গোপালগঞ্জে আগামী ২৮ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। এ কর্মসূচির আওতায় জেলার ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ১ লাখ ৭৬ হাজার ৫৬০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শিশুদের অপুষ্টিজনিত ঝুঁকি কমানো ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ কার্যক্রম গ্রহণ করেছে স্বাস্থ্য বিভাগ।
রোববার (২১ জুন) বিকেলে গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক।
তিনি বলেন, জেলার পাঁচটি উপজেলায় মোট ১ হাজার ৬৮৪টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে।
সিভিল সার্জন আরও বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টিজনিত বিভিন্ন জটিলতা ও মৃত্যুঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জেলার কোনো শিশু যেন এ কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি ক্যাম্পেইনের সার্বিক সফলতা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন এবং শিশুদের নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো. কাজী হুমায়ূন রশিদ, মেডিকেল অফিসার ডা. দিবাকর বিশ্বাসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা ও ইলেকট্রনিক মিডিয়ার সভাপতি আজিজুর রহমান রনি, গোপালগঞ্জ সাংবাদিক ক্লাবের সভাপতি শেখ মোস্তফা জামান ও সাধারণ সম্পাদক এম রহমান মাহমুদ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জাতীয় এ কর্মসূচির মাধ্যমে জেলার প্রতিটি শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বক্তারা বলেন আজকের শিশু আগামী দিনের আশার আলো। আমরা নিজে সচেতন হই, অন্যকে সচেতন করি। সুন্দর বাংলাদেশ গড়তে আমরা সকলে যার যার স্হান থেকে সকলকে সচেতন করবো। ইনশাআল্লাহ!

