টানা কয়েক দিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব মুক্তারকুল এলাকার বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেছে ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৩ জুলাই) ঝিলংজা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আয়োজিত এ কার্যক্রমে প্রায় ৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বিজিবি জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় বন্যাদুর্গত মানুষের জন্য তাদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবি শুরু থেকেই বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে। আমাদের সামর্থ্য অনুযায়ী এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে এবং প্রয়োজন অনুযায়ী আরও ত্রাণ বিতরণ করা হবে।”
ত্রাণ পেয়ে এক উপকারভোগী বলেন, “গত ছয় দিন ধরে আমরা খাবারের সংকটে ছিলাম। বিজিবির দেওয়া এই সহায়তা আমাদের দুর্ভোগ কিছুটা হলেও কমাবে।”
স্থানীয়দের মতে, বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক পরিবার এখনো মানবিক সহায়তার অপেক্ষায় রয়েছে। এ অবস্থায় সরকারি ও বেসরকারি সংস্থার পাশাপাশি বিজিবির এই মানবিক উদ্যোগ দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

