ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঝুঁকিতে থাকা সয়তানখালী ঘাট ও চন্দ্রপাড়া ঘাট এলাকা পরিদর্শন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। রোববার তিনি ভাঙনকবলিত এলাকা ঘুরে দেখে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগ, ক্ষয়ক্ষতি ও ভবিষ্যৎ ঝুঁকির বিষয়ে খোঁজ নেন।
পরিদর্শন শেষে সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, নদীভাঙন রোধে স্বল্পমেয়াদি নয়, টেকসই ও স্থায়ী সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপত্তা ও জনদুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের আন্তরিকতার কথাও তিনি তুলে ধরেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর নদীভাঙনের কারণে বসতভিটা, কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান ও যোগাযোগব্যবস্থা হুমকির মুখে রয়েছে। ভাঙনের তীব্রতা বাড়তে থাকায় আতঙ্কে দিন কাটছে নদীতীরবর্তী মানুষের। তারা দ্রুত স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ এবং কার্যকর ভাঙনরোধী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় এমপি বাবুল স্থানীয়দের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে দ্রুত আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগ বাস্তবায়িত হলে নদীভাঙনের ঝুঁকি কমবে, রক্ষা পাবে জনপদ এবং স্বস্তি ফিরবে নদীতীরবর্তী মানুষের জীবনে।

