রাজশাহী সিটি কলেজে ছাত্রদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ, সড়ক অবরোধ ও বিক্ষোভ

রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেলে কলেজ ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নবঘোষিত আংশিক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা সড়কের পাশে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ চলাকালে নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভকারী নেতাকর্মীদের অভিযোগ, নবগঠিত আংশিক কমিটিতে টিকটকার, চাঁদাবাজ ও মাদকসেবীদের স্থান দেওয়া হয়েছে। তারা এ কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে দাবি করেন, অর্থের বিনিময়ে কমিটি ঘোষণা করা হয়েছে। তাদের ভাষ্য, ত্যাগী ও যোগ্য কর্মীদের মূল্যায়ন না করে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিক্ষোভকারীরা আরও জানান, বর্তমান কমিটি বাতিল করে ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের ৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন