ফরিদপুরের নগরকান্দায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে “মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০” বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন নদী ও জলাশয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে জব্দ করা চায়না দুয়ারি জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। নিষিদ্ধ জাল ব্যবহার ও অবৈধভাবে মাছ আহরণকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার বলেন, দেশীয় মাছ ও টেকসই মৎস্যসম্পদ রক্ষায় জেলেদের আইন মেনে মাছ আহরণ এবং নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

