Category: রাজনীতি

  • রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ, সড়ক অবরোধ ও বিক্ষোভ

    রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ, সড়ক অবরোধ ও বিক্ষোভ

    রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে কলেজ ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নবঘোষিত আংশিক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা সড়কের পাশে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং বিভিন্ন স্লোগান দেন।

    বিক্ষোভ চলাকালে নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    বিক্ষোভকারী নেতাকর্মীদের অভিযোগ, নবগঠিত আংশিক কমিটিতে টিকটকার, চাঁদাবাজ ও মাদকসেবীদের স্থান দেওয়া হয়েছে। তারা এ কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে দাবি করেন, অর্থের বিনিময়ে কমিটি ঘোষণা করা হয়েছে। তাদের ভাষ্য, ত্যাগী ও যোগ্য কর্মীদের মূল্যায়ন না করে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

    বিক্ষোভকারীরা আরও জানান, বর্তমান কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

    উল্লেখ্য, বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের ৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

  • কুবি ছাত্রদলের ১২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

    কুবি ছাত্রদলের ১২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

    কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ১২ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ২০০৮-৯ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের মোস্তাফিজুর রহমান শুভকে আহ্বায়ক এবং ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আবুল বাশারকে সদস্য সচিব করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৮ জুন) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    এছাড়াও কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মো. সাইফুল ইসলাম, রিয়াজ উদ্দীন অন্তর, সাগর আহমেদ, সাফায়েত হোসেন সজল, মোতাসিম বিল্লাহ রিফাত, আশ্রাফ উদ্দিন মুন্না, মাহফুজুর রহমান আরিফ, তরিকুল ইসলাম এবং মো. সাইদুল ইসালম শাওন।

    নবগঠিত কমিটি নিয়ে সদস্য সচিব মো. আবুল বাশার বলেন, ‘আলহামদুলিল্লাহ প্রথমেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে এবং আমার নেতা কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি। সেইসাথে ধন্যবাদ জানাচ্ছি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে আমাকে মূল্যায়ন করার জন্য। এই দীর্ঘ যাত্রায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যেসব সহযোদ্ধা আমার পাশে ছিলেন তাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং কমিটিতে মনোনীত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।”

    নবগঠিত কমিটির আহবায়ক মুস্তাফিজুর রহমান শুভ বলেন, “দীর্ঘ লড়াই ও সংগ্রামের পর কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই কমিটি পেয়েছে এজন্য কেন্দ্রীয় ছাত্রদলেকে অশেষ ধন্যবাদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানকে আমাদের প্রতি আস্থা রেখে সুন্দর এই কমিটি দেয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। নবগঠিত এই কমিটির সকল সদস্যরা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। এবিষয়ে সকল শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী ঐক্যবদ্ধভাবে ছাত্রদলকে সহযোগীতা করার জন্য অনুরোধ করছি।”

    বিজ্ঞপ্তিতে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি এবং এক মাসের মধ্যে সম্মেলন করে নতুন কমিটি প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

  • একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

    একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

    দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার যে কোনো প্রচেষ্টা জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

    তিনি বলেন, জনগণের মতামত উপেক্ষা করে জোর করে শাসনব্যবস্থা চালাতে চাইলে জনগণই হিমালয়ের মতো প্রতিরোধ গড়ে তুলবে।

    শুক্রবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগর আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান ও শহীদদের আত্মত্যাগের ফলেই দেশে বর্তমান রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। জুলাইয়ের আন্দোলনে শহীদ ও আহতদের অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। তাদের আত্মত্যাগের প্রতি অসম্মান জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

    সরকারের বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে তিনি বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগ, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে হস্তক্ষেপ, বিশ্ববিদ্যালয়ে যোগ্য ব্যক্তিদের সরিয়ে দলীয় অনুগতদের নিয়োগ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোক বসানোর মাধ্যমে দেশে একদলীয় শাসনের পরিবেশ তৈরি করা হচ্ছে।

    তিনি বলেন, ‘ইতিহাস সাক্ষী, একদলীয় শাসন কখনো টেকসই হয়নি। জনগণের মতামত উপেক্ষা করে কোনো ব্যবস্থা চাপিয়ে দেওয়া হলে দেশের মানুষ তা প্রতিহত করবে।’

    সংসদে বিরোধী দলকে অবমূল্যায়নের রাজনৈতিক সংস্কৃতিরও সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ যেমন রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কটূক্তি করত, এখন বিএনপিও একই ধরনের ভাষা ব্যবহার করছে। রাজনৈতিক দলগুলোর উচিত পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতার চর্চা করা।

    প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, বড় বাজেট প্রণয়ন করাই যথেষ্ট নয়, সেটি সঠিকভাবে বাস্তবায়ন করাই বড় চ্যালেঞ্জ। দুর্নীতি ও অপচয় বন্ধ না হলে উন্নয়নের সুফল জনগণের কাছে পৌঁছাবে না।

    ব্যবসায়ীদের দুরবস্থার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সম্মেলনে আসার আগে নারায়ণগঞ্জের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে তার বৈঠক হয়েছে। সেখানে ব্যবসায়ীদের মধ্যে চাঁদাবাজি ও অনিরাপত্তা নিয়ে উদ্বেগ লক্ষ্য করেছেন। ব্যবসা-বাণিজ্যের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তিনি।

    গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের রায়কে সম্মান করা গণতন্ত্রের মৌলিক শর্ত। গণভোটে যে সংস্কার প্রস্তাবগুলো জনগণের সমর্থন পেয়েছে, সেগুলো বাস্তবায়নে সরকারের আন্তরিকতা থাকা উচিত।

    তিনি আরও বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে সরকারের এক উপদেষ্টার বক্তব্যে জনগণের রায় ও গণতান্ত্রিক চেতনা প্রশ্নবিদ্ধ হয়েছে।

    সরকারকে জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখনো সময় আছে, জনগণের রায়কে সম্মান করুন। অন্যথায় জোর করে শাসনব্যবস্থা চালাতে চাইলে জনগণ আপনাদের সামনে হিমালয় পর্বত হয়ে দাঁড়িয়ে যাবে।’

    সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি দাবি করেন, নানা প্রতিকূলতা সত্ত্বেও জনগণ গণতান্ত্রিক চর্চার পক্ষে অবস্থান নিয়েছে। তবে ভোট গণনা ও ফলাফল ঘোষণার ক্ষেত্রে আরও স্বচ্ছতা থাকলে তাদের জোট আরও ভালো ফল করতে পারত বলেও মন্তব্য করেন তিনি।

    নারায়ণগঞ্জের শিল্পখাতের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, একসময় দেশের শিল্প রাজধানী হিসেবে পরিচিত এই জেলার গৌরব পুনরুদ্ধারে শিল্প ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সন্ত্রাস ও প্রভাবশালী গোষ্ঠীর আধিপত্যমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

    রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি বলেন, মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা সম্ভব নয়। জনগণ এখন অনেক বেশি সচেতন এবং তারা কথার চেয়ে কাজের মূল্যায়ন করে।

    নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

  • বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

    বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

    জেভি২৪ ডেস্ক 

    জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

    বৃহস্পতিবার (১৮ জুন) বিরোধীদলীয় নেতার সংসদ ভবনস্থ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এসময় তার সঙ্গে ছিলেন পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাংগাল।

    বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-২-এর সহকারী পরিচালক মুহা. শফিউল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    বৈঠক ইমরান হায়দার জানান, তারা বাংলাদেশের সঙ্গে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে চান। বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক সাম্প্রতিক সময়ে ইতিবাচক ধারায় অগ্রসর হচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বেড়েছে। সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের একাধিক সফর অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বাংলাদেশের শিক্ষাবিদদের একটি প্রতিনিধিদল পাকিস্তান সফর করেছে এবং পাকিস্তানের শিক্ষা কাঠামো দেখে সন্তোষ প্রকাশ করেছে।

    বৈঠকে গত মাসে ঢাকায় অনুষ্ঠিত শিক্ষামেলার সাফল্য সম্পর্কেও বিরোধীদলীয় নেতাকে হাইকমিশনারের পক্ষ থেকে অবহিত করা হয়।

    হাইকমিশনার জানান, পাকিস্তান আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে বাংলাদেশের ৫০০ জন ছাত্রছাত্রীকে স্কলারশিপ প্রদান করবে। ইতোমধ্যে ৭৪ জন পাকিস্তানে গমন করেছেন। আগামীতে দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আরও বেশি মেধা বিনিময়ের লক্ষ্য নিয়ে কাজ চলমান রয়েছে। চলমান ‘নলেজ করিডোর’ প্রকল্প সামনের দিনগুলোতে আরও সংহত করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়।

    এ ছাড়াও একটি সংসদীয় গ্রুপ গঠন এবং সংসদীয় পর্যায়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানান হাইকমিশনার।

    আলোচনার একপর্যায়ে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি সম্পাদনে ঐতিহাসিক ভূমিকার জন্য বিরোধীদলীয় নেতা হাইকমিশনারের মাধ্যমে পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান।

    বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

  • সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

    সাংবাদিকদের প্রতি ইসলামী আন্দোলনের বিশেষ আহ্বান

    জেভি২৪ ডেস্ক 

    সংবাদ প্রকাশে ইসলামী আন্দোলন (আইএবি) বাংলাদেশের লোগো ব্যবহারের বিষয়ে সাংবাদিকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ বিভাগ। সোমবার (১৫ জুন) গণমাধ্যমের উদ্দেশে পাঠানো এক বার্তায় আইএবির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এ আহ্বান জানান।

    তিনি বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামীসহ একটি নির্বাচনী সমঝোতা হয়েছিল। সেই সমঝোতা যখন ১১ দলীয় ঐক্যে রূপ নেয়, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই এগারো দলীয় ঐক্যে ছিল না। ততদিনে সমঝোতা ভেঙ্গে গেছে। এটা সংবাদকর্মী হিসেবে আপনারা সবাই জানেন।’

    ‘কিন্তু দুঃখজনক বিষয় হলো, এখনো এগারো দলীয় কোনো কোনো সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার করা হচ্ছে। এতে জনসাধারণ বিভ্রান্ত হচ্ছে। আপনার প্রতিষ্ঠানের সুনামহানী হচ্ছে।’

    শেখ ফজলুল করীম মারুফ সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘১১ দলীয় ঐক্য সম্পর্কিত কোনো সংবাদে দয়া করে ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো ব্যবহার করবেন না।’

    তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সঠিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের স্বার্থে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

  • এনসিপির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটিতে জায়গা পেলেন ৬ নেতা

    এনসিপির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটিতে জায়গা পেলেন ৬ নেতা

    জেভি২৪ ডেস্ক 

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদে (পলিটিকাল কাউন্সিল-পিসি) নতুন করে যুক্ত হলেন ছয়জন নেতা। এনিয়ে এই কমিটির সদস্য সংখ্যা ১৮ জনে গিয়ে ঠেকল। পিসি কমিটিকে দলটির কেন্দ্রীয় কমিটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

    নতুন পিসি সদস্য হয়েছেন যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন সিএফ, যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত এবং যুগ্ম মুখ্য সংগঠক ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

    বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে উক্ত ছয় কেন্দ্রীয় সদস্য রাজনৈতিক পর্ষদে যুক্ত হলেন।

    সম্প্রতি দুই সংসদ সদস্য যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ ও যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে পিসিতে অন্তর্ভুক্ত করা হয়। তাদের আগে যে ১০ জন পিসি সদস্য ছিলেন তারা হলেন আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরান্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণান্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

  • আওয়ামী লীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে?

    আওয়ামী লীগ নেতাদের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে?

    জেভি২৪ ডেস্ক 

    জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন বা ইসি। এই নির্বাচন আয়োজনে নির্বাচনী বিধিমালায়ও কিছু পরিবর্তন আনা হচ্ছে। বুধবার সেই বিধিমালা চূড়ান্ত করা হয়েছে বলেও জানিয়েছে ইসি।

    দলীয় প্রতীক ছাড়া এই নির্বাচন আয়োজনে ইসির পক্ষ থেকে যে বিধিমালা চূড়ান্ত করা হয়েছে, সেখানে প্রার্থী হওয়ার যোগ্য হলে যে কেউ অংশ নিতে পারবে এই নির্বাচনে।

    এই বিধিমালা পাশ হলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীসহ যে কোন দলের কর্মী সমর্থকরা অংশ নিতে পারবে নির্বাচনে।

    এই বিধিমালা প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, কোনো দল বাদ দেওয়ার মতো কোনো বিধান আচরণবিধিতে রাখা হয়নি। প্রার্থী হওয়ার যোগ্য যে কেউ অংশ নিতে পারবেন নির্বাচনে।

    ইসি কর্মকর্তারা জানিয়েছেন, নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সংসদে আইন পাশের পর প্রথমেই ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালায় পরিবর্তন আনতে বেশ কিছু নতুন প্রস্তাবনা আনা হয়েছিল।

    সেখানে সম্ভাব্য প্রার্থীদের নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা নেই, এই মর্মে ইসির তৈরি করা অঙ্গীকারনামায় স্বাক্ষর দেওয়ার বিধানও প্রস্তাবনায় রাখা হয়েছিল।

    নির্বাচন কমিশন জানিয়েছে, ইউনিয়ন পরিষদের পর পৌরসভা, উপজেলা, সিটি করপোরেশন নির্বাচনেরও বিধিমালা চূড়ান্ত করা হবে নতুন আইন অনুযায়ী। সেক্ষেত্রে প্রার্থী হওয়ার যোগ্যতায় একই বিধান বহাল রাখা হবে।

    প্রসঙ্গত, মঙ্গলবার এ নিয়ে সচিবালয়ে একটি ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, আগামী স্থানীয় সরকার নির্বাচনে শর্ত মানলে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা-কর্মীরা অংশ নিতে পারবেন।

    সূত্রঃ বিবিসি বাংলা 

  • এনসিপির ৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা

    এনসিপির ৮ লাখ ৫২ হাজার কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা

    জেভি২৪ ডেস্ক 

    জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট ঘোষণা করেছে। জনকল্যাণ বৃদ্ধি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে টেকসই অর্থনৈতিক কাঠামো গড়ে তোলাই এ বাজেটের মূল লক্ষ্য বলছে দলটি। 

    শুক্রবার (০৫ জুন) রাজধানীর বাংলামোটরে আয়োজিত সংবাদ সম্মেলন এনসিপির ছায়া বাজেট কমিটির প্রধান ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এবং উপপ্রধান আবদুল্লাহ আল ফয়সাল ছায়া বাজেট উপস্থাপন করেন।

    ছায়া বাজেটে দলটি সাধারণ করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ ৫০ হাজার টাকা, নারী ও প্রবীণদের জন্য ৪ লাখ ৭৫ হাজার টাকা এবং প্রতিবন্ধীদের জন্য ৫ লাখ টাকা করার কথা বলেছে। শিক্ষা ও প্রযুক্তি খাতে ১ লাখ ২৪ হাজার ৪২৫ কোটি টাকা বরাদ্দ, সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচি, ৫ হাজার কোটি টাকার শিক্ষক মানোন্নয়ন তহবিল এবং ৫ হাজার স্কুল জাতীয়করণ করার পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এ ছাড়া পাঁচ বছরে ১ কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টি করতে এসএমই ঋণ, যুব উদ্যোক্তা তহবিল এবং ডিজিটাল প্রশিক্ষণ কর্মসূচির উল্লেখ করা হয়।

    স্বাস্থ্য খাতে ২৫ শতাংশ বাজেট বৃদ্ধি করে ৫২ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ব্যাংক খাত সংস্কারে খেলাপি ঋণগ্রহীতাদের বিরুদ্ধে কঠোর আইন, রাষ্ট্রীয় ‘ব্যাড ব্যাংক’ গঠন, সব তফসিলি ব্যাংকের প্রকৃত আর্থিক অবস্থার প্রতিবেদন প্রকাশ এবং পুঁজিবাজারের আকার জিডিপির ৪০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। কৃষি খাতে আধুনিক শস্য বিক্রয়কেন্দ্র, সরাসরি কৃষকের অ্যাকাউন্টে সার ভর্তুকি প্রদান এবং ফসল সংরক্ষণ অবকাঠামো সম্প্রসারণের প্রস্তাব দেওয়া হয়েছে। পরিচ্ছন্ন জ্বালানি ও পরিবেশ খাতে এনসিপি ‘সোলার এনার্জি সোভারেনটি অ্যাক্ট’ প্রণয়নের প্রস্তাব দিয়েছে। ৬ হাজার কোটি টাকার নবায়নযোগ্য জ্বালানি কর্মসূচির মাধ্যমে এক বছরে ২ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন, ৩ হাজার অফ-গ্রিড গ্রামে সৌর মিনি-গ্রিড স্থাপন এবং ৫০ হাজার ডিজেলচালিত সেচপাম্পকে সৌরশক্তিতে রূপান্তরের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। নারী ও যুব উন্নয়নে ৫ হাজার কোটি টাকার নারী উদ্যোক্তা তহবিল, স্যানিটারি ন্যাপকিনে শূন্য ভ্যাট, ছয় মাসের বেতনসহ মাতৃত্বকালীন ছুটি এবং এক মাসের পিতৃত্বকালীন ছুটির প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও পুরোহিতদের সরকারি বেতন কাঠামোর আওতায় আনার কথাও বলা হয়েছে।

    এ ছাড়া প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি, দেশীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি উন্নয়ন, সরকারি ব্যয়ের রিয়েল-টাইম ট্র্যাকিং পোর্টাল চালু, গোপন সম্পদের ওপর বিশেষ কর এবং একটি স্বাধীন বাজেট অফিস প্রতিষ্ঠার প্রস্তাবও ছায়া বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে

    ছায়া বাজেট নিয়ে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা একটি বৈষম্যহীন ও সমতাভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করতে চাই। রাষ্ট্র ও জনগণের মধ্যে আস্থার সম্পর্ককে আরও শক্তিশালী করতে চাই। আমরা যেমন ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে অঙ্গীকারবদ্ধ, তেমনি উৎপাদকদের স্বার্থ রক্ষাতেও প্রতিশ্রুতিবদ্ধ।

  • তোফায়েল আহমেদ মারা গেছেন

    তোফায়েল আহমেদ মারা গেছেন

    জেভি২৪ ডেস্ক 

    সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন।

    সোমবার (১ জুন) বিকেলে সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

    তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ।

    প্রবীন এ রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে প্যারালাইজডসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন। সে দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অবশ্য পরবর্তীতে চিকিৎসকরা বিষয়টি নাকচ করে এ বিষয়ে ব্যাখ্যা দেন।

     

  • দেশকে এগিয়ে নেওয়াই বিএনপির কাজ: সাংসদ লুৎফুর রহমান কাজল

    দেশকে এগিয়ে নেওয়াই বিএনপির কাজ: সাংসদ লুৎফুর রহমান কাজল

     

    কক্সবাজার প্রতিনিধি 

    কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল বলেছেন, দেশের যেকোনো সংকট মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়াই বিএনপির রাজনীতি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে সম্মুখযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং স্বল্প সময়ে রাষ্ট্র ক্ষমতায় থেকে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠাসহ দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে বের করে একটি স্বয়ংসম্পূর্ণ রাষ্ট্র গঠনে অনন্য ভূমিকা রেখেছেন।

    তিনি বলেন, “শহীদ জিয়ার আদর্শ থেকে দল কিংবা দলের কোনো নেতাকর্মীকে বিচ্যুত হতে দেওয়া যাবে না।”
    রবিবার বিকেলে রামু উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় বাকখালী মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    লুৎফুর রহমান কাজল বলেন, দেশের ইতিহাসে যতবার সংকট সৃষ্টি হয়েছে, ততবারই বিএনপি তা মোকাবিলা করে দেশকে এগিয়ে নিয়েছে। তিনি নেতাকর্মীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দলকে ব্যবহার করে মাদক ব্যবসা, গরু চোরাচালানসহ কোনো অবৈধ কর্মকাণ্ড করলে দল তার দায় নেবে না। মন্ত্রী-এমপির নাম ব্যবহার করে অপকর্ম করার অধিকার কাউকে দেওয়া হয়নি।

    তিনি আরও বলেন, দলীয় নেতাকর্মীদের ঐক্যের কারণেই জাতীয় নির্বাচনে বিজয় এসেছে। আগামী উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ বিএনপির রাজনৈতিক কৌশলের কাছে অন্য কোনো দল টিকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

    উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব আবুল বশর বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আক্তারুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফোরকান আহমদ ও শেখ আবদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সহসভাপতি শহিদুল্লাহ সিকদার, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জামান শাহীন, মেরাজ আহমেদ মাহিন চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক ও রামু প্রেস ক্লাব সভাপতি এম আবদুল্লাহ আল মামুন, সাবেক দপ্তর সম্পাদক আবুল কাসেম, বিএনপি নেতা এস এম ফরিদুল আলম, লিয়াকত আলী খান, গোলাম কবির সওদাগর, আবদুর রহিম, ফয়সাল কাদের, আবদুল আলিম, ছৈয়দ আলম, মহিব্বুল্লাহ, মুসলেহ উদ্দীন, ডা. ইব্রাহীম বাবুল, শাহনুর উদ্দীন বাবু, জয়নাল আবেদীন, আনছারুল হক, উপজেলা যুবদল সভাপতি জহির আলম, সদস্য সচিব তৌহিদুল ইসলাম, শ্রমিক দল সভাপতি জাহিদুল আলমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা ছানাউল্লাহ।