কক্সবাজারের মহেশখালী উপজেলায় কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও খেলাধুলার উপকরণ বিতরণ এবং অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মহেশখালীর মুদির ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়।
একই দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ৬৯২ জন অসহায়, দরিদ্র, দুঃস্থ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তারা নিয়মিত জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

