি এলাকার প্রায় অর্ধশত রোগী এই চিকিৎসা সেবা গ্রহন করছেন।

  • রামুতে ৭২ শিক্ষক পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা

    রামুতে ৭২ শিক্ষক পদ শূন্য, চাপে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা

    এস.এম. হুমায়ুন কবির, কক্সবাজার

    কক্সবাজারের রামু উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট বিরাজ করছে।বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়গুলোতে শিক্ষক স্বল্পতার কারণে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। একাধিক বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় একজন শিক্ষককে একাধিক শ্রেণির দায়িত্ব পালন করতে হচ্ছে, যা শিক্ষার মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

    রামু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট শিক্ষক পদ (প্রধান শিক্ষকসহ) রয়েছে ৫৯৮টি। এর মধ্যে বর্তমানে কর্মরত আছেন ৫২৬ জন শিক্ষক। প্রধান শিক্ষকের ২৬টি এবং সহকারী শিক্ষকের ৪৬টি পদসহ মোট ৭২টি পদ শূন্য রয়েছে।

    উপজেলার ৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২৬টি বিদ্যালয়ে শিক্ষক সংকট তুলনামূলক বেশি। এসব বিদ্যালয়ে মোট ৪৮টি শিক্ষক পদ শূন্য রয়েছে। অধিকাংশ শূন্যপদ পাহাড়ি ও দুর্গম এলাকার বিদ্যালয়গুলোতে হওয়ায় শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    যেসব বিদ্যালয়ে শিক্ষক পদ শূন্য রয়েছে তার মধ্যে মাঝিরকাটা, থোয়াংগাকাটা, জাউচপাড়া, থিমছড়ি হালিমা বেগম চৌধুরী, শুকমনিয়া, জুমছড়ি ও উত্তর বড়বিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনটি করে পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এছাড়া ঈদগড় খরলিয়া মুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারটি পদ শূন্য রয়েছে।

    তবে উপজেলা শিক্ষা অফিস জানিয়েছে, বর্তমানে রামু উপজেলার কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পূর্ণ শিক্ষকশূন্য নয় এবং কোনো বিদ্যালয়ে একাধিক শিক্ষক কর্মরত রয়েছে। তারপরও অনেক বিদ্যালয়ে প্রয়োজনের তুলনায় শিক্ষক সংখ্যা কম থাকায় পাঠদান কার্যক্রমে চাপ সৃষ্টি হচ্ছে।

    স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের অভিযোগ, শিক্ষক সংকটের কারণে নিয়মিত ও মানসম্মত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীদের শেখার সক্ষমতা কমে যাচ্ছে এবং শিক্ষার গুণগত মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    মাঝিরকাটা এলাকার এক অভিভাবক বলেন, “বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। দ্রুত শূন্য পদগুলো পূরণ করা প্রয়োজন।”
    মাঝির কাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্হাপনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন জানান,রামুর শিক্ষা ব্যবস্হায় প্রধান সমস্যা শিক্ষক সংকট।এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

    স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টদের মতে, শুধু নতুন নিয়োগ নয়, শিক্ষকদের সুষম বণ্টনও জরুরি। কারণ কিছু বিদ্যালয়ে শিক্ষক সংখ্যা তুলনামূলক বেশি থাকলেও দুর্গম এলাকার বিদ্যালয়গুলোতে এখনও শিক্ষক সংকট প্রকট।

    অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন মহল দ্রুত শূন্য পদগুলো পূরণ এবং প্রয়োজন অনুযায়ী শিক্ষক পুনর্বিন্যাসের দাবি জানিয়েছেন। তাদের মতে, প্রাথমিক শিক্ষা একটি শিশুর ভবিষ্যৎ গঠনের ভিত্তি। তাই রামুর প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ প্রয়োজন।

    এ বিষয়ে রামু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হানিফ মিয়া জানান,সারাদেশের মতো রামু উপজেলায় ও শিক্ষক সংকট দীর্ঘদিনের তবে শিক্ষক সংকট নিরসনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চাহিদা পাঠানো হয়েছে।

  • কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক-৫

    কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক-৫

    কুমিল্লা প্রতিনিধি

    কুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

    পুলিশ জানায়, কক্সবাজার থেকে ইয়াবার একটি বড় চালান আসছে এমন তথ্যের ভিত্তিতে প্রথমে চৌদ্দগ্রামে একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পদুয়ারবাজারে লবণবাহী একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬টি প্যাকেট থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৮০ লাখ টাকা। এ ঘটনায় মাদক বহনকারী কাভার্ডভ্যান ও স্কটকারী প্রাইভেটকার জব্দ করা হয়েছে। কাভার্ডভ্যানের মালিক, চালক ও হেলপারসহ মোট পাঁচজনকে আটক করা হয়েছে।

    আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

  • স্বৈরাচার আ’লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    স্বৈরাচার আ’লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    বগুড়া প্রতিনিধি

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, আগামী ২৩জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা হতে পারে। কিছু গোষ্ঠী স্বৈরাচারকে পুনর্বাসনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগকে আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না।

    বৃহস্পতিবার (১৮ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহিঃ ও আন্তঃবিভাগের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, গত ১৭ বছর বগুড়া রাজনৈতিক বৈষম্য ও উন্নয়ন বঞ্চনার শিকার ছিল। বর্তমান সরকার জেলার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে কাজ শুরু করতেই একটি মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে এসব ষড়যন্ত্র কোনোভাবেই উন্নয়নের অগ্রযাত্রা থামাতে পারবে না। ইতিমধ্যে যে সকল উন্নয়নের কথা বলা হয়েছে সেসব বাস্তবায়ন করা হবে।

    মীর শাহে আলম জানান, শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিকল্পিত ৬তলা ভবনকে ৮তলায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি হাসপাতালের পাশের বহুতল ভবন অধিগ্রহণ করে হাসপাতালের চিকিৎসাসেবা সম্প্রসারণে যুক্ত করার পরিকল্পনাও সরকারের রয়েছে।

    বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথির রাখেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা একেএম মাহবুবুর রহমান, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর. ইসলাম স্বাধীন, বগুড়া জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোঃ খুরশীদ আলম, টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বিএনপি নেতা ফজলুল বারী তালুকদার বেলাল, মাফতুন আহম্মেদ খান রুবেল, কেএম খায়রুল বাশার, শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিচালক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল প্রমূখ।

    আয়োজকরা জানান, দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে হৃদরোগ বিষয়ে চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়। একই সাথে হৃদরোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা আয়োজন করা হয়।

  • বগুড়ায় তিন দিনব্যাপি ফল মেলার উদ্বোধন

    বগুড়ায় তিন দিনব্যাপি ফল মেলার উদ্বোধন

    বগুড়া প্রতিনিধি

    করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এই শ্লোগানে বগুড়া সদর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১২টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

    আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপিত রেজাউল করিম বাদশা। উদ্বোধনের পর তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন করেন।

    পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জ্যোতি বিকাশ চন্দ্র এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক কৃষিবিদ সোহেল মোঃ শামসুদ্দীন ফিরোজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল ওয়াজেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল।এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত জাহান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার প্রমুখ।

    মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন জাতের দেশীয় ও বিদেশি ফল প্রদর্শন করা হয়। ফল চাষ সম্প্রসারণ, পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের উদ্বুদ্ধ করাই এই মেলার মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

    অনুষ্ঠান শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা এবং স্থানীয় কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল বীজ এবং জৈব সার বিতরণ করা হয়।

  • মাগুরায় শ্রীপুর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষককে অপসারণ দাবিতে উত্তাল বিদ্যালয়

    মাগুরায় শ্রীপুর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ শিক্ষককে অপসারণ দাবিতে উত্তাল বিদ্যালয়

    বিকাশ বাছাড়, মাগুরা প্রতিনিধি

    মাগুরার শ্রীপুর উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষক মহসিন বিশ্বাসের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ বৃহস্পতিবার (১৮ জুন) উত্তাল হয়ে ওঠে বিদ্যালয় চত্বর।

    ​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকালে ওই ছাত্রীকে শ্লীলতাহানি করার ঘটনাটি ঘটে। এর প্রতিবাদে আজ সকাল ১২টায় হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের মূল গেট থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় বাজারের প্রধান সড়ক (মেইন রোড) প্রদক্ষিণ করে পুনরায় স্কুল চত্বরে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়। এই বিক্ষোভ মিছিলে বিদ্যালয়ের সকল শ্রেণীর ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় সর্বস্তরের সর্বসাধারণ অংশ নেন।

    ​প্রতিবাদ সভায় ক্ষোভ ও কান্নাভেজা কণ্ঠে সাধারণ শিক্ষার্থীরা বলে: “আমরা শিক্ষকের কাছে সন্তানের মতো। শিক্ষকরা যেখানে আমাদের অভিভাবক, সেখানে তিনি যদি আমাদের সাথে এমন অশালীন আচরণ ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেন, তবে আমরা কোথায় নিরাপদ? আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং উক্ত স্যারের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

    ​সমাবেশে বক্তব্য রাখেন দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ। তিনি বলেন, “এই বিতর্কিত শিক্ষক বিদ্যালয়ে থাকলে আমাদের স্কুলের মান-সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। তিনি বিগত দিনগুলোতেও এ ধরনের আপত্তিকর আচরণ অনেকবার করেছেন। অতীতে তাঁকে ক্ষমা করা হলেও, এবার আর কোনো ছাড় দেওয়া হবে না। আমরা অবিলম্বে তাঁর অপসারণ, স্কুল থেকে স্থায়ী অব্যাহতি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

    ​বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক দারিয়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউল আযম, শ্রীপুর উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মো. শুকুর মাহমুদ, বিএনপি নেতা ও দারিয়াপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য শাহাজাহান শেখ এবং অভিভাবক সদস্য মো. আনোয়ার হোসেন প্রমুখ।

    ​এলাকাবাসী ও অভিভাবকদের দাবি, কোমলমতি ছাত্র-ছাত্রীদের সুরক্ষায় প্রশাসন যেন দ্রুত এই শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিদ্যালয়টিকে কলঙ্কমুক্ত করে।

    এ বিষয়ে জানতে চাইলে হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইমাম হোসেন বলেন, “শিক্ষার্থীর যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে ইতোমধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে লিখিত জবাব সন্তোষজনক না হলে, তাঁর বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

  • রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

    রাজশাহীতে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান

    রাজশাহী প্রতিনিধি

    রাজশাহী নগরীতে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ এবং যানজট নিরসনে জেলা প্রশাসন ও রাজশাহী সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করে সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়।

    বৃহস্পতিবার (১৮ জুন) বেলা ১১টার দিকে নগরীর লক্ষ্মীপুর মোড় এলাকা থেকে অভিযান শুরু হয়। পরে এটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে বর্ণালী মোড় এলাকায় গিয়ে শেষ হয়। অভিযানে ফুটপাত ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনাকারীদের স্থাপনা উচ্ছেদ করা হয়।

    পাশাপাশি সড়কে অবৈধভাবে পার্কিং করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিভিন্ন যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। এ সময় কয়েকটি যানবাহন জব্দ করা হয়েছে।
    অভিযান চলাকালে দেখা যায়, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের বাধ্য হয়ে সড়ক ব্যবহার করতে হচ্ছে। এতে দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এসব সমস্যা নিরসনে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন যৌথভাবে এ উদ্যোগ গ্রহণ করেছে।

    অভিযানে নেতৃত্ব দেন জাফর আহমেদ এবং নাজমুল আলম। তাদের তত্ত্বাবধানে অবৈধ স্থাপনা অপসারণ, ফুটপাত দখলমুক্তকরণ এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

    অভিযান সম্পর্কে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন, নগরীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার ফলে সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে অবৈধ পার্কিংয়ের কারণে যানজটও বাড়ছে। এসব সমস্যা সমাধানে আজ থেকে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে এবং পর্যায়ক্রমে নগরীর অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম বিস্তৃত করা হবে।

    তিনি আরও বলেন, “নগরবাসীর স্বার্থে ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কেউ পুনরায় অবৈধ দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর সদস্যরা দায়িত্ব পালন করেন। এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

    সংশ্লিষ্টরা জানান, নগরীর সৌন্দর্য রক্ষা, যানজট নিরসন এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসীর অনেকেই। তাদের মতে, নিয়মিত অভিযান পরিচালিত হলে ফুটপাত ও সড়ক দখলের প্রবণতা কমবে এবং নগর জীবনে শৃঙ্খলা ফিরবে।

  • বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত-১

    বগুড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত-১

    বগুড়া প্রতিনিধি

    বগুড়ায় দুই ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। এতে ট্রাকচালকের সহকারী আহত হয়েছেন।

    বুধবার দিবাগত রাত তিনটার দিকে দুপচাঁচিয়া উপজেলার তিশিগাড়ী এলাকায় বগুড়া-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতের নাম আনোয়ার হোসেন(৩০)। তিনি নওগাঁর পত্নীতলা উপজেলার হাশেমপুর এলাকার মৃত সালাউদ্দিনের ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হৃদয় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এসব তথ্য নিশ্চিত করেছেন দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজলিমুর রহমান।

  • দেশে নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.২৩ বিলিয়ন ডলার

    দেশে নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.২৩ বিলিয়ন ডলার

    জেভি২৪ ডেস্ক 

    দেশে নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী বর্তমানে নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ১২৩ কোটি ৯৮ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বা ৩১.২৩ বিলিয়ন ডলার।

    একই সময়ে বৈদেশিক মুদ্রায় গঠিত বিভিন্ন তহবিলসহ মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৫৮০ কোটি ২৩ লাখ ৫০ হাজার ডলার বা ৩৫.৮০ বিলিয়ন ডলার।

    বুধবার (১৭ জুন) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর।

    এর আগে গত মে মাসে নিট রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল। তবে দুই মাসের আমদানি ব্যয়ের বিল পরিশোধের পর তা ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে যায়।

    প্রবাসী আয় ও রপ্তানি আয়ের প্রবাহ ইতিবাচক থাকায় অল্প সময়ের ব্যবধানে রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছে।

    আকু (এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন) ব্যবস্থার আওতায় প্রতি দুই মাস পরপর সদস্য দেশগুলোর মধ্যে আমদানি-সংক্রান্ত বিল পরিশোধ করা হয়।