গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গাইবান্ধার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ জুন) গাইবান্ধা সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির একটি আভিযানিক দল। এ সময় সদর উপজেলার ১০ নং ঘাগোয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের উত্তর ঘাগুয়া সরকারপাড়া গ্রামের বাসিন্দা মোঃ শাকিল মিয়া (২০), পিতা- মৃত সাদ মিয়াকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, ধৃত আসামীর পরিহিত প্যান্টের ডান পকেট তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো এক পুঁটলিতে থাকা কমলা রঙের ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মামলা নং-৪৩, তারিখ ১৮ জুন ২০২৬ দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক), ৩৬(৫) ও ৪১ ধারায় রুজু করা হয়েছে।
গাইবান্ধা জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

