কক্সবাজারে বন্যাদুর্গতদের পাশে সরকার, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

টানা কয়েক দিনের অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের বিভিন্ন উপজেলার মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। দুর্গত এলাকার পরিস্থিতি পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করতে মঙ্গলবার কক্সবাজার সফর করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সফরকালে তিনি কক্সবাজার সদর উপজেলার ঝিলংঝা ইউনিয়নের চান্দেরপাড়া, চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বুড়ির দোকান ও পহর চাঁদা এলাকা, পেকুয়া উপজেলার নন্দীরপাড়, পূর্ব মগনামা এবং টইটং ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণ শেষে প্রতিমন্ত্রী বলেন, বন্যাদুর্গত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং পর্যায়ক্রমে আরও ত্রাণ সহায়তা দেওয়া হবে। তিনি আরও জানান, বন্যাকবলিত এলাকায় কার্যক্রম পরিচালনাকারী ক্ষুদ্রঋণ প্রদানকারী এনজিওগুলোর ঋণের কিস্তি আদায় সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়েও সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে।

এ সময় কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুতফর রহমান কাজল, চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার, কক্সবাজারের জেলা প্রশাসক, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, কক্সবাজারের পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বন্যাদুর্গত মানুষের খাদ্য, আশ্রয় ও অন্যান্য জরুরি সহায়তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যক্রম অব্যাহত রয়েছে। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সরকারি সংস্থা সমন্বিতভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কাজ করছে।

আরও পড়ুন