কুমিল্লায় অরক্ষিত ড্রেন কেড়ে নিল শিশুর প্রাণ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

কুমিল্লা নগরীতে ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে খোলা ড্রেনে পড়ে স্মৃতি (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২১ জুন) রাত ৯টার দিকে নগরীর ছোটরা পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত স্মৃতি কালিয়াজুড়ি বদরপুর এলাকার বাসিন্দা বিল্লাল হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মায়ের সঙ্গে ফুটপাত দিয়ে যাওয়ার সময় হঠাৎ মায়ের হাত থেকে ছিটকে পড়ে যায় স্মৃতি। তখন সড়কের ওপর জমে থাকা পানির নিচে ড্রেনের ভাঙা স্ল্যাবের ফাঁক দেখা যাচ্ছিল না। মুহূর্তেই শিশুটি খোলা ড্রেনে তলিয়ে যায়।

শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। প্রায় ১০ থেকে ১৫ মিনিটের চেষ্টার পর কিছুটা সামনে ড্রেনের ভেতরে আটকে থাকা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হন স্থানীয়রা।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় ড্রেন পরিষ্কার ও সংস্কারের কাজ চলছিল। কয়েকটি স্থানে ড্রেনের ঢাকনা খোলা ছিল এবং অনেক স্ল্যাব ভাঙা অবস্থায় পড়ে ছিল। টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এসব ঝুঁকিপূর্ণ স্থান পানির নিচে ঢেকে যায়, ফলে পথচারীরা বিপদের বিষয়টি বুঝতে পারেননি।

এলাকাবাসী জানান, নগরীর বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেনের স্ল্যাব ভাঙা ও খোলা অবস্থায় রয়েছে। যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এসব ড্রেন এখন কার্যত ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। শিশুটির মৃত্যুর পর ক্ষোভ প্রকাশ করে দ্রুত ঝুঁকিপূর্ণ ড্রেন সংস্কার এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “ঘটনাস্থলে পুলিশের টিম গেছে। এটি একটি দুর্ঘটনা।”

আরও পড়ুন