সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, ভোগান্তিতে নিউটন প্রিপারেটরি স্কুলের শিক্ষার্থী ও পথচারীরা

গাইবান্ধা সদর উপজেলার নারায়ণপুর এলাকার সুখনগর ৭ নম্বর গোডাউনের পূর্ব পাশে নিউটন প্রিপারেটরি স্কুল সংলগ্ন সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হয় না। ফলে অল্প সময়ের বৃষ্টিতেই সড়কে হাঁটুসমান পানি জমে যায়। এতে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সমস্যাটি বিদ্যমান থাকলেও স্থায়ী সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিদিন শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই সড়ক ব্যবহার করলেও জলাবদ্ধতার কারণে তাদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

এলাকাবাসীর দাবি, দ্রুত পানি নিষ্কাশনের জন্য বাইপাস ড্রেন নির্মাণ অথবা বিদ্যমান ড্রেন পরিষ্কার ও সংস্কারের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে তারা গাইবান্ধা পৌরসভা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন হয় এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হয়।

আরও পড়ুন