বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়ায় পারিবারিক সম্পত্তি নিয়ে চলমান আদালতের মামলার মধ্যে ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্মাণকাজ বন্ধ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন মোছা. পিয়ারা খাতুন (৩৫)।
অভিযোগে তিনি উল্লেখ করেন, তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলমান রয়েছে। মামলাটিতে আদালত থেকে এখনো কোনো চূড়ান্ত রায় দেওয়া হয়নি এবং সম্পত্তির ওপর ইনজাংশন (নিষেধাজ্ঞা) বলবৎ রয়েছে। এ অবস্থায় বিবাদীপক্ষ পুরাতন বাড়ি ভেঙে ১০ তলা ভবন নির্মাণকাজ শুরু করেছে বলে অভিযোগ করা হয়।
লিখিত অভিযোগে আরও বলা হয়, আদালতের নির্দেশনা বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বিবাদীপক্ষ নির্মাণকাজ অব্যাহত রেখেছে বলে দাবি করেন অভিযোগকারী।
অভিযোগে বিবাদী হিসেবে মো. রমজান আলী, মো. আ. খালেক পাইকাড় ও মো. আপেল পাইকাড়ের নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপারের কাছে দেওয়া অভিযোগে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখতে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।
উল্লেখ্য, অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে সংশ্লিষ্ট বিবাদীপক্ষের বক্তব্যএ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

