বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে অগ্রযাত্রা। সংগঠনটির নিজস্ব অর্থায়নে শনিবার (১৮ জুলাই) কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিষদ মাঠে ২০০টি বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা ক্ষতিগ্রস্ত পরিবারগুলো উপজেলা পরিষদ মাঠে জড়ো হন। পরে সংগঠনের স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় সুশৃঙ্খলভাবে তাদের হাতে ১০ ধরনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান নির্বাহী নীলিমা আক্তার চৌধুরী, পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন, সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংগঠনের প্রধান নির্বাহী নীলিমা আক্তার চৌধুরী বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বন্যার কারণে অনেক পরিবার খাদ্যসংকট ও নানা দুর্ভোগের মধ্যে রয়েছে। আমরা সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। আমি সমাজের বিত্তবান ব্যক্তি, দাতা সংস্থা ও মানবিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানাই, তারা যেন বন্যাদুর্গত মানুষের সহায়তায় আরও এগিয়ে আসেন।”
সংগঠনের পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, “অগ্রযাত্রা সবসময় মানবিক কাজে বিশ্বাস করে। তাই সংগঠনের নিজস্ব অর্থায়নে এই ত্রাণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে মানুষের পাশে থেকে কাজ করে যাবে অগ্রযাত্রা।”
ত্রাণ নিতে আসা এক নারী উপকারভোগী বলেন, “বন্যার কারণে আমাদের ঘরে আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। এই সহায়তা আমাদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে। যারা আমাদের কথা ভেবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।”
আয়োজকরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রয়োজন বিবেচনায় রেখে অগ্রযাত্রার মানবিক সহায়তা কার্যক্রম আগামী দিনেও অব্যাহত থাকবে।

