Category: সারাদেশ

  • খুলনায় নারী পথচারী গুলিবিদ্ধ

    খুলনায় নারী পথচারী গুলিবিদ্ধ

    জেভি২৪ ডেস্ক 

    খুলনা মহানগরীর গল্লামারী ব্রিজের সামনে সন্ত্রাসীদের ছোড়া লক্ষ্যভ্রষ্ট গুলিতে আছিয়া বেগম নামে এক নারী পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২৪ মে) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে এসে কয়েকজন সন্ত্রাসী রাসেল নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় রাসেল দৌড়ে একটি গলির ভেতরে পালিয়ে গেলে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পথচারী আছিয়া বেগমের হাতের আঙুলে লাগে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় বাসিন্দারা আছিয়া বেগমকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

    এ বিষয়ে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, রাসেল নামে ওই ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে লক্ষ্য করেই দুর্বৃত্তরা গুলি চালায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে কোনও গুলির আলামত পাওয়া যায়নি। বিষয়টি তদন্তে কাজ করছে পুলিশ। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

  • ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে” নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত

    ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে” নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত

    মুহাম্মদ সুমন ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি

     

    ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে” নোয়াখালীর চৌমুহনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    বরিবার দুপুরে চৌমুহনী ইসলামী ব্যাংকের সামনে ডিবি রোড়ে ঘন্টাব্যাপী নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আয়োজনে এ মানববন্ধনে বক্তারা বলেন, লুটেরা এস আলমের প্ররোচনায় ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপে একটি স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানের উপর পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি ও গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে।

    মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রাহক ও সচেতন নাগরিকরা বলেন, একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে ইসলামী ব্যাংককে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। তারা অবিলম্বে এ ধরনের হস্তক্ষেপ বন্ধ এবং ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

    এ সময় বক্তারা আরও বলেন, সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং দেশের আর্থিক খাতকে সুরক্ষিত রাখতে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

    মানববন্ধন শেষে ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক হারুনুর রশিদের মাধ্যমে স্বারক লিপি পেশ করে আয়োজকরা শান্তিপূর্ণভাবে তাদের প্রতিবাদ কর্মসূচি সমাপ্ত করেন।

  • নোয়াখালীতে র‍্যাব ও জেলা প্রসাশনের যৌথ অভিযানে ৪ জনকে অর্থদন্ড

    নোয়াখালীতে র‍্যাব ও জেলা প্রসাশনের যৌথ অভিযানে ৪ জনকে অর্থদন্ড

    মুহাম্মদ সুমন ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি 

    আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপনে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও ভোগান্তি মুক্ত করতে নোয়াখালীতে মাঠে নেমেছে র‌্যাব ও জেলা প্রশাসন। অতিরিক্ত ভাড়া আদায় ও লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অপরাধে সোনাপুর বাসস্ট্যান্ড এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ ব্যক্তিকে সর্বমোট ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

    রবিবার (২৪ মে ২০২৬) দুপুরে নোয়াখালী সদর উপজেলার সোনাপুর বাসস্ট্যান্ডের বিভিন্ন পরিবহন কাউন্টারে এই অভিযান পরিচালিত হয়।

    অভিযুক্ত ও কারাদন্ড প্রাপ্তরা হলেন,মনজু (৩২), পিতা- আব্দুল মালেক, সাং- সোনাপুর, মোঃ এজাজ (৩৩), পিতা- জামাল উদ্দিন, সাং- সোনাপুর, মোঃ রুবেল (৩৭), পিতা- আব্দুল কাদের, সাং- সোনাপুর,

    ড্রাইভিং লাইসেন্স ব্যতীত যানবাহন চালানোর অপরাধে রাশেদ (২৬), পিতা- আব্দুর রহমান, সাং- মধ্যম করিমপুর, থানা- সুধারাম।

    ​আদালত সূত্র জানায়, র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং নোয়াখালী জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সেজান আহমেদ এবং সহকারী কমিশনার জনাব মোসাদ্দেক হোসেন।

    ​অভিযান চলাকালে সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে নিম্নোক্ত ব্যক্তিবর্গকে অর্থদণ্ড প্রদান করা হয়।

    ​র‌্যাব-১১, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুহিত কবীর জানান, র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার এবং আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আসন্ন ঈদ-উল-আজহায় মানুষের বাড়ি ফেরার যাত্রা যেন নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দময় হয়, তা নিশ্চিত করতেই এই বিশেষ অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে র‌্যাবের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • মোহাম্মদপুরে ১০ তলা ভবনে আগুন

    মোহাম্মদপুরে ১০ তলা ভবনে আগুন

    জেভি২৪ ডেস্ক 

    রাজধানীর মোহাম্মদপুরে কৃষিমার্কেট সংগ্লগ্ন একটি ১০ তলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আরও দুটি ইউনিট পথে রয়েছে।

    রোববার (২৪ মে) সন্ধ্যা ৭টা ৩ মিনিটে জাপান গার্ডেন সিটির বিপরীতে একটি ১০ তলা ভবনের ১০ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

    ফায়ার সার্ভিস জানায়, পরে মোহাম্মদপুরে ফায়ার স্টেশনের দুটি ও কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। এর মধ্যে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ শুরু করেছে।

    বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, রাস্তায় ব্যাপক যানজনের কারণে অগ্নিকাণ্ডের স্থানে পৌঁছাতে ইউনিটগুলোর বেগ পেতে হয়েছে। দুটি ইউনিট ইতোমধ্যে পৌঁছেছে। আরও দুটি ইউনিট পথে রয়েছে।

    তবে তাৎক্ষণিকভাবে ভবনটি আবাসিক নাকি বাণিজ্যিক তা জানাতে পারেননি তিনি।

  • সীমান্তে মাইন বিস্ফোরণ, তিন যুবক নিহত

    সীমান্তে মাইন বিস্ফোরণ, তিন যুবক নিহত

    জেভি২৪ ডেস্ক 

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে মাইন বিস্ফোরণে তিন যুবক নিহত হয়েছেন। রোববার (২৪ মে) বিকেল ৪ টার দিকে মিয়ানমার সীমান্তে ফাত্রাজিরি এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহতরা হলেন- ঘুমধুমের ভালুকিয়া এলাকার লেটাইয়া চাকমা, অংক্যামং চাকমা ও চিংক্যামং চাকমা। নিহতরা এখনো ঘটনাস্থলে রয়েছে বলে জানা গেছে।

    স্থানীয়রা জানান, দুপুরে তিন যুবক সীমান্ত এলাকায় কলাবাগানে যায়। এ সময় সীমান্তের কাছাকাছি গেলে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে বলে জানা গেছে।

  • মেহেরপুরে ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়

    মেহেরপুরে ২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়

    জেভি২৪ ডেস্ক 

    মেহেরপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় শাকিল হোসেন নামে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।

    রোববার (২৪ মে) দুপুর দেড়টার সময় মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক তাজুল ইসলাম এই রায় দেন।

    দেশের ইতিহাসে প্রথমবার ২৯ কার্ষদিবসের মধ্য সশরীরে ও ভিডিও কলের মাধ্যমে তিন দিনে স্বাক্ষীদের জবানবন্দি গ্রহণ করেন আদালত।

    দণ্ডপ্রাপ্ত শাকিল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আব্দাল হাসানের ছেলে।

    রায়ের বিষয়টি নিশ্চিত করেন, মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিটর (পিপি) মোস্তাফিজুর রহমান তুহিন।

    মামলার বিবরণী থেকে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুন গাংনীতে ভুক্তভোগী শিশু তার বাবাকে বাড়ির পাশের ক্ষেতে খাবার দিতে যাওয়ার সময় শাকিল হোসেন হাঁসুয়া দিয়ে হত্যার ভয় দেখিয়ে পাশের পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়ি ফিরে তার পরিবারকে বিষয়টি জানালে গ্রামবাসী শাকিলকে আটক করে গণপিটুনি দেয়। পুলিশ উত্তেজিত জনতার কাছ থেকে শাকিলকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে শিশুটির বাবা বাদী হয়ে গাংনী থানায় একটি ধর্ষণ মামলা করেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ।

  • স্বস্তিতে নেই খোকসার কাপড় ব্যবসায়ীরা

    স্বস্তিতে নেই খোকসার কাপড় ব্যবসায়ীরা

    ফাহিম শাওন

    কুষ্টিয়ার খোকসা কাপড় ব্যবসায়ীদের মুখে নেই হাসি। বিক্রি নিয়ে রয়েছেন দূর চিন্তায়।

    আসন্ন ঈদ-উল আযাহাকে কেন্দ্র করে বিভিন্ন দামের কাপড় তুলেছেন খোকসার কাপড় ব্যবসায়ীরা। কিন্তু তার অর্ধেকও বিক্রি হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

    আজ রবিবার ( ২৪ মে) খোকসা বাজারের বিভিন্ন কাপড় দোকানগুলো ঘুরে দেখা গেছে, দোকানে অলস সময় পার করছেন তারা। কয়েকটি দোকানে এক থেকে ২ জন থাকলে ক্রেতা রয়েছেন।

    কাপড় ব্যবসায়ী জাহাঙ্গীর পারভেজ জানান, আমি পঞ্চাশ হাজার টাকার মাল তুলেছি। এখন পর্যন্ত মাত্র ৩ হাজার টাকার মাল বিক্রয় করা হয়েছে। আজ সকাল থেকে একটা ক্রেতাও দোকানে আসেনি।

    কাপড় ব্যবসায়ী রাজু শেখ জানান, আমি প্রায় সতের বছর ধরে কাপড়ের ব্যবসা করছি। আগের তুলনায় কাপড়ের দোকান বেড়েছে তিনগুণ। শুধু বাজারেই রয়েছে দেরশ এর অধিক। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার স্থানীয় বাজারেও কাপড়ের দোকান বেড়ে গেছে। ফলে প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। তবে চাঁদরাত পর্যন্ত বিক্রি হবে। কিছুটা বিক্রি বাড়তে পারে বলে আমি আশা করি।

    আরেক ব্যবসায়ী আব্দুল্লাহ শেখ জানান, আমি এই ঈদকে কেন্দ্র করে দেড় লক্ষ টাকার কাপড় এনেছি। এখন পর্যন্ত মাত্র পঁচিশ হাজার টাকার কাপড় বিক্রি হয়েছে। তবে বিক্রি হবে বলে আশা করছি। গত রমজানে আমার দোকানে তিনজন কর্মচারী রেখেছিলাম, কিন্তু এবার শুধুমাত্র একজনকে রাখা হয়েছে।

    খোকসাতে বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি সাবুব আলম চঞ্চল জানান, করোনার সময়ও আমরা এর থেকে ভালো ব্যবসা করেছি৷ কিন্তু এবারে তার থেকেও খারাপ হচ্ছে। তিনি আরো বলেন, খোকসা মূলত কৃষি নির্ভর এলাকা। এবারে কৃষকদের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। বেশিরভাগ পেয়াজ পচে যাচ্ছে। ভালো দাম পাচ্ছেন না তারা। ফলে বাজারে লোকজন কম। তাছাড়া কাপড়ের দাম বাড়েনি। কিন্তু সেই তুলনায় বিক্রি নাই বললেই চলে।

  • নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ৮০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

    নীলফামারীতে ডিবি পুলিশের অভিযানে ৮০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

    ওমর ফারুক, নীলফামারী প্রতিনিধি

    নীলফামারী পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমানের তত্ত্বাবধানে একটি আভিযানিক দল শুক্রবার (২৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

    অভিযানে নীলফামারী সদর থানার কচুকাটা বাজার থেকে পঞ্চপুকুর বাজারগামী সড়কের পাশে গোলাম রব্বানী ওরফে রিমুর স্যানেটারি কারখানার ভেতরের ফাঁকা স্থান থেকে মোঃ সম্রাট আলী (২৪) নামে এক যুবককে আটক করা হয়। তিনি কচুকাটা কামারপাড়া এলাকার মোঃ কহিনুর রহমানের ছেলে।
    পরে আটক ব্যক্তির দেহ তল্লাশি করে তার হাতে থাকা একটি পলিথিন ব্যাগ থেকে ১৮ পুরিয়া শুকনা গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার ওজন কাগজসহ ৮০ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।

    এসময় মাদক বিক্রির নগদ ৩০০ টাকাও জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩ হাজার ৬০০ টাকা।

    প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, আটক সম্রাট আলী দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। এ ঘটনায় নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

  • নাসিরনগরে ১২৬ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৩টিতে নেই প্রধান শিক্ষক

    নাসিরনগরে ১২৬ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৩টিতে নেই প্রধান শিক্ষক

    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চরম শিক্ষক সংকট দেখা দিয়েছে। উপজেলার ১২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৩টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। এছাড়া সহকারী শিক্ষকের ৪৪টি পদও দীর্ঘদিন ধরে খালি থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম।

    জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শূন্য পদে নিয়োগ না হওয়ায় অনেক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে পরিচালিত হচ্ছে। এতে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে নানা জটিলতা তৈরি হচ্ছে।

    সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক সংকটের কারণে অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। এতে শিক্ষার মান নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবকদের মধ্যে।

    নাসিরনগর উপজেলার গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান জানান, বিদ্যালয়ে ৩৬৪ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র পাঁচজন। একজন প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে খালি থাকায় পাঠদান চালাতে হিমশিম খেতে হচ্ছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক নাসিরনগর সদরের এক শিক্ষক বলেন, “বিদ্যালয়ে এমনিতেই শিক্ষক সংকট রয়েছে। এর ওপর অনেক সময় শিক্ষকদের দাপ্তরিক কাজে প্রাথমিক শিক্ষা অফিসে দায়িত্ব পালন করতে হয়। এতে শ্রেণিকক্ষে পাঠদান আরও ব্যাহত হয়।”

    শিক্ষকদের দাবি, প্রধান শিক্ষককে প্রায়ই বিভিন্ন প্রশাসনিক কাজে বাইরে থাকতে হয়। ফলে ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা বিদ্যালয়গুলোতে নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনা কঠিন হয়ে পড়ছে। একইভাবে সহকারী শিক্ষকের ঘাটতিও শিক্ষার পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে।

    উপজেলার শিক্ষক ও অভিভাবকরা দ্রুত শূন্য পদে নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

  • গর্জনিয়ায় অপরাধীদের আতঙ্কের নাম এসআই জুয়েল চৌধুরী

    গর্জনিয়ায় অপরাধীদের আতঙ্কের নাম এসআই জুয়েল চৌধুরী

    কক্সবাজার প্রতিনিধি 

    কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত সাব-ইন্সপেক্টর (এসআই) মোঃ জুয়েল চৌধুরীর নেতৃত্বে একের পর এক দুঃসাহসিক অভিযানে গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের অপরাধ জগতে নেমে এসেছে অস্বস্তি ও আতঙ্ক। দীর্ঘদিন ধরে ইয়াবা কারবার, চোরাচালান, সন্ত্রাস, চুরি-ডাকাতি ও নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে থাকা চক্রগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় সাধারণ মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন আস্থার প্রতীক। অন্যদিকে অপরাধীদের কাছে তিনি যেন এক আতঙ্কের নাম।

    স্থানীয় সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই এসআই জুয়েল চৌধুরী মাদক, চোরাচালান ও অপরাধ দমনে ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে পরিচালিত অভিযানে ইতোমধ্যে ২৫টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া চোরাইপথে পাচারের সময় বিপুল পরিমাণ চিপস, ঔষধ ও ফ্লাক্স জব্দ করে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়।

    সবচেয়ে আলোচিত অভিযানের মধ্যে রয়েছে প্রায় ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার। এ ঘটনায় দায়ের করা মামলার নম্বর-৩০, তারিখ ১৩/০৫/২০২৬। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র বলছে, এই অভিযানের পর থেকে এলাকার ইয়াবা সিন্ডিকেটের অনেক গডফাদার আত্মগোপনে চলে যায় এবং সীমান্তভিত্তিক চোরাকারবারি চক্রগুলো বড় ধরনের চাপের মুখে পড়ে।

    এক সময়ের অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত গর্জনিয়া ও কচ্ছপিয়ায় বর্তমানে পুলিশের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে দাবি স্থানীয়দের। এলাকাবাসীর ভাষ্য, “আগে সন্ধ্যার পর সাধারণ মানুষ আতঙ্কে চলাফেরা করতো। এখন পুলিশি টহল ও অভিযানের কারণে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।”

    তবে এসআই জুয়েল চৌধুরীর এই কঠোর অবস্থানের কারণে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহলের দাবি, মাদক ও চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত একটি চক্র তাকে গর্জনিয়া পুলিশ ফাঁড়ি থেকে সরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন মহলে তদবির চালাচ্ছে। এমনকি কিছু অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও মনগড়া তথ্য ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

    এ বিষয়ে গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, “এসআই জুয়েল চৌধুরী একজন সৎ, সাহসী ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা। তিনি অপরাধীদের বিরুদ্ধে আপসহীন ভূমিকা পালন করায় সাধারণ মানুষ নিরাপত্তা অনুভব করছে। তার বদলি হলে অপরাধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে।”

    স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের অনেকেই মনে করেন, অপরাধ দমনে কার্যকর ভূমিকার কারণেই একটি কুচক্রী মহল তাকে টার্গেট করেছে। তারা ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

    এদিকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জে কর্মরত এসআই (নিরস্ত্র) পদমর্যাদার ২০ জন কর্মকর্তাকে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। ২০ মে ২০২৬ তারিখে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়। চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ মনিরুজ্জামান স্বাক্ষরিত রেঞ্জ আদেশ নং- ফোর্স/০১.১০.২২-২০২৬/৩০২ এবং স্মারক নং- ফোর্স/০১.১০.২২-২০২৬/৫৪৫৭(০৭) অনুযায়ী এ বদলি কার্যকর করা হয়।

    বদলিকৃত কর্মকর্তাদের তালিকায় এসআই মোঃ জুয়েল চৌধুরীর নামও রয়েছে। আদেশ অনুযায়ী তাকে রামুর গর্জনিয়া পুলিশ ফাঁড়ি থেকে লক্ষ্মীপুর জেলায় বদলি করা হয়েছে। আগামী ১ জুন ২০২৬ তারিখের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

    তবে তার এই বদলিকে কেন্দ্র করে এলাকাজুড়ে নানা আলোচনা সৃষ্টি হয়েছে।

    এ বিষয়ে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, “এসআই জুয়েল চৌধুরী একজন দায়িত্বশীল ও পরিশ্রমী পুলিশ কর্মকর্তা। গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত অবস্থায় তিনি মাদক, চোরাচালান ও বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্বে পরিচালিত একাধিক অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। পুলিশ সদস্যদের বদলি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া হলেও, একজন কর্মকর্তার ভালো কাজ অবশ্যই মূল্যায়নযোগ্য। আমরা আশা করি, তিনি নতুন কর্মস্থলেও একই নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন।