হলিউডে ‘গাস ফ্রিং’ খ্যাত জনপ্রিয় অভিনেতা জিয়ানকার্লো এসপোসিতোর সৌদি আরবে অবস্থানকালে ইসলাম গ্রহণ করেছেন। তথ্যটি নিশ্চিত করেছেন- সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান তুর্কি আল-শেখ।
দীর্ঘদিন ধরে হলিউড চলচ্চিত্রে দাপটের সাথে কাজ করা এই অভিনেতা মূলত ‘ব্রেকিং ব্যাড’ সিরিজে মাদক সম্রাট ‘গাস ফ্রিং’ চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়। এছাড়া ‘বেটার কল সল’ এবং ‘দ্য ম্যান্ডালোরিয়ান’-এর মতো বিখ্যাত প্রজেক্টেও তার অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে।
তুর্কি আল-শেখের দেওয়া তথ্য অনুযায়ী, সম্প্রতি সৌদি আরবে একটি চলচ্চিত্র প্রোডাকশনের শুটিং চলাকালে জিয়ানকার্লো ইসলামের প্রতি আকৃষ্ট হন। স্থানীয় মুসলিমদের আতিথেয়তা ও তাদের ধর্মীয় জীবনযাত্রা তাকে গভীরভাবে প্রভাবিত করে।
এরই ফলশ্রুতিতে তিনি ইসলামের মূল বাণী ‘শাহাদা’ পাঠ করে মুসলিম হওয়ার সিদ্ধান্ত নেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে শুটিং টিমের সদস্যদের সাথে মসজিদে নামাজ আদায় করতেও দেখা গেছে।
সৌদি আরব বর্তমানে তাদের ভিশন বাস্তবায়নের অংশ হিসেবে বিনোদন ও চলচ্চিত্র শিল্পকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাচ্ছে। ‘সেভেন ডগস’ সহ বেশ কিছু বড় বাজেটের আন্তর্জাতিক প্রজেক্টের শুটিং এখন দেশটিতে চলছে, যেখানে বিশ্বমানের তারকারা অংশ নিচ্ছেন।
শুটিংয়ের এই ব্যস্ততার মাঝেই মুসলিম সংস্কৃতির সাথে সরাসরি সংযোগ এবং এখানকার শান্তিপূর্ণ পরিবেশই হলিউডের এই গুণী তারকাকে জীবনের একটি নতুন অধ্যায় বেছে নিতে অনুপ্রাণিত করেছে বলে ধারণা করা হচ্ছে।

