বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট আইনজীবী, মানবাধিকারকর্মী ও সমাজসেবক ব্যারিস্টার মো. আব্দুস সালাম। যোগদানের তারিখ থেকে আগামী তিন বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন।
শনিবার (২০ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আদেশ, ১৯৭৩-এর ১০(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ও সোসাইটির প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। রোববার (২১ জুন) জাতীয় সদর দপ্তরে তার দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।
সিলেটে জন্মগ্রহণকারী ব্যারিস্টার আব্দুস সালাম লন্ডনের লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। এছাড়া তিনি ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন থেকে এলএলবি ও এলএলএম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি আইন পেশা, মানবাধিকার, সুশাসন ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং দলটির চেয়ারম্যানের মানবাধিকারবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

