সোনাতলার আগুনিয়াতাইড় গ্রামে হামলার অভিযোগে মানববন্ধন ও ঝাড়ু মিছিল

বগুড়ার সোনাতলা উপজেলার আগুনিয়াতাইড় গ্রামে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে শনিবার (৪ জুলাই) আগুনিয়াতাইড় গ্রামবাসী ও সোনাতলা ভ্যান শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ জুলাই মোটরসাইকেলের সাইড দেওয়া নিয়ে তৌকির নামে এক যুবকের সঙ্গে অর্নব নামের অপর এক যুবকের বিরোধের সূত্রপাত হয়। এ সময় তৌকিরকে মারধরের অভিযোগ ওঠে।

পরদিন ৩ জুলাই, বিষয়টি মীমাংসার জন্য তৌকির তার অভিভাবকদের সঙ্গে কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। অভিযোগ রয়েছে, পরে অর্নব কয়েকজনকে সঙ্গে নিয়ে তৌকিরকে জোরপূর্বক নিয়ে যেতে চাইলে আগুনিয়াতাইড় গ্রামের স্থানীয় লোকজন এতে বাধা দেন এবং তাকে নিয়ে যেতে দেননি।

এরপর অভিযোগ অনুযায়ী, অর্নব আরও লোকজন নিয়ে লাঠিসোঁটা, হকিস্টিক ও ধারালো অস্ত্রসহ আগুনিয়াতাইড় গ্রামে হামলা চালায়। স্থানীয়দের দাবি, ওই দলে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, মুঞ্জু এবং ছাত্রলীগ নেতা সিজারসহ আরও কয়েকজন ছিলেন।

হামলার সময় সোনাতলা ভ্যান শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল বারীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার বোন, স্ত্রীসহ আরও কয়েকজন আহত হন। পাশাপাশি হামলাকারীরা অকথ্য ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

এ ঘটনার প্রতিবাদে ৪ জুলাই আগুনিয়াতাইড় গ্রামবাসী ও সোনাতলা ভ্যান শ্রমিক কল্যাণ সমিতির উদ্যোগে মানববন্ধন ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, কর্মসূচি শুরুর আগে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলেও স্থানীয়রা সেই বাধা উপেক্ষা করে মানববন্ধন ও ঝাড়ু মিছিল পালন করেন। এ সময় বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুন