ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ফাতেমা বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার পৌরসভার কাপুড়িয়া সদরদী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফাতেমা বেগম ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা এলাকার বাসিন্দা। তিনি কাপুড়িয়া সদরদী গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি কাপুড়িয়া সদরদী এলাকা অতিক্রম করার সময় ফাতেমা বেগম ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, “ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

